তারুণ্যের প্রাণশক্তি আর সুস্থ নেতৃত্বের প্রত্যয়ে দৌড়াল ৩২ কিলোমিটার

তারুণ্যের প্রাণশক্তি আর সুস্থ নেতৃত্বের প্রত্যয়ে দৌড়াল ৩২ কিলোমিটার

তারুণ্যের গতিকে সামনে রেখে আধুনিক ও মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ৩২ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ ম্যারাথনে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে আয়োজিত হলেও পুরো আয়োজনের নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম বুলবুল। তরুণ সমাজকে সুস্থ বিনোদন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির দিকে উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। ম্যারাথনের টাইটেল রাখা হয় ভিক্টর রান উইথ বুলবুল ফর চাঁপাইনবাবগঞ্জ’।
প্রায় ৬ হাজার মানুষ সকালের শীত উপেক্ষা করে দৌড়ে অংশ নেন। এতে ছাত্র-যুবক, ক্রীড়ামোদী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে এক অনন্য উদ্দীপনা সৃষ্টি করেন। দৌড়ের শুরু ও শেষপয়েন্টে ছিল উৎসাহ, স্লোগান ও আয়োজনের প্রতি সমর্থনের জোয়ার। অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই জানান,

এমন আয়োজন তরুণদের সুস্থ ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রাখতে বিশেষ ভূমিকা রাখবে।
আয়োজক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেন, আধুনিক, মানসম্মত ও মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়তে তরুণদের ভূমিকা অপরিহার্য। সুস্থ নেতৃত্ব গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। দেশ পরিচালনার জন্য শক্তিশালী,

নৈতিক ও দক্ষ নেতৃত্ব প্রয়োজন আর তাই তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের কর্মসূচি চালিয়ে যেতে চাই।
তিনি আরও জানান, ভবিষ্যতেও চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এ ধরনের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।
স্থানীয় ক্রীড়ামোদী ও অংশগ্রহণকারীরা বলেন, জেলার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত খুলে দিতে পারে এই উদ্যোগ। যদি নিয়মিতভাবে এমন ম্যারাথন ও ক্রীড়া প্রতিযোগিতা হয়, তবে তরুণ সমাজ মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *