চাঁপাইনবাবগঞ্জে মসলার বস্তায় মাদক ॥ ৫৯ বিজিবির অভিযানে জব্দ-আটক এক

চাঁপাইনবাবগঞ্জে মসলার বস্তায় মাদক ॥ ৫৯ বিজিবির অভিযানে জব্দ-আটক এক

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ এবং মসলা দ্রব্যাদি জব্দ করা হয়েছে। জেলার শিবগঞ্জ সীমান্তে হলুদ-মরিচ এর ভিতর মাদক চোরাচালানের সময় আটক করা হয় এক চোরাকারবারীকে। আটককৃত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামের মৃত মান্নান এর ছেলে মোঃ ইব্রাহিম (৫০)। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, জেলার শিবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক ০২টি অভিযানে ফেন্সিডিল এর বিকল্প বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং মসলাজাতীয় দ্রব্যাদি জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৫ মার্চ) রাতভর অভিযান ২টি পরিচালিত হয়। প্রথম অভিযানে কিরণগঞ্জ বিওপি হতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৭৭ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামস্থ জনৈক লিটু মিয়ার মসলা মিলের পশ্চিম দিকে অবস্থিত ০১টি গোয়াল ঘরে অভিযান পরিচালনা করে। এ অভিযানে মোঃ ইব্রাহিম কে ১১টি হলুদ ও মরিচ গুড়ার বস্তাসহ সন্দেহজনক অবস্থায় আটক করে। পরবর্তীতে বস্তাগুলোর মধ্য হতে ফেন্সিডিল এর বিকল্প ৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ উদ্ধার করা হয়। এছাড়াও অপর অভিযানটিতে সোনামসজিদ বিওপি হতে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ একটি আমবাগানে অভিযান পরিচালনা করে ফেন্সিডিল এর বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ আটক করতে সক্ষম হয়। এ অভিযান চলাকালীন একটি সংঘবদ্ধ মাদক চক্র বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল হতে বিজিবি টহল দল এ মাদকগুলো জব্দ করে। আটককৃত আসামীসহ জব্দকৃত মাদক ও অন্যান্য মালামাল এর বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ৫৯ বিজিবি ব্যাটালিয়ন বিগত ৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১০ জন আসামীসহ প্রায় ৪০০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ আটক করেছে। বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয় ৫৯ বিজিবির পক্ষ থেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *