সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত ॥ আইসিইউতে আরেক শিক্ষক
নওগাঁ-রাজশাহী মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী শিব শংকর রায় (৫৮) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মো. আসাদুজ্জামান নামে আরও এক অধ্যাপক। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাতটার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অধ্যাপক শ্রী শিব শংকর রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনার সুজানগরে। অপর আহত অধ্যাপক মো. আসাদুজ্জামান দর্শন বিভাগের শিক্ষক। স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৭টার দিকে পবা উপজেলার নওহাটা এলাকায় আনসার ক্যাম্পের পাশে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় অজ্ঞাত এক গাড়ি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যান। সেখানে নেওয়ার পর জানা যায়, আহতরা হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শ্রী শিব শংকর রায় এবং দর্শন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান। এদের মধ্যে শিব শংকর রায় হাসপপাতালে আনার আগেই মারা গেছেন। অন্যজন আসাদুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন জানিয়েছেন, শিব শংকর রায় ও আসাদুজ্জামানের মাছ ধরার শখ ছিল। তারা খুব ভোরে আসাদুজ্জামানের একটি ভ্যাসপা মোটরবাইকে নওহাটার দিকে টিকিটে ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে মোটরবাইকের পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পান। তাদের ধারণা দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য রাজশাহী মেডিকেলের মর্গে রাখা হয়। দুপুরে মরদেহ গ্রামের বাড়ি পাবনার সুজানগর পাঠানো হয়েছে।

Leave a Reply