বিশেষ ফ্লাইটে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশী

বিশেষ ফ্লাইটে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি নাগরিক বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, আটকে থাকা প্রবাসীদের পাশে দাঁড়াতে এবং মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে তারা ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি-ঢাকা রুটে এই বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেন। ১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে চট্টগ্রাম হয়ে আবুধাবি পৌঁছায়। পরবর্তীতে আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) প্রবাসীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির কারণে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ জন ফ্লাইট ক্রু আমিরাতের বিভিন্ন গন্তব্যে আটকে ছিলেন। ইউএস-বাংলা তাদেরও এই বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বা শেষ পর্যায়ে ছিল, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। আবুধাবি এয়ারপোর্ট কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ কয়েকটি এয়ারলাইন্সকে সীমিত পরিসরে এই বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *