গোপালগঞ্জের শ্রমিক নেতা হত্যায় ৫ জনের মৃত্যুদন্ড

গোপালগঞ্জের শ্রমিক নেতা হত্যায় ৫ জনের মৃত্যুদন্ড

গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যার ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম বুধবার (২৮ জানুয়ারী) এ মামলার রায় ঘোষণা করেন। মামলার ২৩ আসামির মধ্যে ৫জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। এছাড়া, আসামিদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় হওয়ায় তাদের বিচার গোপালগঞ্জে শিশু আদালতে চলছে। আর এক আসামি বিচার চলাকালে মারা গেছেন। মৃত্যুদণ্ড দেয়া হয়েছে-বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। এর মধ্যে মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলীমুজ্জামান বিটু এবং প্রিন্স খাঁকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, আর যাবজ্জীবন দেয়া হয়েছে-ইকবাল খাঁ, টুটুল শেখ, রনি শেখ, আক্রাম আলী, হাবিল কাজী, বুলগান কাজী, সজিব শেখ, পনির শেখ, সিহাব শেখ, রাশেদ শেখ ওরফে রাশেদ খাঁ এবং শওকত শেখ। আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছে আদালত। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০১৬ সালে ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে বাসুকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল হামলাকারী। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর থানায় বাসুর ছোট ভাই জাসু শেখ মামলা করেন। ২০১৬ সালের ১২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা গোলাপগঞ্জ সদর থানার এসআই হযরত আলী ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *