টাকাসহ আটক ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা অসুস্থ হয়ে সিসিইউতে

টাকাসহ আটক ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা অসুস্থ হয়ে সিসিইউতে

ঠাকুরগাঁও জেলার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানকার হৃদরোগ বিভাগের সিসিইউ-১ এ চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউ-১ এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন জানান, তাকে বুধবার বিকেলের দিকে ভর্তি করা হয়েছে। বেলাল উদ্দিন ঠাকুরগাঁও সদরের সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। পুলিশ জানায়, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে বেলা ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পরে গণনা করে সেখানে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। পুলিশ বলছে, এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বলেছেন, এই টাকাটি তার ব্যবসার কাজের। এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এদিকে, আটক হওয়ার পর অসুস্থ বোধ করলে বেলাল উদ্দিনকে অ্যাম্বুলেন্সে করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে রংপুরে স্থানান্তর করা হয়। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধান হার্ট অ্যাটাক করেছেন। উনার ব্লাড প্রেসার বেড়ে যাওয়ায় হার্ট বিট কমা-বাড়া করছে। উনাকে এই মুহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, “ইসিজি করা হয়েছে, সেখানে সমস্যা আছে। ইকোসহ ব্লাডের কিছু টেস্ট করা হয়েছে। রিপোর্ট আসলে বোঝা যাবে উনার সমস্যা কী পর্যায়ে। তিনি আশঙ্কামুক্ত নন। রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল বলেন, বেলাল উদ্দিন একজন বয়োবৃদ্ধ মানুষ। উনি রাজনীতির পাশাপাশি ব্যক্তিগতভাবে ব্যবসার সঙ্গে সম্পর্কিত। উনি কিছু টাকা-পয়সা নিয়ে ঢাকা থেকে আসছিলেন। যে টাকার কথা বলা হচ্ছে, যেটা প্রশাসন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়মকানুন মেনে, সেখানে এনডোর্সমেন্ট করেই নিয়ে আসছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটকিয়ে আজকে একটা অস্থিতিশীল পরিবেশ বা সুন্দর পরিবেশটাকে ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসন সেখানে অবহিত ছিল। কিন্তু একটা বিশেষ বিভাগ তাকে আটক করেছে এবং তার বিভিন্ন প্রহসন করার কারণে, বিভিন্নভাবে তাকে মানসিক টর্চারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আগে থেকেই তিনি শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত। হার্টের অসুস্থতার কারণে ডাক্তাররা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে এবং এই পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো আসলে বোঝা যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *