রাজশাহীতে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীকে ৫৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আখতারুজ্জামান আকতার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৬৬ ভোট। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল সাংবাদিকদের জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন এক হাজার ১৮৫ জন। এর মধ্যে এক হাজার ১৭৫ জন ভোট দিয়েছেন। ভোট পড়ার হার ৯৯ দশমিক ১৬ শতাংশ। তিনি আরও জানান, নির্বাচনে অন্য দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আনোয়ার ইকবাল বাদল তালগাছ প্রতীকে সাত এবং আফজাল হোসেন আনারস প্রতীকে চার ভোট পেয়েছেন। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। জেলার ৯টি উপজেলার ৯টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো ছিল। জেলা পরিষদের ৯টি সাধারণ ওয়ার্ডের জন্য ৩১ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনের জন্য ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
Leave a Reply