Blog

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের মাদক মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার এক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের মাদক মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার এক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের মাদক মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার এক

     

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব।
    র‌্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভা এলাকার একটি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন মাদক কারবারি মোঃ শাহিন (৪০)–কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৭ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
    গ্রেপ্তারকৃত শাহিন গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
    র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমনে র‌্যাব সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
    এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবকের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবকের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবকের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক রবিউল ইসলাম রবি (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বিএসএফ দাবি করেছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। একই তথ্য নিশ্চিত করেছে বিজিবি ও নিহতের পরিবার।
    নিহত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।
    স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারতের মুর্শিদাবাদ জেলার নুরপুর এলাকায় প্রবেশ করে। এ সময় রঘুনাথগঞ্জ থানা এলাকার বিএসএফের পাতলা টোলা সাব-ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রবিউল ইসলাম বিএসএফের হাতে আটক হন।
    আটকের পর রোববার সকালে রবিউলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বিকেলে নিহতের পরিবারের পক্ষ থেকে বিজিবির কাছে অভিযোগ জানানো হয়।
    এ বিষয়ে নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী বলেন, ভোর রাতে কয়েকজন মিলে ভারতে গিয়েছিল। পরে জানতে পারি রবিউল ইসলামকে বিএসএফ ধরে নিয়ে গেছে। কিছুক্ষণ পরই স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পাই।
    চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, পরিবারের অভিযোগ পাওয়ার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করে রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানায়, খালি গায়ে ও হাফ প্যান্ট পরা অবস্থায়, সম্পূর্ণ ভেজা শরীরে রবিউলকে আটক করা হয়। পরে ক্যাম্পে নেওয়ার পর তাকে পোশাক দেওয়া হলে তার শরীরে খিচুনি দেখা দেয়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
    বিজিবি অধিনায়ক আরও জানান, বিএসএফের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে মরদেহ হস্তান্তরের পর ময়নাতদন্তসহ সবকিছু যাচাই করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের বাবাও বিজিবিকে জানিয়েছেন, তার ছেলে আগে থেকেই অসুস্থ ছিল।
    ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান আরো জানান, ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধা নাগাত রবিউল ইসলামের মরদেহ বাংলাদেশে হস্তান্তর করতে পারে বলে নিশ্চিত করেছেন বিএসএফ।
    এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত রবিউলের মরদেহ বাংলাদেশে আসেনি।

  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা পবনার ঈশ্বরদীতে

    দেশের সর্বনিম্ন তাপমাত্রা পবনার ঈশ্বরদীতে

    দেশের সর্বনিম্ন তাপমাত্রা পবনার ঈশ্বরদীতে

    হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনা। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত রবিবার পাবনার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার ছিল ৯ ডিগ্রি এবং শুক্রবার (২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
    এদিকে মৃদু শৈতপ্রবাহের কারণে আর উত্তরের ঠাণ্ডায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। ফলে তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না। দুপুরের পর কুয়াশা কেটে রোদ উঠলেও তেজ নেই, ফলে শীত কমছে না। ছিন্নমূল আর দরিদ্র মানুষগুলো শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।
    অন্যদিকে শীতের কারণে হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। পাবনা জেনারেল হাসপাতালের হিসাব রক্ষক সোহেল রানা জানান, গত ২৪ ঘণ্টায় রোগী নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৬০ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশু ও বয়োবৃদ্ধের সংখ্যাই বেশি।

  • নওগাঁ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ডা. ছালেক চৌধুরীকে বহিষ্কার

    নওগাঁ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ডা. ছালেক চৌধুরীকে বহিষ্কার

    নওগাঁ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ডা. ছালেক চৌধুরীকে বহিষ্কার

    দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরীকে দলের সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
    গত রবিবার (০৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
    অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী বলেন, বহিষ্কারের বিষয়টি এখনো আমি জানি না। এ ধরনের কোনো নোটিশ এখন অব্দি আমার কাছে আসেনি। আমি কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, আমার মনোনয়নপত্রটি আজকে বৈধ ঘোষণা করা হয়েছে। ২০ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর সেটি প্রত্যাহার না করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হতো। নেত্রীর মৃত্যুতে তারেক রহমান এই মুহূর্তে শোকাহত। যারা দলের মধ্যে থেকে এসব কাজ করতেছে তারা একদিন তার ফল ভোগ করবে।
    উল্লেখ্য, ডা. ছালেক চৌধুরী নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ নির্বাচন, জুন ১৯৯৬ সালের সপ্তম নির্বাচন ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে আজ বৈধ ঘোষণা করা হয়েছে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

  • ফরিদপুরে স্কুলের গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

    ফরিদপুরে স্কুলের গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

    ফরিদপুরে স্কুলের গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

     

    ফরিদপুরে একটি স্কুল চত্বরের গাছ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
    রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলার সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে রাঙ্গারদিয়া গ্রামের মো. জালাল মোল্যার সঙ্গে স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু মাতুব্বরের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত শনিবার (৩ জানুয়ারি) সকালে রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরের ৮টি মেহগনি গাছ বিক্রির উদ্দেশ্যে কেটে ফেলেন ইউপি সদস্য নান্নু মাতুব্বর। গাছ কাটার বিষয়টি জালালের সমর্থক ও স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কাটা গাছের গুঁড়ি ফেলে পালিয়ে যান নান্নু মাতুব্বরের শ্রমিকরা। পরে গাছগুলো স্কুল কর্তৃপক্ষের হেফাজতে রেখে আসে পুলিশ।
    এদিকে গাছ কাটার খবর পেয়ে রোববার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যান সালথা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. তাশেম উদ্দিন। তিনি ঘটনাটি তদন্তের জন্য উভয় পক্ষের নেতাদের নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে বসেন। আলোচনা চলাকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জালালের সমর্থক মো. বাদশা মোল্যা ও তাঁর স্ত্রীকে মারধর করেন নান্নু মাতুব্বরের সমর্থকরা।
    এরই জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত ১০টি বসতঘর ভাঙচুর করা হয়। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘শনিবার স্কুলের গাছ কেটে ফেলে স্থানীয় একটি চক্র। খবর পেয়ে পুলিশ গিয়ে গাছগুলো উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষের হেফাজতে রাখে। রোববার সকালে ঘটনাটি তদন্তের সময় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।’
    তিনি আরও জানান, বিকেল ৫টা পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি, তবে মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • রামুতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ

    রামুতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ

    রামুতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ

    কক্সবাজারে রামুর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান এবং বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
    সোমবার (৫ জানুয়ারি) সকালে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
    রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, আজ সকালে রামুর ঈদগড়ের গহীন পাহাড়ি এলাকায় সংঘবদ্ধ চক্রের কতিপয় লোকজন অবৈধ কারখানা স্থাপন করে আগ্নেয়াস্ত্র তৈরির খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। একপর্যায়ে পুলিশ গহীন পাহাড়ের আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকায় গড়ে তোলা সন্দেহজনক একটি ঝুপড়ি ঘর ঘিরে ফেলে। এসময় উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক লোক কৌশলে পালিয়ে যায়।
    পরে তল্লাশি চালিয়ে ২টি রাইফেলের গুলি, ৪টি গুলির খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৬টি বন্দুকের নল, ২টি বন্দুক তৈরির জোগান, ১টি হাওয়ার মেশিন, ২টি বাটাল, ৫টি আড়িব্লেড, ১টি আড়িব্লেডের ফ্রেম, ১টি করাত, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ৭টি ছোট-বড় রেথ, ১টি শান দেয়ার মেশিন এবং ১টি বানান নালীসহ বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
    ওসি মনিরুল আরও জানান, অভিযানে পলাতকদের পাশাপাশি সন্ধান পাওয়া অস্ত্রের কারখানার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় রামু থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • নীলফামারী সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ক্যারিয়ারবিষয়ক কর্মশালা

    নীলফামারী সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ক্যারিয়ারবিষয়ক কর্মশালা

    নীলফামারী সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ক্যারিয়ারবিষয়ক কর্মশালা

     

    ‘ক্যারিয়ার সফলতায় সহশিক্ষা কার্যক্রম ও সফট স্কিল উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নীলফামারী সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির উদ্যোগে ক্যারিয়ার উন্নয়ন ও ব্যক্তিত্ব বিকাশে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) কলেজের হলরুমে এই কর্মশালায় আয়োজিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি মো. ইমরান শাহ্। সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর মো. গোলাম মোস্তফা চৌধুরী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শাখার উপদেষ্টামণ্ডলীর সদস্য শায়লা পারভীন, রতন চন্দ্র রায়, উৎপল চন্দ্র রায়, আবু বকর সিদ্দিক ও রোমানা আক্তার।
    প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান ও সময় ব্যবস্থাপনার মতো সফট স্কিল অর্জন করতে হবে।
    তিনি আরো বলেন, শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
    বসুন্ধরা শুভসংঘের মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের সেই সুযোগ সৃষ্টি করছে। এ জন্য সংগঠনটি প্রশংসার যোগ্য।
    বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশ, দলগত কাজের অভিজ্ঞতা ও বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে। সফট স্কিল উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীরা চাকরি ও উদ্যোক্তা—উভয় ক্ষেত্রেই সফল হতে পারে।
    সভাপতির বক্তব্যে মো. ইমরান শাহ্ বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক উন্নয়নে দলবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
    কর্মশালায় অংশ নেন বসুন্ধরা শুভসংঘ নীলফামারী সরকারি কলেজ শাখার সহসভাপতি আবরার শাহরিয়ার, লাজু ইসলাম, রওনক হাসান, ফারাত পারভীন মুক্তি, আবিদা আক্তার মিমি, আকলিমা আহিয়া ঋতু, মো. আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিবুজ্জামান নিবির, রাইসা ইয়াসমিন, সোহানা আক্তার সুমা, হাফিজুল ইসলাম, আদনান চৌধুরী, শামীমা আক্তার সাথী, সাংগঠনিক সম্পাদক সিয়াম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহামুদুল হাসান, নুরাইন খান, ফারিহা আক্তার, নুরে জান্নাত মেঘনা, রিদিকা তাবাসসুম রিফা, যমুনা রায়, অর্থ সম্পাদক শাহরিয়ার ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর জামান আশিক, নারী বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম, শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ভগীরথ রায় সৌরভ, সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আকিব আহমেদ, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মেহেদী হাসান, আপ্যায়ন সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য উম্মে মোতাহার হৃদয়, নুর আমিন ইসলাম, প্রিয়াঙ্কা রায়, খুশি মনি, রাফিউল্লাহ রাফি, জাকিয়া সুলতানা জেমিসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

  • ঝিনাইগাতীতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

    ঝিনাইগাতীতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

    ঝিনাইগাতীতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের জিগাতলা দারুস সালাম মাদরাসা ও এতিমখানা মাঠে মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথি ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
    দোয়া মাহফিলে তিনি বলেন, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক শিক্ষার বিকাশে মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
    তিনি আরও বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপোশহীন ও সাহসী জননেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ ও বেদনা ধারণ করেও তিনি কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি। নির্যাতন, শোষণ ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। তার রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের সর্বস্তরের মানুষ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে। তার আত্মার মাগফেরাত কামনা করছে জাতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিগাতলা দারুস সালাম মাদরাসা ও এতিমখানা পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিজানুর রহমান। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান হীরা, গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মমিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেনসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ক্ষমতায় গেলে সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে-তারেক রহমান

    ক্ষমতায় গেলে সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে-তারেক রহমান

    ক্ষমতায় গেলে সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে-তারেক রহমান

    জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। বিএনপির গুলশান কার্যালয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক জানাতেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সাক্ষাৎকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশে আসায় ঐক্য পরিষদের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্তরঞ্জন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। ঐক্য পরিষদের নেতারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষায় তার অবস্থানের কথা স্মরণ করেন। তারা বলেন, ‘দেশনেত্রীর মৃত্যুতে জাতি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে।’

  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢাবি সাদা দলের

    জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢাবি সাদা দলের

    জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢাবি সাদা দলের

    মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন (ঢাবি) সাদা দল। রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তারা এ কর্মসূচি পালন করেন। এসময় দোয়া পরিচালনা করেন ঢাবি আরবি বিভাগের অধ্যাপক এবিএম সিদ্দিকুর রহমান নিজামী। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক।’ বিএনপির আগামী নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। কোনোদিন কারো সঙ্গে খারাপ আচরণ করেনি। ঠিক তেমনি তারেক রহমানের মাঝেও কোনো ধরনের হিংসা-বিদ্বেষ নেই। তিনি সবার সঙ্গে আলোচনায় বসছেন। সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি দেশনেত্রীর মতো সবাইকে একত্রিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম, মো. আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আজহারুল ইসলাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সাইন্সের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুন, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. নাজমূল হোসাইন, স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আখতার হোসেন খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাবি ক্লাবের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, ঢাবি কলা অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক নুরল আমিন, চারুকলা অনুষদ সাদা দলের আহ্বায়ক ইসরাফিল রতন, বিজ্ঞান অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, আর্থ এন্ড এনভায়রনমেন্ট সাইন্স সাদা দলের আহ্বায়ক মো. শফিউল্লাহ, আইন অনুষদ সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাজমুজ্জামান ভূইয়া, ঢাবি দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুলউলায়ী, মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, অধ্যাপক আনিসুর রহমান, রাষ্ট্র বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলামসহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।