Blog

  • স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে হত্যার কারণ জানালেন গ্রেপ্তার যুবক

    স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে হত্যার কারণ জানালেন গ্রেপ্তার যুবক

    রংপুরের তারাগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তার স্ত্রী সুবর্ণা রায়কে (৬০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মাত্র আট হাজার টাকা চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করা এক যুবক এ দম্পতিকে হত্যা করেন।
    শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন এ তথ্য জানান।
    এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে সন্দেহভাজন যুবক মোরছালিনকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। তিনি তারাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেন।
    তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে গ্রেপ্তার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরছালিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যায় ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
    প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরছালিন হত্যার দায় স্বীকার করেছেন। তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দা উদ্ধার করা হয়েছে। কুড়াল উদ্ধারের কাজ চলছে।
    স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি আরও বলেন, মোরছালিনের আট হাজার টাকার মতো ঋণ ছিল। সেই ঋণ শোধ করতে তিনি যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে টাকা লুটের পরিকল্পনা করেন। ঘটনার দুই দিন আগে তিনি ওই বাড়িতে টাইলসের কাজ করেছিলেন।
    শনিবার (৬ ডিসেম্বর) রাতে তিনি ওই বাড়িতে ঢুকে সঙ্গে আনা কুড়াল দিয়ে প্রথমে সুবর্ণাকে, পরে যোগেশ চন্দ্র রায়কে কুপিয়ে হত্যা করেন। এরপর বাড়ির দা দিয়ে আলমারির তালা ভেঙে টাকা খুঁজলেও কিছু পাননি বলে পুলিশকে জানান। পরে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় পুকুরে কুড়ালটি ফেলে দেন।
    গত শনিবার গভীর রাতে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামে নিজ বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। রোববার (৭ ডিসেম্বর) সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে দম্পতির রক্তাক্ত মরদেহ দেখতে পান।
    বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ছিলেন একজন শিক্ষক। ২০১৭ সালে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসরে যান। তার দুই ছেলে- বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে থাকেন এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশে চাকরি করেন। গ্রামের বাড়িতে শুধু দম্পতি দুজনই থাকতেন।
    এ ঘটনায় বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ সেই মামলার অগ্রগতির অংশ হিসেবে এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে।
    তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোরছালিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে।

  • সিংড়ায় বিনামূল্যে ২ হাজার কৃষক পেল বোরো ধানের বীজ ও সার

    সিংড়ায় বিনামূল্যে ২ হাজার কৃষক পেল বোরো ধানের বীজ ও সার

    ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় নাটোরের সিংড়ায় ২ হাজার কৃষকদের মাঝে বিনামুল্যে বোরো ধান উফশী বীজ ও সার এবং বোরো ধান হাইব্রিড বীজ বিতরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি হলরুমে ১৭০০শত জন প্রান্তীক কৃষককের মাঝে বিনামূল্যে বোরো ধানের উফশী বীজ ও সার এবং ৩২০জন কৃষকদের মাঝে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মিঠুন কুন্ডু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন প্রমূখ।

  • গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলার জগৎ আনন্দ আয়োজন-২০২৫ অনুষ্ঠিত

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলার জগৎ আনন্দ আয়োজন-২০২৫ অনুষ্ঠিত

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ খেলার জগৎ মডেল বাস্তবায়ন কার্যক্রমকে আরও কার্যকর করতে “খেলার জগৎ আনন্দ আয়োজন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫) সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ কালিকাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ:ব:মো: মাহমুদুন্নবী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়।
    খেলার জগৎ কার্যক্রমটি আয়োজন করেন অ্যাডভোকেসি ফর প্লে, আরলি লার্নিং অ্যান্ড সোশিও-ইমোশনাল ডেভেলোপমেন্ট ইন বাংলাদেশ এবং বাস্তবায়ন করছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। কারিগরি সহযোগিতায় ছিল ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইন্সটিটিউট (ব্র্যাক আই ই ডি)। উল্লেখ্য যে বাংলাদেশে ৮২১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক দুই বছর মেয়াদী কার্যক্রম সরকার শুরু করেছে। এরমধ্যে গাইবান্ধা জেলায় মোট ১২১ টি বিদ্যালয় সরকার দুই বছর মেয়াদী প্রাক-প্রাথমিক কার্যক্রম শুরু করেছেন। গাইবান্ধা জেলায় তিনটি উপজেলায় খেলার জগৎ চলমান রয়েছে মোট ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাঁচ বছরের নিচে ৪ বছরে উপরে শিশুরাই এই এই খেলার জগৎ শিখনে অংশগ্রহন করছে।
    এসময় আরও উপস্থিত ছিলেন, ব্র্যাক শিক্ষা কর্মসূচি পরিচালিত খেলার জগৎ এর জেলা ব্যবস্থাপক মো. নাজমুল করিম শিমুল। অনুষ্ঠানের সাবিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল হাবিদ । খেলার জগত সংশ্লিষ্ট ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, খেলার জগৎ শিখন প্রক্রিয়ার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, উপস্থিত ছিলেন।

  • সিংড়ায় তফসির ঘোষণার পর এমপি প্রার্থী অধ্যক্ষ আনুর গণসংযোগ

    সিংড়ায় তফসির ঘোষণার পর এমপি প্রার্থী অধ্যক্ষ আনুর গণসংযোগ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পর স্বাগত জানিয়ে গণসংযোগ করেছেন নাটোর-৩, সিংড়া আসনে বিএনপির মনোনীত এমপি পদ প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধা ৭ টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
    গণসংযোগকালে অধ্যক্ষ আনু ধানের শীষে ভোট প্রার্থনার পাশাপাশি বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন শাখা,উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক,উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন,উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড শামীম হোসেন,

    উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা,উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধু,খাজুরা ইউনিয়ন পরিষদের সবেক চেয়ারম্যান আফরাজ্জান, পৌর বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক কমিশনার মহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, সদস্য সচিব আবুল হাসান ডাবলু,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর গনি পলাশ,পৌর বিএনপির সদস্য রেজাউল করিম বাবলু,উপজেলা কৃষক দলের আহবায়ক রেজাউল করিম জান্টু, নাটোর জেলা জিয়া পরিষদের সহসভাপতি আল আসাদ বিন সাঈদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন কবির,উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু,পৌর ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন,পৌর ছাত্রদলের সদস্য সচিব শ্রী উৎপল কুমার,শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন,চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রঞ্জু,কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাঃসম্পাদক হায়দার রশিদ রিপন, হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রশিদ,লালোর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম রেজা,লালোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুসজ্জামান, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমাজদ হোসেন আঞ্জু, ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ইনজামামুল হক জুয়েল, জিএ কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান লেমন,কলেজ ছাত্রদলের সাঃ সম্পাদক হাসানুজ্জামান হাসান প্রমূখ।

  • ইজতেমার ময়দানে জুমার নামাজে লাখো মুসল্লি

    ইজতেমার ময়দানে জুমার নামাজে লাখো মুসল্লি

    ঢাকা বিভাগীয় ইজতেমায় শুক্রবার জুমার নামাজে লাখো মুসল্লির ঢল নামে। ভোর থেকে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বিশাল মাঠমুখী ধর্মপ্রাণ মানুষের সমাগম বাড়তে থাকে। বাদ ফজরের আম বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ পন্থী) আয়োজিত তিন দিনের এই ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ইজতেমাস্থলে যাওয়া পথে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিদের দীর্ঘ মানবস্রোত দেখা যায়। জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের আলেমে দ্বীন মুফতী উসামা ইসলাম। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা জানান, দীর্ঘদিন পর বিভাগীয় পর্যায়ের আয়োজন হওয়ায় এবার ভিড় আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও রাজবাড়ী থেকে মুসল্লিরা এসেছেন। আয়োজকদের পক্ষ থেকে শামিয়ানা, পানির লাইন, বিদ্যুৎ সংযোগ, গাড়ি পার্কিং, সাইকেল গ্যারেজসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হয়েছে। তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘এবার জেলা ইজতেমার পরিবর্তে বিভাগীয় ইজতেমা হচ্ছে। ঢাকা বিভাগের ১৩টি জেলা থেকে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, প্রায় ২০০ বিদেশি মেহমান যোগ দেবেন ইজতেমায়।’ জামিয়া কাশিফুল উলুম ঢাকার মুহতামিম মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ বলেন, দিল্লীর নিজামুদ্দিন মারকাজের মুরুব্বিদের একটি জমাত মাওলানা ফারুকের নেতৃত্বে ইজতেমায় উপস্থিত হয়েছেন। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ঢাকা বিভাগীয় ইজতেমা। এ ছাড়া চলতি সপ্তাহে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ইজতেমাও শুরু হয়েছে। আগামী সপ্তাহে বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ইজতেমা অনুষ্ঠিত হবে।

  • রামগতিতে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

    রামগতিতে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

    ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে লক্ষ্মীপুরের রামগতিতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রামগতি বাজারস্থ বাণী-ভবানী কামেশ্বরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাদককে ‘না’ বলার অঙ্গীকার ব্যক্ত করেন। বসুন্ধরা শুভসংঘ রামগতি উপজেলা শাখার সভাপতি সারোয়ার মিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আতাউর রহমান, হাসান মাহমুদ, মন্টু চন্দ্র দে, ইশতিয়াক উদ্দিন মেহেরাজ। এছাড়া উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আবু ছাঈদ,সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক তামান্না বেগম,ইভেন্ট সম্পাদক শুভ সাহা,কর্ম ও পরিকল্পনা সম্পাদক আশিকুর রহমান জিপু,প্রচার সম্পাদক মিরাজ উদ্দিন কালাম,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বাছিত,স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক লামইয়ামিন শ্রাবণ,ক্রীড়া সম্পাদক ফারহানা বেগম,তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাকিল উদ্দিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মো. রিয়াজ,শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রাহিমা আক্তার,দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. ফারুক, সমাজকল্যাণ সম্পাদক মো. আকবর হোসেন, কার্যকরী সদস্য অলি আহমদ, লাইলী আক্তার, সুমাইয়া আক্তার। সমাবেশে বক্তারা বলেন, ‘বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতিকে আরও এগিয়ে নিতে ছাত্র ও যুবসমাজের মেধা ও শক্তিকে কাজে লাগাতে হবে। এজন্য মাদকমুক্ত সমাজ গঠন অপরিহার্য। বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ, নিজেরা মাদকমুক্ত থাকা ও অন্যদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানাই।’ তারা আরও বলেন, ‘মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের তদারকি এবং অভিভাবকদের কঠোর নজরদারি অত্যন্ত জরুরি। ছাত্র-যুবসমাজ যদি মাদকমুক্ত থাকে, তবে তারা দেশের বড় সম্পদে পরিণত হবে এবং জাতীয় উন্নয়ন হবে টেকসই।’ সমাবেশের শেষে শিক্ষার্থীরা মাদককে না বলার শপথ গ্রহণ করেন।

  • ডাকাতির সময় গণধোলাই ॥ তিন যুবকের কাছ থেকে অস্ত্র উদ্ধার

    ডাকাতির সময় গণধোলাই ॥ তিন যুবকের কাছ থেকে অস্ত্র উদ্ধার

    মুন্সীগঞ্জের গজারিয়ায় ডাকাত সন্দেহে তিন যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, আটক যুবকদের কাছ থেকে ২১টি কার্তুজ, তিনটি রামদা, ২০টি ককটেল ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, গণধোলাইয়ে আহত হওয়ায় তিন যুবককে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, আহত অবস্থায় আটক ব্যক্তিদের চিকিৎসা চলছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে এলাকাবাসী আটক তিনজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটক ব্যক্তিরা হলেন- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জসিম বেপারির ছেলে রাসেল মিয়া (৩০), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আনোয়ার হোসেনের ছেলে আবু হানিফ (৪২) এবং গজারিয়া উপজেলার বালুয়াকান্দী গ্রামের হানিফ মিয়ার ছেলে লোকমান হোসেন (৩৫)। শিমুলিয়া গ্রামের আব্দুল আজিজ, কাশেম মিয়া ও জালাল উদ্দীনসহ কয়েকজন গ্রামবাসী বলেন, সম্প্রতি এলাকায় চুরি ও ডাকাতি বাড়ায় স্থানীয়রা রাত জেগে পাহারা দিচ্ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তারা ১০-১২ জনের একটি সঙ্ঘবদ্ধ দলকে বিদ্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। গ্রামবাসী ধাওয়া দিলে দলের কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করা সম্ভব হয়। তাদের কাছ থেকেই ২১টি কার্তুজ, তিনটি রামদা, ২০টি ককটেল ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। পরে শুক্রবার সকালে আটক তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়। তারা বলেন, আটককৃতরা জিতু রাঢ়ী গ্রুপের সদস্য। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, আটক তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। সবারই আঘাত সামান্য। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পুলিশের জিম্মায় ফেরত দেওয়া হয়েছে।

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা ॥ ভোট ১২ ফেব্রুয়ারি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা ॥ ভোট ১২ ফেব্রুয়ারি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায়। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যলটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার শপথ নেয়। অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি। শুরুতে গত বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছিল বিএনপিসহ কিছু দল। গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের বিষয়ে দুজন একমত হন। এর পর থেকে সরকার বারবার বলে আসছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। ইসিও সে লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে নেয়। এর মধ্যে গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ দুটি ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন সিইসি। ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই কেবল দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। এখন ইসিতে নিবন্ধিত দল আছে ৫৬টি। এর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। নিবন্ধন স্থগিত থাকা দল নির্বাচনে অংশ নিতে পারে না। নিবন্ধিত অন্য দলগুলো এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে। এর বাইরে প্রার্থী হওয়ার যোগ্য যেকোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। আগামী নির্বাচনই হবে এই কমিশনের অধীনে প্রথম কোনো নির্বাচন। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হচ্ছে। দুটি ভোটের সময় ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি। সময় ব্যবস্থাপনার জন্য এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এ ছাড়া ভোটকেন্দ্রে গোপন কক্ষের সংখ্যাও বাড়ানো হবে। অন্যদিকে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাকেও চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে সরকার জানিয়েছে, তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয়, সে লক্ষ্যে কাজ করবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবেন, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

  • সীমান্তের ওপারে নদী থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার

    সীমান্তের ওপারে নদী থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার

    সীমান্তের ওপারে নদী থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের ওপারে ভারতীয় অংশে নদী থেকে তসিকুল ইসলাম নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বুধবার দেশটির পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে বিজিবিকে জানিয়েছে তসিকুলের পরিবার। চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তসিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামের এব্রাহিম আলীর ছেলে। চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম ছবিসহ স্থানীয়রা জানান, কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে ভারতে যান তসিকুল ইসলাম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সীমান্ত সংলগ্ন ভাগিরথী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ভারতের পুলিশ। তবে তিনি কিভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় তসিকুলের বাবা ইব্রাহিম আলী বিজিবির বাখের আলী ক্যাম্পে এসে বিষয়টি অবহিত করেন। তিনি দাবি করেছেন নদীতে ভাসমান অবস্থায় তসিকুলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার ভারতের অভ্যন্তরে।
    বিজিবি অধিনায়ক বলেন, তসিকুলের ছবি পাঠানো হয়েছে বিএসএফের কাছে। পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করলে, তা ফেরত আনার ব্যবস্থা করা হবে।

  • গোবিন্দগঞ্জে অনুমোদনহীন ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

    গোবিন্দগঞ্জে অনুমোদনহীন ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ‘মেসার্স উৎস এন্টারপ্রাইজ’ নামে একটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়াসহ ওই ইটভাটার মালিকের ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে। বুধবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক গোবিন্দগঞ্জের ফাঁসিতলায় অবস্থিত মেসার্স উৎস এন্টারপ্রাইজ ইটভাটার মালিক আবু তালেব মন্ডলকে দুই লাখ টাকা জরিমানা ধার্য্য করেতা তাৎক্ষণিক আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম কুমার ও পরিদর্শক শের আলমসহ গোবিন্দগঞ্জ থানার একদল পুলিশ এ অভিযানকালে উপস্থিত ছিলেন। গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, ইটভাটার চিমনি ভেঙ্গে ও কাঁচা ইট গুড়িয়ে দিয়ে এ অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়াসহ ওই ইটভাটার মালিকের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদন বিহীন ইটভাটা গুলোর বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। এদিকে, গোবিন্দগঞ্জ উপজেলায় এ ধরনের অনুমোদনবিহীন আরও অনেক ইটভাটা গড়ে উঠলেও শুধুমাত্র একটি ইটভাটায় অভিযান পরিচালনা করায় স্থানীয় জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন-তবে কি সমঝোতার মাধ্যমে অবৈধ অন্য ভাটাগুলোকে সতর্ক করে দেয়ার জন্য লোক দেখানো এ অভিযান পরিচালনা করা হলো?