Blog

  • গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে চোলাইমদসহ এক মাদক কারবারি আটক

    গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে চোলাইমদসহ এক মাদক কারবারি আটক

    গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে চোলাইমদসহ এক মাদক কারবারি আটক

     

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ উদ্ধারসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের নেতৃত্বে বুধবার (০৭ জানুয়ারি) গোমস্তাপুর থানাধীন লালাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
    অভিযানে আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামে মৃত এরফানের ছেলে মোঃ আসাদুল হক (৪১)। তার বাড়িতে অভিযান পরিচালনা করে তার হেফাজত থেকে ৩০ দশমিক ৪ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলায় আটক আসাদুল হককে একমাত্র আসামি করা হয়েছে।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা কঠোর অবস্থানে রয়েছে।

  • শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ নারী আটক

    শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ নারী আটক

    শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ নারী আটক

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাব-৫ এর মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার হেফাজত থেকে বিভিন্ন প্রকার অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
    র‌্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) এক বিশেষ অভিযানে বুধবার (০৭ জানুয়ারি) শিবগঞ্জ থানাধীন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নতুন আলীডাঙ্গা ভাটাপাড়া গ্রাম থেকে মোছাঃ দুলালী (৫০) নামে এক নারী মাদক কারবারিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
    গ্রেফতারকৃত মোছাঃ দুলালী মৃত আঃ সামাদের স্ত্রী এবং ওই এলাকার বাসিন্দা। র‌্যাবের অভিযানে তার বসতবাড়ির দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত গোসলখানার ভেতর থেকে Choco+ ২৫ বোতল, Kuf Relief ০৫ বোতল এবং Phensedzl ০১ বোতলসহ মোট ৩১ বোতল অবৈধ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
    র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক বিক্রির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
    ধৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
    র‌্যাব-৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানায় বাহিনীটি।

  • সাতক্ষীরায় শহীদ ওসমান হাদীর স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

    সাতক্ষীরায় শহীদ ওসমান হাদীর স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

    সাতক্ষীরায় শহীদ ওসমান হাদীর স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

    সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে ‘শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল। তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদী নিজের জীবন উৎসর্গ করে তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে দেশ ও সুস্থ সংস্কৃতির জন্য কাজ করতে হয়। এ দেশের মানুষ কখনো শহীদ ওসমান হাদীকে ভুলবে না।
    অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মো. আল মামুন, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক প্রধান সমন্বয়ক মো. ইমরান হোসেন, বর্তমান জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক অর্ঘ্য বিন জুয়েল, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন এবং ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক আক্তারুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।
    আয়োজকেরা জানান, শহীদ ওসমান হাদীর আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

  • সিরাজগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

    সিরাজগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

    সিরাজগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

    সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাকিনকে (২০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র‌্যাব-১২ সদর দফতরের (সহকারী পুলিশ সুপার) মো. উসমান গণি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
    নিহত আব্দুর রহমান রিয়াদ, শহরে সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
    গ্রেফতার মো. সাকিন সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার মতি শেখের ছেলে।
    সহকারী পুলিশ সুপার জানান, ২০২৫ সালের (২৮ ডিসেম্বর) প্রাইভেট পড়ার জন্য আব্দুর রহমান রিয়াদ (১৮) বাড়ি থেকে বের হয়। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে শহরের (নাজমুল চত্বর) বাহিরগোলা রোড এলাকায় রাস্তার উপর সিএনজির ভিতরে বসে থাকাবস্থায় কলেজ ছাত্রকে গ্রেফতার, সাকিনসহ ১০/১২ জন পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে আসামিরা প্রকাশ্যে বার্মিজ চাইনিজ টিপ, চাকু, চাইনিজ কুড়াল, রাম দা, চাপাতি, ছুরি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা কলেজ ছাত্রকে উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ মারা যায়। পরে রাত ১০টার দিকে নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে মো. শাহিনসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/ ১৫ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
    সেই মামলার আসামিদের দ্রুত গ্রেফতারে জন্য তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে র‌্যাব-১২ সদস্যরা (৭ জানুয়ারি) ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে সাকিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাকিনকে সকালে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সুন্দরবনে পর্যটক-রিসোর্ট মালিককে অপহরণ ॥ বনদস্যু প্রধানসহ আটক ২

    সুন্দরবনে পর্যটক-রিসোর্ট মালিককে অপহরণ ॥ বনদস্যু প্রধানসহ আটক ২

    সুন্দরবনে পর্যটক-রিসোর্ট মালিককে অপহরণ ॥ বনদস্যু প্রধানসহ আটক ২

    সুন্দরবনে ২ জন পর্যটকসহ রিসোর্টের মালিককে অপহরণ করা বনদস্যু বাহিনী প্রধান মাসুম মৃধা (২৩) ও তার সহযোগী ইফাজ ফকিরকে (২৫) আটক করেছে মোংলা কোস্ট গার্ড। এ সময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
    আটক ডাকাতরা হলেন— বাহিনী প্রধান খুলনার তেরোখাদা উপজেলার বিপ্র আজগরা গ্রামের মোছা মৃধার ছেলে নাম. মাসুম মৃধা ও সহযোগী খুলনার তেরোখাদা উপজেলার একই গ্রামের মো. আক্তার ফকিরের ছেলে মো. ইফাজ ফকির।
    কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত বুধবার (৭ জানুয়ারি) কোস্ট গার্ড খুলনার তেরোখাদা থানাধীন ধানখালী সংলগ্ন এলাকা হতে বাহিনীটির প্রধান মাসুম মৃধাকে (২৩) আটক করে। পরবর্তীতে ডাকাত মাসুম মৃধার দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ২টি দেশীয় কুড়াল, ১টি দা, ১টি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়াও জিম্মি পর্যটকদের ৫টি মোবাইল ফোন এবং ১টি হাতঘড়ি উদ্ধার করা হয়।
    উল্লেখ্য, গত শুক্রবার (২ জানুয়ারি) সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোটযোগে ভ্রমণকালে ডাকাত মাসুম বাহিনী গোলকানন রিসোর্টের মালিক ও দুই পর্যটককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করলে কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি ও ফিনান্সিয়াল ট্রেসিং ব্যবহার করে টানা ৪৮ ঘণ্টা অভিযানের পর জিম্মি করা পর্যটক ও রিসোর্ট মালিককে নিরাপদে উদ্ধার করা হয়।
    এ সময় ডাকাত চক্রের সদস্য কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪), মেহেদী হাসান (১৯), আলম মাতব্বর (৩৮), অয়ন কুন্ডু (৩০), মো. ইফাজ ফকির (২৫), জয়নবী বিবি (৫৫) এবং মোছা দৃধাকে (৫৫) সুন্দরবন, দাকোপ এবং খুলনার বিভিন্ন এলাকা থেকে আটক করে দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
    আটক ডাকাত এবং জব্দ করা আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

  • আলমডাঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    আলমডাঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    আলমডাঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বেল্ট গলায় পেঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৪০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের বিলের মাঠ থেকে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
    নিহত যুবকের পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট, সাদা রঙের গেঞ্জি, কালো রঙের হুডি ও নীল রঙের জ্যাকেট।
    আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
    ওসি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করা হবে।

  • পরিবেশ ধ্বংসের কারখানায় অভিযান- চাঁপাইনবাবগঞ্জে ৯ অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ॥ জরিমানা ৩২ লাখ টাকা

    পরিবেশ ধ্বংসের কারখানায় অভিযান- চাঁপাইনবাবগঞ্জে ৯ অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ॥ জরিমানা ৩২ লাখ টাকা

    পরিবেশ ধ্বংসের কারখানায় অভিযান

    চাঁপাইনবাবগঞ্জে ৯ অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ॥ জরিমানা ৩২ লাখ টাকা

    চাঁপাইনবাবগঞ্জের পরিবেশ, জনস্বাস্থ্য ও দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ আম-ফলজ সম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। জেলার সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে ৯টি ইটভাটায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। ০৬ জানুয়ারি মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, জেলা আনসার ও র্যাব-৫ এর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় ৯টি মামলায় মোট ৩২ লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। একই সঙ্গে ৮টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ৩টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মিজ্ প্রিয়াংকা দাস, পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়, বগুড়া। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এসব অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে কৃষিজমি, বসতবাড়ি ও আমবাগানের নিকট স্থাপিত হয়ে বিষাক্ত ধোঁয়া ও কালো কার্বন ছড়িয়ে আসছিল। এর ফলে বাতাসে সালফার ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড ও ক্ষতিকর পার্টিকুলেট ম্যাটারের মাত্রা বেড়ে গিয়ে মানুষের শ্বাসকষ্ট, চোখ জ্বালা, হাঁপানি ও দীর্ঘমেয়াদি ফুসফুসজনিত রোগের ঝুঁকি বাড়াচ্ছিল।

    বিশেষজ্ঞদের মতে, চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতির প্রধান চালিকাশক্তি আম ও অন্যান্য ফলের গাছ এসব বিষাক্ত ধোঁয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাছের পাতায় কালো আস্তরণ জমে আলোকসংশ্লেষ ব্যাহত হয়, ফল ঝরে পড়ে, ফলের আকার ও গুণগত মান কমে যায়। এতে কৃষকরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন এবং দেশের আম রপ্তানির সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে। অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা ও কৃষি অর্থনীতি বাঁচাতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই অভিযান শুধু আইন প্রয়োগ নয়, বরং পরিবেশ রক্ষায় একটি শক্ত বার্তা। নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকলে চাঁপাইনবাবগঞ্জের পরিবেশ, আমবাগান ও জনস্বাস্থ্য রক্ষা করা সম্ভব হবে।

  • এই মুহুর্তে আ’লীগকে নিয়ে নির্বাচন করার কোন সুযোগ নেই-মতবিনিময়ে হারুনুর রশীদ

    এই মুহুর্তে আ’লীগকে নিয়ে নির্বাচন করার কোন সুযোগ নেই-মতবিনিময়ে হারুনুর রশীদ

    এই মুহুর্তে আ’লীগকে নিয়ে নির্বাচন করার কোন সুযোগ নেই-মতবিনিময়ে হারুনুর রশীদ

    বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, গত ১৫ বছরে তাদের দুঃশাসনের কারনে এই মুহুর্তে আ.লীগকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার কোন সুযোগ নেই। কারন এই দায়িত্ব সরকার বা প্রশাসন কেউই নিতে পারবে না। যেই কারনে এই মুহুর্তে আ.লীগকে বাদ দিয়েই নির্বাচন করতে হচ্ছে। এখন আ.লীগের ভোটাররা এই মুহুর্তে কাকে ভোট দিবে কোনদিকে যাবে, এই সীধান্ত তাদেরই। মঙ্গলবার (০৬ জানুয়ারী) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি হোটেলে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ক্ষুদ্র দুনিয়াবী স্বার্থে আজকে ধর্মকে ব্যবহার করা হচ্ছে, যার মধ্য দিয়ে দেশে ফেতনা-অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে।

    যার ফলসূতিতে আজকে বিভিন্ন জায়গায় মব হচ্ছে। গত কয়েকদিন আগেই ঢাকায় মোবাইল নিয়ে একটি সীধান্ত নেয়ায় বিআরটিসি ভবনে হামলা, অগ্নিসংযোগ হয়েছে। দেশে এভাবে সবাই যদি আইন হাতে তুলে নেয়, তাহলে এভাবে দেশ চলতে পারে না। এভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না। সাবেক এমপি হারুন বলেন, অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের দায়িত্ব আমরা যারা নির্বাচনে অংশ নিচ্ছি তাদের সকলের। রাষ্ট্র প্রশাসন যারা আয়োজন করছে তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে, তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করা একান্ত আবশ্যক। আমি এর আগে ৫ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। এরমধ্যে কয়েকবার তত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের অধীনে অংশ নেয়ার অভিজ্ঞতা রয়েছে। নির্বাচন কি কারনে প্রশ্নবিদ্ধ হয়, তা আমরা সকলে জানি। সরকারের যদি স্বদিচ্ছা থাকে, সরকার যদি নির্বাচনে কোন অনিয়মের অংশীদার না হয়, তাহলে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। সরকারের একটি বড় চ্যালেঞ্জ এমন নির্বাচন উপহার দেয়া। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হবে। এর আগেও তাদেরকে হারিয়েছি। যদিও প্রতিদ্বন্দ্বীকে ছোটভাবে দেখতে চাই না।

    আশা করি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। অতীতে আওয়ামী লীগ আমাদের প্রতিদ্বন্দ্বিতার মূল প্রতিপক্ষ ছিল। কিন্তু নিজেদের অপকর্মের কারনে তারা এখন নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের ভোটাররা কাকে দিবে বা কোন পক্ষে যাবে, সেই সিদ্ধান্ত তাদের ওপর ছেড়ে দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী হারুনুর রশীদ। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন বলেন, এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জসহ আশেপাশের এলাকায় নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। এই মুহুর্তে কোন সহিংসতা নেই। তবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বা বির্তকিত করার চেষ্টা করা হচ্ছে। আমি রিটার্নিং কর্মকর্তাকেও ব্যক্তিগত বলেছি, আমিসহ যেকেউ আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। আমরা আশা করি, আগামী নির্বাচন প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক এবং অবাধ-সুষ্ঠ ও শান্তিপূর্ণ হবে। এখানে নির্বাচনে কোন অনিয়ম হলে তা জনগণের কাছে চিহ্নিত হবে ও তারা নিন্দিত হবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা মোঃ বারেক আলী, সাবেক ছাত্র দল নেতা ফজলে আজিম মিম, জেলা যুবদলের সদস্য সাংবাদিক ইয়াসিন আরাফাতসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

  • সরিষা চাষের পাশাপাশি উৎপাদন হচ্ছে মধু শিবগঞ্জে সরিষে ফুলের মাঠে ব্যস্ত মৌয়ালরা

    সরিষা চাষের পাশাপাশি উৎপাদন হচ্ছে মধু শিবগঞ্জে সরিষে ফুলের মাঠে ব্যস্ত মৌয়ালরা

    সরিষা চাষের পাশাপাশি উৎপাদন হচ্ছে মধু

    শিবগঞ্জে সরিষে ফুলের মাঠে ব্যস্ত মৌয়ালরা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরিষা চাষের পাশাপাশি প্রাকৃতিভাবে উৎপাদন হচ্ছে মধু। যা উপজেলার মাঠগুলো এখন সরিষা ফুলের হলুদ আভায় আর মধুর কর্মচাঞ্চল্যে মুখরিত। সরিষে ফুলে ঘেরা বিস্তীর্ণ মাঠের পাশে সারি সারি মৌবাক্স বসিয়ে ব্যস্ত সময় পার করছেন মৌয়ালরা। স্থানীয় চাষিদের পাশাপাশি স্বল্প পুঁজিতে লাভের আশায় দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে শতাধিক মৌয়াল শিবগঞ্জে এসে মধু চাষে যুক্ত হয়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরিষা ক্ষেতে মৌচাষ ফসলের কোনো ক্ষতি করে না; বরং মৌমাছির পরাগায়নের ফলে সরিষার ফলন বৃদ্ধি পায়। এ কারণে কৃষি বিভাগ চাষিদের সরিষা ক্ষেতে কীটনাশক বা বিষ প্রয়োগ না করার বিষয়ে সচেতন করছে। চলতি মৌসুমে শিবগঞ্জ উপজেলায় মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ১২ হাজার কেজি।

    এর মধ্যে ইতোমধ্যে প্রায় ১০ হাজার কেজি মধু উৎপাদন হয়েছে। মাঠ পর্যায়ে পরিদর্শনে দেখা যায়, ঝিনাউদহ, বগুড়া, রাজশাহী, নাটোর, নেত্রকোনা, নড়াইল ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৌয়ালরা দলবদ্ধভাবে মৌচাষ করছেন। শিবগঞ্জ উপজেলায় দাইপুখুরিয়ায় মধু উৎপাদন স্থাপনকারী মো. রকিবুল ইসলাম জানান, আমরা প্রতি বছর মৌমাছি নিয়ে এই উপজেলায় আসি। এই উপজেলায় সরিষা চাষ বেশি হওয়ায় আমাদের মধু সংগ্রহে আগ্রহ বাড়ছে। তিনি আরো বলেন, আমরা প্রায় ১০/১৫ দিন পরপর মৌ বক্স খুলে মধু সংগ্রহ করি। আবহাওয়া ভালো হলে প্রাতি সাপ্তাহেও মধু সংগ্রহ করা যায়। আমার ৭০টি বক্স থেকে ৮/৯’শ কেজি মধু সংগ্রহ করতে পারবো। এপর্যন্ত আমার বক্স থেকে ৫/৬’শ কেজি মধু সংগ্রহ করেছি। কিশোরহাট মৌচাষ সমবায় সমিতির সভাপতি শামসুল হক জানান, নাটোরের গুরুদাসপুর থেকে তারা প্রায় ২০ দিন আগে শিবগঞ্জে এসেছেন। ৭৫টি মৌবাক্স থেকে এক সপ্তাহ পর পর প্রায় ৪০০ কেজি মধু সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত তারা ১৯ মণ মধু সংগ্রহ করেছেন। নড়াইল থেকে আসা মৌয়াল নুরুল ইসলাম বলেন, মৌচাষে সফলতার গল্প শুনে কয়েক বছর আগে তিনি এই পেশায় যুক্ত হন। তিনজন অংশীদার মিলে প্রতি বছর খরচ বাদ দিয়ে জনপ্রতি প্রায় ২৫ লাখ টাকা আয় করেন। এবারও ভালো ফলনের আশা করছেন তিনি। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, এবছর উপজেলায় ৮ হাজার ৬’শ হেক্টর জমি সরিষা চাষ হচ্ছে। আমরা বিভিন্ন এলাকায় সরিষার মাঠ পরিদর্শন করেছি। আশা করছি, উৎপাদনও ভালো হবে। তিনি আরো বলেন, এবছর ঝিনাইদহ, কুষ্টিয়া, বগুড়া ও রাজশাহী অঞ্চল থেকে মৌচাষীরা এসেছেন। উপজেলার ১১টি স্থানে ১১টি মৌয়াল দল তাঁদের মধু চাষ করছেন। এতে ১ হাজার ১০৬টি মৌ বক্সে তাঁরা কাজ করছেন। আমরা এবছর প্রায় ১২ হাজার কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছি। ইতোমধ্যে আমরা মধু পেয়েছি প্রায় ১০ হাজার কেজি। স্থানীয়ভাবে চাহিদা থাকায় মৌয়ালরা সেখানেই মধু বিক্রয় করছেন। আমাদের সাথে যোগাযোগ থাকায় আমরাও বিভিন্ন জায়গায় মধু বিক্রয়ের পরামর্শ দিচ্ছি এবং মধু যা গুনগতমান তাঁরা যেনো সেটি কে ধরে রাখেন। বাংলাদেশ হ্যানি রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক আরিফ উদ্দিন বলেন, মৌচাষে বিসিকের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। দেশে মধুর চাহিদা প্রায় ২৫ হাজার মেট্রিক টন হলেও উৎপাদন হচ্ছে মাত্র ১৬ হাজার মেট্রিক টন। সঠিক সহায়তা ও সুযোগ-সুবিধা বাড়ানো গেলে বছরে ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন মধু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

  • নওগাঁয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল ও মতবিনিময় সভা

    নওগাঁয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল ও মতবিনিময় সভা

    নওগাঁয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল ও মতবিনিময় সভা

    নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগা-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এই দোয়া মহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেন। জাহিদুল ইসলাম ধলু বলেন দীর্ঘদিন স্বৈরশাসকের কবলে ছিল বাংলাদেশ। বিএনপি এই ১৭ বছর ধরেই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে তত্বাবধায়ক সরকার ব্যাবস্থা চালু করার লড়াই চালিয়ে আসছিল। অবশেষে জুলাই আগষ্ট’২০২৪ এর গণআন্দোলনের মাধ্যমে সেই ব্যবস্থা কায়েম করতে জাতি সক্ষম হয়েছে। এখন আমাদের লক্ষ আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যাশা “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব” এই শ্লোগান বাস্তবায়িত হবে। সদর থানা বিএনপি’র সাবেক ষুগ্ম আহবায়ক ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল এবং জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি শফিউল আযম রানা বক্তব্য রাখেন। পরে জাহিদুল ইসলাম ধলু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন মনেনয়নপত্র কেন্দ্রীক দলের ভিতরে যতটুকু দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল বর্তমানে আর কোন দ্বন্দ্ব নাই। বিএনপি’র হাই কমান্ডের নির্দেশে আমরা এক হয়ে কাজ করছি। তিনি আরেক প্রশ্নের উত্তরে বলেন আওয়ামীলীগের সমর্থক যার কোন অপরাধী নয় তারা যেন নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আমরা তা প্রত্যাশা করি।