মাধবপুরে এক ভিক্ষুকের মৃত্যু ॥ ঘরে মিলল বস্তাভর্তি দুই লাখ টাকা

মাধবপুরে এক ভিক্ষুকের মৃত্যু ॥ ঘরে মিলল বস্তাভর্তি দুই লাখ টাকা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলাগাঁও গ্রামে এক ভিক্ষুকের মৃত্যুর পর তাঁর ঘর থেকে বস্তাভর্তি টাকা পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ভিক্ষুকের নাম নাসির মিয়া (৭০)। তিনি দীর্ঘদিন ধরে আশপাশের এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। সরল ও মিতব্যয়ী স্বভাবের কারণে তিনি ছিলেন সবার পরিচিত একজন সৎ মানুষ। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বার্ধক্যজনিত কারণে নাসির মিয়া মারা যান। পরদিন তাঁর পরিবার ঘর পরিষ্কার করতে গিয়ে (১০ অক্টোবর রাতে) একটি পুরোনো বস্তা দেখতে পায়। সন্দেহজনক মনে হলে বস্তাটি খুলে দেখা যায়, ভেতরে রয়েছে বিভিন্ন অঙ্কের নোটে ভর্তি টাকা। পরে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে টাকা গোনা হলে মোট দুই লাখ ২৪ হাজার টাকা পাওয়া যায়। কেউ কেউ ধারণা করছেন, নাসির মিয়া দীর্ঘদিন ভিক্ষা করে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন। আবার অনেকের মতে, তিনি কাউকে বিশ্বাস না করায় টাকাগুলো নিজের ঘরেই লুকিয়ে রেখেছিলেন। স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, ‘নাসির মিয়া ছিলেন খুব সৎ ও সরল মানুষ। কারও কাছ থেকে বাড়তি কিছু নিতেন না। ভাবতেই অবাক লাগে, এত টাকা তাঁর কাছে ছিল, অথচ কেউ জানত না।’
বহরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘ঘটনাটি সত্যি এবং পুরো গ্রামজুড়ে এখন আলোচনার বিষয় এটি। মৃত্যুর কিছুদিন আগেও তিনি আমার কাছে এসে বয়স্ক ভাতার জন্য আবেদন করেছিলেন।’ জানা গেছে, উদ্ধার করা টাকাগুলো এখন পরিবারের সদস্যদের হেফাজতেই রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *