সোনামসজিদ বন্দর দিয়ে এলো ১১৮৮ টন ভারতীয় চাল
দীর্ঘ পৌনে দুই মাস বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। ২৪ জানুয়ারি শনিবার থেকে ২৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই বন্দর দিয়ে মোট ১ হাজার ১৮৮ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল বাংলাদেশে প্রবেশ করেছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান আমদানির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমদানির অনুমতি পাওয়ার পর থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) পর্যন্ত মোট ১ হাজার ১৮৮ মেট্রিক টন চাল বন্দরে এসেছে। সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির জানান, আমদানিকৃত এই চালের বাজারমূল্য সম্পর্কে ধারণা দিতে গিয়ে তিনি বলেন, “প্রকারভেদে এসব চালের প্রতি কেজিতে গড়ে আমদানি ব্যয় পড়ছে ৫০ থেকে ৭০ টাকা। উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বরের পর থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, ৩ ডিসেম্বর সর্বশেষ ৫৬৩.৭ মেট্রিক টন চাল এসেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর এই চাল আমদানির ফলে স্থানীয় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply