বাগাতিপাড়ায় ধানের শীষের নির্বাচনী অফিসে ভাঙচুর ॥ দোষীদের গ্রেপ্তারের দাবি

বাগাতিপাড়ায় ধানের শীষের নির্বাচনী অফিসে ভাঙচুর ॥ দোষীদের গ্রেপ্তারের দাবি

নাটোরের বাগাতিপাড়ায় ৫ নম্বর ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের মাধববাড়িয়ায় ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত নির্বাচনী অফিসে অনুপ্রবেশ করে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ধানের শীষ প্রতিকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের ছবি, আসবাবপত্র ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে। এতে নির্বাচনী কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি কাবির হোসেন কাঙ্গাল বলেন, “এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতেই বিরোধী শক্তি এ ধরনের ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।” ৮ নম্বর মাধব বাড়িয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান বলেন,

“নির্বাচনের মাঠে জনগণের সমর্থনে যখন ধানের শীষ এগিয়ে যাচ্ছে, তখনই প্রতিপক্ষ ভয় পেয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।” জাগুয়ার দিয়ার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম বলেন, “এই হামলা শুধু একটি অফিসে নয়, এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী, কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হব।” এফ রহমান ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক একান্ত বলেন, “ছাত্রসমাজ এ ধরনের হামলার বিরুদ্ধে সবসময় সোচ্চার। গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রয়োজনে রাজপথে নামতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।” ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রী মহল এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। আমরা ভয় পাই না। আইনগতভাবে এর বিচার চাই এবং জনগণই এর উপযুক্ত জবাব দেবে।” এ ঘটনায় এলাকাবাসী স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *