জুলাই গণহত্যা মামলার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা

জুলাই গণহত্যা মামলার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন নির্ধারণ ঘিরে এই সতর্কতা নেয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন। একইসঙ্গে আশপাশে স্থাপন করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। তল্লাশি ছাড়া জনসাধারণ ও সাংবাদিকদের ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জানা গেছে, রায়ের তারিখ ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলেন। রায়ের দিনকে কেন্দ্র করে কেউ যেন উসকানিমূলক কার্যকলাপ বা বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে, যাতে আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়। এদিন সকাল ১০টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *