Blog

  • সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত-৩ ॥ আহত-১০

    সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত-৩ ॥ আহত-১০

    সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত-৩ ॥ আহত-১০

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের সড়কে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ ৩ কারবারী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ ৩ কারবারী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ ৩ কারবারী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ ৩ কারবারী গ্রেফতার হয়েছে।আটককৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার জগদীশপুর ইউপির উত্তর বরক গ্রামের মোঃ ফুল মিয়ার ছেলে মোঃ আলফাজ মিয়া (২৩),রাজশাহী জেলার দুর্গাপুর থানার ঝালুকা গ্রামের মৃত শাকিল আলীর ছেলে ট্রাক ড্রাইভার মোঃ রকি আহমেদ (২৬) এবং একই উপজেলার নওদা সাহিবার গ্রামের মোঃ বাবর আলীর ছেলেট্রাক হেলাপার মোঃ সানোয়ার আহমেদ (১৯)। বৃহস্পতিবার দুপুরে চালানো অভিযানের বিষয়ে শুক্রবার সকালে এক প্রেসনোটে র‌্যাব জানায়, মালবাহী ট্রাকে অভিনব কায়দায় বহনকালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহানন্দা সেতু টোল ঘর সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ মাদক গাঁজাসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। ০২ এপ্রিল বেলার ১২টার দিকে চালানো অভিযানে ৪৯ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদক গাঁজাসহ মাদক কারবারী হবিগঞ্জের মোঃ আলফাজ মিয়া,

    রাজশাহীর ট্রাক ড্রাইভার মোঃ রকি আহমেদ এবং ট্রাক হেলাপার মোঃ সানোয়ার আহমেদ কে আটক করা হয়।আসামী ও উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।র‌্যাব আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি মালবাহী ট্রাক থামানোর সংকেত দিলে সংকেত পেয়ে গাড়িটি থামালে সন্দেহ জনকভাবে আসামীদেরকে ট্রাকের কেবিনের ভিতর হতে আটক করা হয়। আসামীদের স্বীকারোক্তি মোতাবেক ট্রাকের পিছন ডালায় ত্রিপলে ঢাকা অবস্থায় ৪টি সাদা প্লাষ্টিকের তুলার বস্তার ভিতর বিশেষ কায়দায় রাখা ৪টি চটের বস্তার ভিতর ১৪টি নীল রংয়ের পলিথিনে কসটেপ দ্বারা মোড়ানো মোট ৪৯.৫০০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা, সাদা রংয়ের প্লাস্টিকের ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা (চালাল বিহীন), ০২টি স্যালো মেশিন, মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মালবাহী ট্রাক এবং আসামীদের হেফাজত হতে মাদক কারবারীতে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৮’শ টাকা জব্দ করা হয়।

  • চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ॥বইছে মাঝারি তাপপ্রবাহ

    চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ॥বইছে মাঝারি তাপপ্রবাহ

    চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ॥বইছে মাঝারি তাপপ্রবাহ

    চুয়াডাঙ্গায় সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রীতে। বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, যা সারা দেশের মধ্যেও সর্বোচ্চ। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৩ শতাংশ। বেলা ৩ টায় একই তাপমাত্রা রেকর্ড করা হলেও এ সময় বাতাসে আর্দ্রতার ছিল ৩৪ শতাংশ, যা গরমের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। এর আগে বেলা ১২টায় তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস ,সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৫ শতাংশ। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও বেড়ে যায় এবং বাতাসের আর্দ্রতা কমে যায়। এদিকে, প্রচন্ড তাপপ্রবাহে জেলা শহরের রাস্তা অনেকটাই ফাঁকা দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। বিশেষ করে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে। স্থানীয় কৃষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। টানা গরমে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন তারা। বৃষ্টির না হওয়ায় মাটি ফেটে যাচ্ছে। এতে প্রভাব পড়ছে শাকসবজি চাষে।চুয়াডাঙ্গার সদর উপজেলার হাসনহাটি গ্রামের কৃষক খোকন জানান, রোদের তাপে ও গরমে মাঠে কাজ করা যাচ্ছে না। বৃষ্টি না হলে ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে। এ অবস্থায় খুব দুশ্চিন্তায় আছি। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সাথে বাতাসে আর্দ্রতার ছিল ৩৪ শতাংশ। কয়েকদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

  • পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে-গুলি করে হত্যা

    পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে-গুলি করে হত্যা

    পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে-গুলি করে হত্যা

    পাবনার ঈশ্বরদীতে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে হামলাকারীরা।বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইমরান হোসেন সোহাগ (২৬) উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সদস্য এবং একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন। এছাড়াও তিনি জিয়া সাইবার ফোর্স, ঈশ্বরদী শাখার সেক্রেটারি ছিলেন।স্থানীয়দের বরাতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সাংবাদিকদের জানান, রাতে সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মাস্ক পরিহিত কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার আরও বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মাথার একটি অংশ গুরুতর আঘাতপ্রাপ্ত ও ছিন্নভিন্ন হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

  • গাইবান্ধায় বিয়েবাড়িতে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যায় একজন আটক

    গাইবান্ধায় বিয়েবাড়িতে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যায় একজন আটক

    গাইবান্ধায় বিয়েবাড়িতে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যায় একজন আটক

    গাইবান্ধায় বিয়ের অনুষ্ঠানে খাবার টেবিলে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে ছায়দার আলী (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি মোঃ গোলজার রহমান (৪৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বুধবার রাতে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২২ জুন রাত ২টার দিকে একটি বিয়ে বাড়ির খাবার অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় মনোয়ারা বেগম নামে এক নারী ভিকটিম ছায়দার আলীর মুখে মাংস-ভাতসহ প্লেট ছুড়ে মারেন। ছায়দার আলী এই অন্যায়ের প্রতিবাদ করলে গোলজার রহমানসহ ১৫-২০ জন সংঘবদ্ধ হয়ে লাঠি, লোহার রড ও রান্নার লাকড়ি দিয়ে তাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় ছায়দার আলীকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুন বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গাইবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-১৩ ছায়দার আলী হত্যার আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উত্তর ঘাগোয়া এলাকার মৃত আব্দুল সামাদের ছেলে ও মামলার ২ নম্বর আসামি গোলজার রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত থাকবে।এলাকাবাসীর দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার।

  • পাগলা কুকুরের কামড়ে অর্ধশত আহত

    পাগলা কুকুরের কামড়ে অর্ধশত আহত

    পাগলা কুকুরের কামড়ে অর্ধশত আহত

    কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫০নারী-পুরুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০জন নারী-পুরুষ চিকিৎসার জন্য আসেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে। এদিকে, ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এসে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ও থানার ওসি এসএম আরিফুর রহমান। আহতরা হলেন, ইমরান (৩৩), সাদেক (৩৫), মানছু মিয়া (৪০), জয় (১৫), খুশনাহার (৪৫), আসমা (৩২), মুনতাজ উদ্দিন (৭০), শরিফ (৩০), কাওসার (২২) জিহাদ (১৫), বাবুলমিয়া (৪০), মিলন (৩৬), সিয়াম (২০), সুমা (২৫), রিনা (২৭), কিসমত (১৪), শিপন (২২), লোকমান হোসেন (৩০), সাখাওয়াত (৪২), ইমরান (২৫), বিজয় (১৭), স্বপন মিয়া (৫০), হারুন অর রশীদ (৫৫), পলাশ (২৫), আকিব আলম (১৫), সুমিত (১৮), লাবণ্য (১৫), সানজিদা (২৫), রফিকুল ইসলাম (৫০), সাদেক (৩৫), রইছ উদ্দিন (৬৮)সহ আরো অনেকে। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা গেছে, অধিকাংশ আহতেরই আক্রান্ত হওয়া স্থান থেকে রক্ত ঝরছে। কেউ বাইরে বসে আক্রান্ত স্থানে সাবান দিয়ে ধুয়ে পরিস্কার করছেন। কেউবা আবার জরুরী বিভাগে চিকিৎসা সেবা নিচ্ছেন। আহত এবং স্বজনদের উপচেপড়া ভিড় হাসপাতাল জুড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান সাংবাদিকদের জানান, সন্ধ্যার পর থেকে মাত্র এক ঘন্টায় ৩০জন নারী-পুরুষ পাগলা কুকুরের কামড়ের শিকার হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। আহতের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, যেভাবে লোকজন আসছেন, তাতে মনে হচ্ছে আহতের সংখ্যা অর্ধশত’র বেশি হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যা ভ্যাকসিন ছিলো তা শেষ। অনেকেই বাইরে থেকে কিনে পুস করছেন। কুকুরের কামড়ে আহত হয়ে একসাথে এতো রোগী আর কখনো আসেনি। পাকুন্দিয়া ইউএনও রূপম দাস বলেন, পাগলা কুকুরে অনেক মানুষকে কামড়িয়েছে শুনতে পেরে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে যাই এবং তাদের চিকিৎসার খোঁজখবর নিই। পাগলা কুকুর দমনে কী করা যায়, বিষয়টি নিয়ে ভেবে দেখা হচ্ছে।

  • ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলায় আক্রান্ত ১৮ শিশু ॥ জেলায় আতঙ্ক

    ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলায় আক্রান্ত ১৮ শিশু ॥ জেলায় আতঙ্ক

    ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলায় আক্রান্ত ১৮ শিশু ॥ জেলায় আতঙ্ক

    ঠাকুরগাঁওয়ে হঠাৎ করেই বাড়ছে হাম ও রুবেলার প্রকোপ। জেলায় ইতিমধ্যে ১৮ জন শিশু এই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে চারজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলছে স্বাস্থ্য বিভাগ।সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত ১৮ শিশুর মধ্যে বর্তমানে দুইজন হামে এবং দুইজন রুবেলায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ১৪ শিশুকে তাদের নিজ নিজ বাড়িতে স্বাস্থ্য বিভাগের বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. আনিছুর রহমান জানান, আক্রান্তদের মধ্যে ৬ শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ল্যাব টেস্টে দুইজনের শরীরে হাম এবং আরও দুইজনের শরীরে রুবেলা শনাক্ত হয়। তিনি বলেন, আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে নতুন করে কেউ আক্রান্ত না হয়। ২০১৮ সালের পর থেকে বড় ধরনের কোনো আনুষ্ঠানিক টিকা ক্যাম্পেইন না হওয়ায় রোগটি দেখা দিয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের শরীরে তীব্র জ্বর, ফুসকুড়ি, কাশি এবং চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে। হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, যা মূলত হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অন্যদিকে রুবেলা শিশুদের জন্য তুলনামূলক কম ক্ষতিকর মনে হলেও গর্ভবতী নারীদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সময়মতো চিকিৎসা ও সতর্কতা অবলম্বন না করলে আক্রান্ত শিশুদের নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো জটিলতা তৈরি হতে পারে।
    ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল বলেন, হামের সংক্রমণ মোকাবিলায় হাসপাতালে দ্রুত ৪ শয্যার একটি আলাদা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। দুইজন শিশু সেখানে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছে। বিশেষজ্ঞদের মতে, টিকাদানে অনীহা বা কোর্স সম্পন্ন না করার কারণেই এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। শিশুদের নির্ধারিত সময়ে এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া নিশ্চিত করতে হবে। কোনো শিশুর শরীরে জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে আক্রান্ত শিশুকে সুস্থ না হওয়া পর্যন্ত অন্য শিশুদের থেকে আলাদা রাখার পরামর্শ দেয়া হয়েছে।

  • লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত

    লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত

    লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিক নিহত

    ‎লক্ষ্মীপুরের সুতার গোপটা এলাকায় একটি ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুই শ্রমিক। মেসার্স এনবিএসি ব্রিকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহতরা হলেন, ইটভাটা শ্রমিক রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫)। তারা সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্র জানায়, দু’জনই ইট ভাটার লোড-আনলোডের কাজে জড়িত ছিলেন। কাজ শেষে ইটের ভাটার একপাশে থাকা টিনসেট ঘরে বিশ্রাম নিতে গেলে ওই ঘরে থাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ঘরে শর্ট সার্কিট হয়। এতে ওই দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। বৃহস্পতিবার দুপুরে শ্রমিকরা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। শ্রমিকরা জানায়, হঠাৎ তারা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাঁচানো যায়নি। ‎এ ঘটনায় আমাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীকে বাঁচানো গেল না আর। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, দূর্ঘটনায় আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহেদ পারভেজ বলেন, ইটভাটায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। ‎ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • রবিবার থেকে জেলায় ‘হাম’র টিকা কার্যক্রম শুরু- চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নির্মূলে করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ সভা-৪৫ হাজার টিকার প্রস্তুতি

    রবিবার থেকে জেলায় ‘হাম’র টিকা কার্যক্রম শুরু- চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নির্মূলে করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ সভা-৪৫ হাজার টিকার প্রস্তুতি

    রবিবার থেকে জেলায় ‘হাম’র টিকা কার্যক্রম শুরু

    চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নির্মূলে করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ সভা-৪৫ হাজার টিকার প্রস্তুতি

    চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিশুদের প্রাণঘাতি রোগ ‘হাম’ রোগের বর্তমান অবস্থা ও করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ। হামের প্রাদুর্ভাব নির্মূলে ব্যাপক টিকাদান কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি মোঃ হারুনুর রশীদ এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাবুদ্দীন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

    সভায় জানানো হয়, জেলায় হামের প্রাদুর্ভাব রোধে আগামী রবিবার থেকে টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রায় ৪৫ হাজার ডোজ টিকা প্রয়োগ করা হবে। প্রধান অতিথি ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “‘হাম’ একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকা নিশ্চিত করতে পারলে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাম প্রতিরোধে লক্ষ্যমাত্রাভুক্ত শিশুর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৮১৪ জন। এ বিপুল সংখ্যক শিশুকে টিকার আওতায় আনতে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভায় সিভিল সার্জন ডা. এ কে এম শাহাবুদ্দীন এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মশিউর রহমান টিকাদান কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন। তারা জানান, প্রত্যন্ত এলাকাতেও টিকা পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    সভা শেষে হামের (Measles) রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে এন্টিবায়োটিক ইনজেকশন ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং টিকা ক্রয়ের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকার একটি চেক জেলা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। অতিথিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে এমন সহযোগিতা টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করবে। সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোঃ জুবায়ের হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইকরামুল হক নাহিদ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির মুন্সি, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তৌফিক আজিজ, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ,

    জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রটগণসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল আলম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, দৈনিক চাঁপাই দর্পণ ও দৈনিক অধিকার ডট কমের নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা। সভা থেকে দ্রুত সময়ের মধ্যে শতভাগ শিশুকে টিকার আওতায় এনে চাঁপাইনবাবগঞ্জকে হামমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

  • ‘হামের প্রকোপ’ স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

    ‘হামের প্রকোপ’ স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

    ‘হামের প্রকোপ’ স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

    দেশে চলছে হামের প্রকোপ। তাই হামের প্রকোপ না কমা পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পুর্নিমা জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, সময়মতো শিশুদের টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার পর্যাপ্ত মজুদ বজায় রাখতে না পারা এবং জরুরি স্বাস্থ্যসেবায় ঘাটতি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।আবেদনকারী আইনজীবী জানান, দ্রুততম সময়ের মধ্যে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে। রিটে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা চাওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে, দেশব্যাপী জরুরি ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি শুরু করা, সিরিঞ্জসহ প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিত করা এবং প্রতিটি হাসপাতালে বিশেষায়িত ইউনিট ও আইসিইউসহ কার্যকর জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এবং বিপুল সংখ্যক শিশুর প্রাণহানির ঘটনায় জনমনে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটেই শিশুদের সুরক্ষায় আইনি পদক্ষেপ হিসেবে এই রিটটি দায়ের করা হয়েছে।