চাঁপাইনবাবগঞ্জে ৮২০ কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ৮২০ কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকার আবারও প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ৮২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠান ঘিরে কৃষকদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার এসব উপকরণ তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

রবি ২০২৫-২৬ মৌসুমে রোরো ধান আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকারিভাবে প্রদত্ত এই প্রণোদনায় ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে দেওয়া হয়েছে ৫ কেজি করে উফশী ধানের বীজ। পাশাপাশি উৎপাদন খরচ কমাতে প্রতিজনকে আরও দেওয়া হয়েছে ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।
উপজেলায় হাইব্রিড ধানের আবাদ বাড়ানোর লক্ষ্যেও নেওয়া হয়েছে আলাদা উদ্যোগ। প্রণোদনার আওতায় ১২০ কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়, যা আগামী মৌসুমে উচ্চ ফলন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের লক্ষ্য শুধু বীজ ও সার দেওয়া নয়, বরং প্রযুক্তি ও আধুনিক পদ্ধতির মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানো। ইউএনও মো. আজাহার আলী বলেন, কৃষকদের প্রণোদনা প্রদান সরকারের চলমান কার্যক্রমের অংশ। এতে উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যয় কমবে এবং কৃষকদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া জানান,

রবি মৌসুমে ধানের উৎপাদন বাড়াতে এই প্রণোদনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে বীজ ও সার পাওয়ায় কৃষকরা আবাদে আরও উৎসাহিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বীজ ও সার হাতে পেয়ে কৃষকরা জানান, বর্তমান সময়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সরকারি সহায়তা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা আরও বলেন, প্রণোদনার এসব উপকরণ সময়মতো পাওয়ায় রবি মৌসুমের আবাদ শুরু করতে কোনো বাধা হবে না।
কৃষি বিভাগ জানায়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলায় এ প্রণোদনা বিতরণ করা হলো, যা আগামী মৌসুমে এলাকার সামগ্রিক ধান উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *