কালিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ ব্যক্তিকে জরিমানা
নড়াইলের কালিয়ায় অবৈধভাবে ভূমি থেকে মাটি কাটার দায়ে ২ ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এবং দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, কালিয়া উপজেলার বাকাঁ এলাকার মোস্তাফিজুর রহমান ভুলুকে ৫০ হাজার টাকা এবং রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী পুলিশ ফোর্সসহ উপস্থিত ছিলেন। অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্টরা কোনো ধরনের অনুমতি ছাড়াই ভূমি থেকে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করছিলেন। এসময় অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply