প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান ॥ ২৫ মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। এর আগে সকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারে শপথ নেন তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি)।

শপথের পর বৈঠকে বসেন তারা। এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের মন্ত্রিসভায় আজ প্রথম ধাপে ২৫ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণকারীদের মধ্যে দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি অভিজ্ঞ ও টেকনোক্র্যাট সদস্যরাও রয়েছেন। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর (এমপি), আমীর খসরু মাহমুদ চৌধুরী (এমপি), সালাহউদ্দিন আহমদ (এমপি), ইকবাল হাসান মাহমুদ (এমপি), হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (এমপি), আবু জাফর মো. জাহিদ হোসেন (এমপি), ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট- নিরাপত্তা উপদেষ্টা), আব্দুল আউয়াল মিন্টু (এমপি), কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (এমপি), মিজানুর রহমান মিনু (এমপি), নিতাই রায় চৌধুরী (এমপি), খন্দকার আব্দুল মুক্তাদীর (এমপি), আরিফুল হক চৌধুরী (এমপি), জহির উদ্দিন স্বপন (এমপি), মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা (এমপি), মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (এমপি), আসাদুল হাবিব দুলু (এমপি), মো. আসাদুজ্জামান (এমপি), জাকারিয়া তাহের (এমপি), দীপেন দেওয়ান (এমপি), আ ন ম এহছানুল হক মিলন (এমপি), সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম স্বপন, শেখ রবিউল আলম। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন সরকারের প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এর আগে একই স্থানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং প্রথম ধাপে ২৫ জন পূর্ণমন্ত্রী শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য ও অন্তর্র্বতীকালীন সরকারের প্রতিনিধিদের পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন-এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর (ভিপি নুর), ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং আমিনুল হক। নতুন এই মন্ত্রিসভার মাধ্যমে দেশে একটি অংশগ্রহণমূলক ও কার্যকর শাসনব্যবস্থা কায়েম হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত রাজনৈতিক বিশ্লেষকরা। শপথগ্রহণ শেষে প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার শপথ নেয়ার মধ্য দিয়ে বিএনপি দুই দশক পর আবার রাষ্ট্রক্ষমতায় ফিরল। রেওয়াজ ভেঙে বঙ্গভবনের বদলে এবারের শপথ অনুষ্ঠান হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

মঙ্গলবার বিকাল ৪টায় মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়। নিয়ম অনুযায়ী প্রথমে তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন ও গোপনীয়তার শপথ নেন। প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান। এরপর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পর্যায়ক্রমে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের সঙ্গী হচ্ছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তারেক তার নতুন সরকার সাজিয়েছেন ৪০ জন নতুন মুখ নিয়ে। তাদের মধ্যে বিএনপির জোটের শরিক দুই নেতাও রয়েছেন। অনেকেই প্রথমবার এমপি হয়েই সরকার পরিচালনার দায়িত্ব পেয়ে গেছেন। তারেক রহমান নিজেও এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

Leave a Reply