চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এক বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এক বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত ৮টা থেকে ৯টার মধ্যে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড় ও বৃষ্টিতে এ ঘটনা ঘটে। একই সঙ্গে ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয় এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।নিহত মকলেছুর রহমান (৬৫) সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির তিনতলার ছাদে থাকা টিন নামাতে যান। এ সময় প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।পরবর্তীতে তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাদ থেকে পড়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। এদিকে, ঝড়ের সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প এলাকায় বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে। এতে সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জামিনুর রহমান জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী এই কালবৈশাখীতে জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০ কিলোমিটার। এদিকে আম, লিচুসহ মৌসুমি ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *