বরেন্দ্র প্রকল্প চালু-খাল-বিল ও পদ্মা নদী খনন করতে চাই
একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে ॥ ক্ষমতায় গেলে পদ্মা ব্যারাজ বানাতে চাই-রাজশাহীতে তারেক রহমান
বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা নদীর ওপর উজানে ভারতের নির্মিত ফারাক্কা ব্যারাজের বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, পদ্মা নদীতে কোনো পানি নেই। বহু মানুষ থাকলেও কর্মসংস্থান নেই। আমরা বরেন্দ্র আঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু করতে চাই, খাল-বিল খনন করতে চাই, পদ্মা নদীকে খনন করতে চাই। পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চাই।

এছাড়া আমের জন্য হিমাগার তৈরি, আইটি পার্ককে সচল, ভোকেশনাল ইন্সটিটিউট গড়া, শিক্ষিতদের স্বাবলম্বী করা, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান, রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল তৈরি, কৃষককে কৃষি কার্ড, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ, বিশেষ সহায়তায় মিল-ফ্যাক্টরি গড়ে তোলার পাশাপাশি কৃষিনির্ভর শিল্পায়ন গড়ে তোলা হবে। তিনি বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা কোনো ঝগড়া, ফ্যাসাদ ও বিবাদের মধ্যে যেতে চাই না। সেজন্য আমরা সমালোচনা করছি না। সমালোচনা করে পেট ভরবে না। তারেক রহমান বলেন, বিগত সময়ে দেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। এবারও আরেকটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কীভাবে ভোটকে ক্ষতিগ্রস্ত করা যায়, ভোটকে বাধাগ্রস্ত করা যায়। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ ভোট বানচাল করতে না পারে।

তারেক রহমান বলেন, বিগত ১৬ বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, গায়েব নির্বাচন দেখেছি, দেশের মানুষ ভোট দিতে পারেননি। পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা চলে গেছে। তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, তার সঠিক ও সুষ্ঠু তদন্ত করুন। বিএনপির কোনো ভূমিকা থাকলেও আমরা সহাযোগিতা-সাহায্য করব।

কিন্তু সঠিক সুষ্ঠু তদন্ত হতে হবে। সেই অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করতে করতে হবে। কিন্তু সেটা সঠিক সুষ্ঠু-তদন্ত করতে হবে। উত্তরবঙ্গে ভোটের প্রচারে নামার আগে রাজশাহীতে শাহ মখদুমের (র.) মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় নগরীর দরগাহ পাড়ায় এ সুফি সাধকের মাজারে যান তিনি। জিয়ারতের পর তিনি পরিদর্শন বইয়ে সই করেন। এর আগে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান বিএনপির চেয়ারম্যান।

দুপুর ১টা ৫১ মিনিটে নগরের মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেন তিনি। এ বিশাল জনসভায় অংশ নেন, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের প্রার্থীরা। তারা হলেন- শরীফ উদ্দীন (রাজশাহী-১), মিজানুর রহমান মিনু (রাজশাহী-২), মোহাম্মদ শফিকুল হক মিলন (রাজশাহী-৩), ডি এম ডি জিয়াউর রহমান (রাজশাহী-৪), নজরুল ইসলাম, আবু সাইদ চাঁদ (রাজশাহী-৫); শাহ্জাহান মিঞা (চাঁপাইনবাবগঞ্জ-১), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩); ফারজানা শারমীন (নাটোর-১), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), আনোয়ারুল ইসলাম (নাটোর-৩) ও আব্দুল আজিজ (নাটোর-৪)। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ে ১২টার মধ্যে মাদরাসা মাঠ কানায় কানায় ভরে যায়। আশপাশের মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মী-সমর্থকরা সমাবেশে আসেন মিছিল নিয়ে।

মাদ্রাসা মাঠের সমাবেশ শেষ করে তারেক রহমান সড়ক পথে যান নওগাঁয়। বিকেল সাড়ে ৫টায় শহরের এটিম মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য বিএনপি চেয়ারম্যানের বক্তব্য দেন। এরপর রাত সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন তিনি।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারতের পর সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেদিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়নগঞ্জে ৭টি সমাবেশ করেন তিনি। এরপর গত রোববার চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান চালান বিএনপির চেয়ারম্যান। সেদিন চট্টগ্রামসহ ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পাঁচটি সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। মঙ্গলবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিভাগীয় জনসভা করেন তিনি।

তারেক রহমান সেদিন গাজীপুর ও ঢাকার উত্তরায় আরও দুটি সমাবেশে বক্তৃতা প্রদান করেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উত্তরাঞ্চলে তিন দিনের সফরের দ্বিতীয় দিন শুক্রবার যাবেন রংপুর। পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারতের পর সেদিন বিকালে রংপুর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর শনিবার দুপুরে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে এবং বিকেলে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় তার নির্বাচনি জনসভা রয়েছে। এ সফরকালে বিএনপি চেয়ারম্যান দুইদিন বগুড়ায় রাত্রিযাপন করবেন। দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জিয়াবাড়িতেও যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।
Leave a Reply