চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন দলের ১৬ প্রার্থী। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনে ৫ জন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। এর আগে উৎসবমূখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের কোন আসনেই নেই স্বতন্ত্রপ্রার্থী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয়পার্টির আফজাল হোসেন, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের মো. আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির মু. খুরশিদ আলম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল।
চাঁপাইবাবগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ, জামায়াতের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার আমীর মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মো. ফজলুর ইসলাম খাঁন, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম।

Leave a Reply