মান্দায় নির্বাচন পরবর্তী সহিংসতা ॥ দুর্বৃত্তদের আগুনে পুড়ল ফার্নিচারের দোকান

মান্দায় নির্বাচন পরবর্তী সহিংসতা ॥ দুর্বৃত্তদের আগুনে পুড়ল ফার্নিচারের দোকান

নওগাঁর মান্দা উপজেলায় নির্বাচন পরবর্তী প্রতিহিংসায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ঐ দোকানের ৩ লক্ষাধিক টাকার ফার্নিচার ভস্মীভূত হয়েছে। জানা গেছে, মান্দায় নির্বাচন পরবর্তী সময় ধানের শীষ ও দাঁড়িপাল্লায় ভোট দেওয়া ইস্যুকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে একটি ফার্নিচারের দোকান। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ঐ দোকান মালিক সাইদুর রহমান প্রামানিক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের আন্দারিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নির্বাচন পরবর্তী সময় ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া নিয়ে কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুর্বৃত্তরা গভীর রাতে সাইদুর রহমানের ফার্নিচারের দোকানে আগুন ধরিয়ে দেয়। আগুনে দোকানে থাকা প্রায় দুই লাখ টাকার কাঠ, তিনটি বক্স খাটের ফ্রেম এবং দোকানঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। স্থানীয় লোকজন বেশ কিছুক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মান্দা থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *