নওগাঁর ধামইরহাটে গরুবাহী ভুটভুটি উল্টে চালকসহ নিহত ২
নওগাঁর ধামইরহাট উপজেলায় বাইপাস সড়কে গরুবাহী একটি ভুটভুটি উল্টে চালকসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আড়ানগর গ্রামের মাসুদুর রহমান (মওলা) ও ভূট্টু।

তারা উভয়েই ভুটভুটিটির চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে দ্রুতগতিতে আসা ভুটভুটিটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভুটভুটিটির দুই চালক প্রাণ হারান।

ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুইজনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply