Blog

  • নাটোরে হামে আক্রান্ত ৪২ শিশু হাসপাতালে ॥ বর্তমানে ভর্তি ৫ জন

    নাটোরে হামে আক্রান্ত ৪২ শিশু হাসপাতালে ॥ বর্তমানে ভর্তি ৫ জন

    নাটোরে হামে আক্রান্ত ৪২ শিশু হাসপাতালে ॥ বর্তমানে ভর্তি ৫ জন

    হামের লক্ষণ নিয়ে এ পর্যন্ত ৪২ জন শিশু হাসপাতালে আসলেও বর্তমানে ভর্তি আছে ৫ জন। ০১ এপ্রিল বুধবার নাটোর জেনারেল হাসপাতালে গিয়ে এই তথ্য পাওয়া যায়। তবে, নতুন করে কোন শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়নি। নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার কামাল হোসেন জানান, গত সপ্তাহে হামের লক্ষণ নিয়ে ৪২ জন শিশু হাসপাতলে ভর্তি হয়। এর মধ্যে ৩৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। একজন শিশুর অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। তবে সেই শিশুটি হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে কিনা তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তার স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার নিরীক্ষার পরেই তার মৃত্যুর কারণ জানা যাবে। তিনি আরো জানান, ঢালাওভাবে হাম রোগে আক্রান্ত হওয়ার প্রচার চালালেও পরীক্ষা-নিরীক্ষা ছাড়া আমরা এগুলি হাম রোগে আক্রান্ত কিনা তা বলা সম্ভব হচ্ছে না।

  • সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়- দূর্ণীতিতে জিরো টলারেন্স ॥ জেলার উন্নয়নে গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা চাই-জেলা প্রশাসক

    সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়- দূর্ণীতিতে জিরো টলারেন্স ॥ জেলার উন্নয়নে গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা চাই-জেলা প্রশাসক

    সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

    দূর্ণীতিতে জিরো টলারেন্স ॥ জেলার উন্নয়নে গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা চাই-জেলা প্রশাসক

    কোন ধরণের দূর্ণীতি-অনিয়ম বরদাশত করা হবে না। জেলার উন্নয়ন ও সমস্যাগুলো নিরসন, চাঁপাইনবাবগঞ্জের সামগ্রিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গণমাধ্যমসহ সকলের সক্রিয় সহযোগিতা কামনায় জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বুধবার (০১ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব নেয়া আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী গাইবান্ধা জেলার কৃতি সন্তান। তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পূর্বে তিনি সরকারের বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন বিভাগে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গত ১৬ মার্চ/২৬ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব নেয়া আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী ২৫তম বিসিএস ক্যাডারে সরকারী দায়িত্বে যোগদান করেন।

    পরিচিতি পর্বের পর উন্মুক্ত আলোচনায় সভায় জেলার বিভিন্ন অনিয়ম, সমস্যা ও করনীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজ, ‘দৈনিক চাঁপাই দর্পণ’র প্রকাশক ও সম্পাদক ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক গৌড় বাংলার সম্পাদক মোঃ হাসিব হোসেন, সাপ্তাহিক সোনামসজিদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাঃ জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল আলম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক তারেক রহমান, জেলা স্বাধীন প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক আহমেদ চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামাল রাজা বাবু, সাংবাদিক জাকির হোসেন পিংকু, মোঃ জহরুল, মোঃ জাহাঙ্গীর, মোঃ আজিম উদ্দিনসহ অনেকে।

    মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আম মৌসুমে ইটভাটা চলমান, অবৈধভাবে মাটি কাটা এবং বিক্রি, বালু উত্তোলন ও বালু মহল ইজারা, মহাসড়কে চাঁদাবাজী, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল, জেলা হাম রোগ নিয়ে আতংক, মিডিয়াকর্মীদের সাথে সমন্বয় রোজদার, প্রয়োজনীয় তথ্য সময়মতো সরবরাহ, খামারীদের গরু চুরি, ভূইফোঁড় সাংবাদিক ও রেজিষ্ট্রিশন বিহীন মিডিয়াহাউস এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, ফ্যাসিষ্ট আমলে প্রশাসন থেকে সুবিধাভোগীদের চিহ্নিত করণ, জুলাই ছাত্র-গণআন্দোলনে বিরোধীতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন এবং ফ্যাসিস্ট এর দোষরদের সরকারী-বেসরকারী সুবিধা নেয়া বন্ধ করা, কালেক্টরেট শিশুপার্ক উন্নয়ন, পর্যটন কেন্দ্র গড়ে তোলা, বিশ্ব রোড মোড়ে একটি আম চত্বর নির্মাণ, অপ্রাপ্তবয়স্কদের দিয়ে যানবাহন চালানো বন্ধ, সার ডিলার নিয়োগে স্বৈরাচারের আমলের রাজনৈতিক পৃষ্ঠপোষকদের বিষয়ে ব্যবস্থা, জেলার বিভিন্ন কমিটিতে স্বৈরাচার আমলের লোকজনকে প্রত্যাহার, নিউমার্কেট এলাকায় রাস্তায় দোকানীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধ, গ্রেনেজ ব্যবস্থা ও মশা নিধনে ব্যবস্থা গ্রহণ, মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন নানা বিষয় ইস্যু তুলে ধরেন জেলার গণমাধ্যমকর্মীরা।

    সভায় মাদক নিয়ন্ত্রণ জোরদার, সরকারি দপ্তরে দুর্নীতি হ্রাস, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ নানা বিষয়ে তারা গঠনমূলক পরামর্শ দেন। সভায় জেলা প্রশাসক জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে নবাগত জেলা প্রশাসক বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ এবং প্রশাসনের অন্যতম সহযোগী। চাঁপাইনবাবগঞ্জকে একটি দুর্নীতিমুক্ত, আদর্শ ও উন্নত জেলায় পরিণত করতে আপনাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চাই, এ ক্ষেত্রে আপনাদের গঠনমূলক সমালোচনা আমাদের পথ দেখাবে।” তিনি আরও জানান, জেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং জনগুরুত্বপূর্ণ যেকোনো বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বপরি তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্তমান সরকারের নেয়া উন্নয়ন কর্মকান্ডগুলো তুলে ধরা এবং সরকারের সফলতায় জেলার গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।

    সভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রটগণ, সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান শিশির, দৈনিক চাঁপাই দর্পণ ও দৈনিক অধিকার ডট কমের নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলী, মোঃ আসাদুল্লাহসহ জেলার সাংবাদিক, বিভিন্ন প্রেসক্লাবের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যম এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদার এবং জেলার সার্বিক উন্নয়নে যৌথ উদ্যোগের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসন।

  • গোমস্তাপুরে মাদকের বিরুদ্ধে বংপুরে মানববন্ধন ॥ ‘আর ছাড় নয়’ ঘোষণা

    গোমস্তাপুরে মাদকের বিরুদ্ধে বংপুরে মানববন্ধন ॥ ‘আর ছাড় নয়’ ঘোষণা

    গোমস্তাপুরে মাদকের বিরুদ্ধে বংপুরে মানববন্ধন ॥ ‘আর ছাড় নয়’ ঘোষণা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন সমাজ। বুধবার সকাল ১১টায় বংপুর মোড়ে আয়োজিত এ কর্মসূচি থেকে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের হুঁশিয়ারি দেওয়া হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত এস.আই ইসমাইল হোসেন। বক্তব্য রাখেন, রহনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জামাল উদ্দিন, সমাজসেবী দেলোয়ার হোসেন, সাদিকুল ইসলাম টুটুল, বিএনপি নেতা রকি, শহিদুল ইসলাম ও শিক্ষক মনিরুল ইসলামসহ অনেকে। বক্তারা বলেন, বংপুর এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের আর কোনো ছাড় দেওয়া হবে না। আজ থেকেই তাদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। বক্তারা আরও অভিযোগ করেন, ‘স্থানীয় একটি মদের ভাটি’ থেকে ভ্রাম্যমাণভাবে বিভিন্ন স্থানে মদ সরবরাহ করা হচ্ছে। দ্রুত এ অবৈধ কার্যক্রম বন্ধ না হলে ওই ভাটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদকের কারণে সমাজে অপরাধ বাড়ছে এবং তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ছে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

  • শিবগঞ্জে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকার জালিয়াতির অভিযোগ

    শিবগঞ্জে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকার জালিয়াতির অভিযোগ

    শিবগঞ্জে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকার জালিয়াতির অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি মাদ্রাসায় এক শিক্ষক ও এক শিক্ষিকার বিরুদ্ধে জালিয়াতি করে নিয়োগ নেয়ার অভিযোগ উঠেছে। শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। ওই শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন সিফাত আলী নামে এক ব্যক্তি। অভিযোগের প্রেক্ষিতে চাকলা মাদ্রাসায় সরজমিনে কথা বলতে গিয়ে জালিয়াতির অভিযোগটি অস্বীকার করেন সহকারী শিক্ষিকা (আইসিটি) সাবিনা ইয়াসমিন ও সহকারী শিক্ষক মৌলভী মিজানুর রহমান। অভিযোগের প্রেক্ষিতে আগামী ৬ এপ্রিল তদন্তের সময় দিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিস।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষিকা (আইসিটি) সাবিনা ইয়াসমিন নিয়োগকালে তিনি তাঁর কম্পিউটার প্রশিক্ষণের সদনপত্রটি ভূয়া (জাল) দিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেন, ওই সনদ দিয়েই তিনি নিয়োগ নিয়েছেন। যা সরকারকে তাঁর শিক্ষাগত যোগ্যতা গোপন করে জালিয়াতি করেছেন।

    অন্যদিকে, সিফাত আলীর আরেকটি লিখিত অভিযোগপত্র সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক মৌলভী মিজানুর রহমান অপ্রাপ্ত বয়স্কতে তিনি নিয়োগ নিয়েছেন। যা তিনি নিজের বয়স গোপন করেছেন বলে অভিযোগে উল্লেখ করেন। এছাড়াও সতত্যা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিবেদক চাকলা মাদ্রাসায় সরজমিনে গেলে মৌলভী মিজানুর রহমান ক্যামেরার সামনে কোন কথা বলতে চাননি।এদিকে, শিক্ষক-কর্মচারীদের বিল ভাউচার অনুসন্ধান করে জানা গেছে, সহকারী শিক্ষক মৌলভী মিজানুর রহমানের জন্ম তারিখ ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি। আর তিনি এই মাদ্রাসায় যোগদান করেন ১৯৮৬ সালের ১ সেপ্টেম্বর। জন্ম তারিখ আর চাকুরীর যোগদানের তাখির যোগ-বিয়োগ করলে এর ফল দাঁড়াবে ১৫ বছর ৭ মাস বয়সে তিনি চাকুরীতে যোগদান করেছেন। যা বাংলাদেশ সরকারের চাকুরীতে নীতিমালা পরিপন্থি। এব্যাপারে সহকারী শিক্ষিকা (আইসিটি) সাবিনা ইয়াসমিন প্রতিবেদককে বলেন, আমি চাকুরীতে যোগদানের পূর্বে নিয়োগ পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েই যোগদান করেছি। তখন নিয়োগ বোর্ড তো আমার সনদ নিয়ে কোন প্রশ্নই করেননি। তাহলে এখন কেনো অভিযোগ বা জালিয়াতির কথা উঠছে? তারপরও আমি বলবো অভিযোগ হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবেন, যদি আমার সনদের কোন ভূল পান, তাহলে কর্তৃপক্ষ যা ব্যবস্থা নিবেন, তা মেনে নিবো।অন্যদিকে, সহকারী শিক্ষক মৌলভী মিজানুর রহমান বলেন, আমাকে সরকার চাকুরী দিয়েছে, আমি চাকুরী করছি। এর বাইরে কোন কথা নাই আমার। এব্যাপারে চাকলা দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান বলেন, নিয়োগ সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্ত হলে প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিন বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তের জন্য আগামী ৬ এপ্রিল সময় দেয়া হয়েছে। তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • বাগাতিপাড়ায় প্রাঃ বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ

    বাগাতিপাড়ায় প্রাঃ বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ

    বাগাতিপাড়ায় প্রাঃ বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ

    নাটোরের বাগাতিপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং দায়সারাভাবে কাজ করায় নির্মাণের কয়েক দিনের মধ্যেই পিলারের ঢালাই সামান্য চাপ দিলেই ঝরে পড়ছে। বিষয়টি নিয়ে তদারকি প্রতিষ্ঠানের উদাসীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় সচেতন মহল। জানা গেছে, উপজেলার জামনগর ইউনিয়নের চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক এই সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছে। সরেজমিনে দেখা যায়, পিলারের ঢালাইয়ে ইটের খোয়া ব্যবহারের চেয়ে বালু ও ডাস্টের পরিমাণ ছিল কয়েকগুণ বেশি। এমনকি সিমেন্টের পরিমাণ এতটাই কম ছিল যে, ঢালাইগুলো জমাট বাঁধেনি। রডের সেন্টারিং যথাযথ না হওয়ায় কাঠামোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।স্থানীয় বাসিন্দা আবু সাঈদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঢালাইয়ের মিশ্রণে সিমেন্ট ছিল নামমাত্র। রডের কোনো ঠিকঠিকানা নেই। পিলারের ফিনিশিং এতই খারাপ যে, হাতের ছোঁয়ায় পাথর-বালি খসে পড়ছে। এটি নির্মাণ নয়, সরকারি টাকা আত্মসাতের উৎসব।’ অনিয়মের প্রতিবাদ করায় উল্টো দম্ভোক্তি করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারের ভাগিনা পরিচয়দানকারী নয়ন নামের এক ব্যক্তি। স্থানীয়দের তোয়াক্কা না করে তিনি দাপটের সাথে বলেন, ‘ঢালাই দাও, যা হয় হবে। আমার মামা নাটোরের বড় ঠিকাদার, আমার মামা কম না।’ ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন দাম্ভিক আচরণে কাজের গুণগত মান ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিনুল ইসলাম জানান, বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে কাউকে না জানিয়ে তাড়াহুড়ো করে নিম্নমানের ঢালাই দেওয়া হয়েছে। তিনি বলেন, এসে দেখি বালু বেশি, সিমেন্ট কম। পিলারগুলো বাঁকা এবং অত্যন্ত দুর্বল। হাত দিয়ে ধরলেই তা ভেঙে পড়ছে। আমরা বিষয়টি সাথে সাথে উপজেলা প্রকৌশল অফিসকে জানিয়েছি। বাগাতিপাড়া উপজেলা সহকারী প্রকৌশলী মো. ফুয়াদ ২৯শে মার্চ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি স্বীকার করেন যে, ঢালাইয়ে সিমেন্টের পরিমাণ ভয়াবহ কম এবং রডের সেন্টারিংয়ে বড় ধরনের ত্রুটি রয়েছে। তিনি জানান, ঠিকাদারকে তলব করা হয়েছে এবং নিম্নমানের কাজ পুনরায় সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, সরকারি উন্নয়ন কাজে কোনো ধরনের হরিলুট বা অনিয়ম তারা বরদাশত করবেন না। তারা অবিলম্বে এই ত্রুটিপূর্ণ কাজ ভেঙে ফেলে শিডিউল মোতাবেক নতুন করে কাজ করার দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, ঠিকাদারি প্রতিষ্ঠানের রাজনৈতিক বা আর্থিক প্রভাবের কাছে নতি স্বীকার না করে যদি কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তবে সরকারি উন্নয়ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে না।

  • নাচোলে হেরোইন ও গাঁজাসহ চার মাদক কারবারি আটক

    নাচোলে হেরোইন ও গাঁজাসহ চার মাদক কারবারি আটক

    নাচোলে হেরোইন ও গাঁজাসহ চার মাদক কারবারি আটক

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেরোইন ও গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানার ওসি (তদন্ত) এসএম নুরুল কাদের সৈকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার এস.আই আব্দুল হাই এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ফতেপুর ইউপির উসির বেলডাঙ্গা চাঁদপাড়া গ্রামস্থ জনৈক লিটনের আমবাগানে অভিযান পরিচালনা করে। ওই সময় (১৭ পুরিয়া) ৩ গ্রাম হেরোইন ও ১৩০ গ্রাম গাঁজা বেচাকেনার সময় উসির বেলডাঙ্গা গ্রামের মহশিন আলীর ছেলে রশিদুল ইসলাম কালু (২২), ইসলামপুর খৈন্ধা গ্রামের মৃত আয়েশ উদ্দীনের ছেলে আব্দুল আলিম (৩৫), চাঁদপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে তাইজুল ইসলাম ভোলা (৪৫) ও একই গ্রামের মৃত একরামুল হকের ছেলে ইউসুফ আলী (৩২)কে ঘটনাস্থলেই আটক করে। আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে তারা স্বীকার করে। বুধবার মাদক আইনে আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • গোমস্তাপুরে মোবাইল কোর্টে ১১ মামলায় জরিমানা

    গোমস্তাপুরে মোবাইল কোর্টে ১১ মামলায় জরিমানা

    গোমস্তাপুরে মোবাইল কোর্টে ১১ মামলায় জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়ক পরিবহন আইন অমান্য করার অভিযোগে পৃথক দুই অভিযানে ১১টি মামলায় মোট ৭ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৯২(১) ধারায় ৮টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, একই দিনে বিকেলে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি গোমস্তাপুর উপজেলায় পৃথক আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারায় ৩টি মামলায় ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে মোটরসাইকেল আরোহীদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা মমিনুল হক

    লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা মমিনুল হক

    লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা মমিনুল হক

    লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ৩ ধারা ‘জেলা পরিষদ আইন, ২০০০’-এ সন্নিবেশিত ধারা ৮২ ক (১) মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ কে এম মমিনুল হককে লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। জানা যায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালিন সরকার সারা দেশের জেলা পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব স্থগিত করে দেয়। এরপর থেকে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন জেলা প্রশাসকগণ। নবনিযুক্ত প্রশাসক এ কে এম মমিনুল হক বর্তমানে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

  • নীলফামারীতে তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

    নীলফামারীতে তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

    নীলফামারীতে তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

    নীলফামারীর জলঢাকায় জ্বালানি তেল মজুদ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের সালটিতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আতাউর রহমান (৩২)এর ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ লিটার ডিজেল ও ও ৫ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় আতাউর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও বলেন, জব্দকৃত জ্বালানি তেল বুধবার সকালে দুইটি পাম্পে বিতরণ করা হয়েছে। এ অভিযানে উপজেলা প্রশাসন, র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২, থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

  • ভোলাহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    ভোলাহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    ভোলাহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিশনার সানাউল মোর্শেদ, অফিসার ইনচার্জ একরামুল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাইমা তাবাসসুম শাহ, উপজেলা প্রকৌশলী মোঃ আহরাম আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, ইউআরডিও মোঃ সবুজ আলী, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, জে কে পোলাডাঙ্গা নায়েব সুবেদার মোঃ আঃ হালিম, বিজিবি চাঁন শিকারী কোম্পানি কমান্ডার মোঃ ইদ্রিস আলী এবং ভিডিপি অফিসার মোসাম্মাৎ নাদিরা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু।সভায় বর্তমান জ্বালানি তেলের সংকট, সরবরাহ পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, বাজার মনিটরিং জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে সকল দপ্তরকে সতর্ক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।