নাটোরে ‘মোবাইল হ্যাকিং চক্রের’ ৯ জন গ্রেপ্তার

নাটোরে ‘মোবাইল হ্যাকিং চক্রের’ ৯ জন গ্রেপ্তার

নাটোরে মোবাইল হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাটোর জেলার লালপুর উপজেলার বিলমাড়িয়া ও দূরদুরিয়া এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৩৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে-লালপুরের পানসিপাড়া এলাকার নাজমুল হাসান ওরফে আশিক (২৪), এম ডি ওবায়দুর আলি ওরফে শান্ত (২৪), এখলাছ মণ্ডল (২৩), রাজু আহমেদ (২২), নাগশোষার মারুফ হোসেন (২৩), নওপাড়ার আরিফুল ইসলাম (৩০), মহারাজপুরের রাসেল আহমেদ (২০), নাগশোষার রুবেল সরদার (২৫) এবং পানসিপাড়ার মুন্না আহমেদ (১৯)। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, লালপুর এলাকায় মোবাইল, বিকাশ ও ইমো হ্যাকার চক্র বহুদিন যাবৎ তৎপর আছে। সেখানে অনেক লোকের কোনো পেশা নেই। তারা কখনও মেয়ে সেজে পুরুষদের সঙ্গে কথা বলে, ঘনিষ্ঠ বার্তা পাঠিয়ে ব্ল্যাকমেইল করে, পুলিশ-আর্মির পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এদের বিরুদ্ধে আগেও মামলা ছিল। এ সময় তিনি ভুক্তভোগীদের পরামর্শ দিয়ে বলেন, প্রতারণার যারা শিকার হন, তারা মামলা করতে চান না। মানুষ যেন এ ধরনের প্রতারণার শিকার হলে জিডি না করে মামলা করে। কারণ, মামলা না হলে বিষয়টি নিয়ে নিয়মিত কাজ হয় না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *