চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার বিকেলে জেলা সদর উপজেলার আমনুরা ইউনিয়নের কেন্দুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এফএইচ এসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ও বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনপ্রতিনিধি মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, এফএইচ এসোসিয়েশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জর্জ উইলিয়াম টুডু। এছাড়াও কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে। এজন্য ব্যক্তি, পরিবার ও সমাজকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে। সমন্বিত উদ্যোগই পারে বড় দুর্যোগকে ছোট করে আনতে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রুপলাল মুরমুসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও কমিউনিটির নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে র্যালী, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্যোগ প্রতিরোধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply