ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ভাই-বোনসহ ৩জন নিহত

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ভাই-বোনসহ ৩জন নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গুরতর আহত হয়েছেন দুজন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, যশোর জেলার মনিরামপুর উপজেলার রহমতুল্লাহর মেয়ে রুকাইয়া আক্তার নীলা (৩২), ছেলে সাকিবুর রহমান নিশান (২৭) ও এবং রুকাইয়ার স্বামী মিজানুর রহমান (৪০)। তিনি যশোর জেলার বাবর আলীর ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক কৃষ্ণ দাস (৫৫)। তিনি যশোর জেলার সোনাডাঙ্গা থানার বিষ্ণু দাসের ছেলে। আহত অপরজনও অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন, তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। স্থানীয়দের বরাতে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, মিজানুর রহমান কিছুদিন আগে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে যশোর থেকে ঢাকায় যাচ্ছিলেন স্ত্রী এবং শ্যালক। পথে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী ট্রাকের সঙ্গে তাদের অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওসি হেলাল উদ্দিন বলেন, এ দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *