Blog

  • জুলাই হত্যাকান্ডে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা-কামাল-মামুন’র রায় ১৭ নভেম্বর

    জুলাই হত্যাকান্ডে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা-কামাল-মামুন’র রায় ১৭ নভেম্বর

    জুলাই হত্যাকান্ডে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা-কামাল-মামুন’র রায় ১৭ নভেম্বর

    জুলাই হত্যাকান্ডের মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের রায় আগামী ১৭ নভেম্বর প্রদান করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের তারিখ ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এ মামলার অপর দুই আসামি হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি (মিসকেস বা বিবিধ মামলা) হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচারকাজ অনুষ্ঠিত হয়। সেদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্রথম দিকে এ মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন। চলতি বছরের ১৬ মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের ১২ মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত ১২ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক শেষ হয় ২৩ অক্টোবর। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গত ১ জুন শেখ হাসিনাসহ এই তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়। সেগুলো হলো গত বছরের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর অভিযোগ। এই পাঁচ অভিযোগে তিন আসামির বিরুদ্ধে গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলার একমাত্র গ্রেপ্তার আসামি। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার আবেদন করেন।

  • আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে আর্থিক সচেতনতা কার্যক্রম

    আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে আর্থিক সচেতনতা কার্যক্রম

    আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে আর্থিক সচেতনতা কার্যক্রম

     

    দেশব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের শাহ নেয়ামতুল্লাহ কলেজে আর্থিক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন শাহ্ নেয়ামতউল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী। তিনি বলেন, শিক্ষার্থীদের অর্থব্যবস্থা সম্পর্কে জ্ঞানার্জন জরুরি। ব্যাংকিং ও আর্থিক সেবার সঙ্গে পরিচিতি তরুণ প্রজন্মকে আত্মনির্ভর ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক রিপন বসাক। তিনি বলেন, আর্থিক সচেতনতা কর্মসূচির মাধ্যেমে ব্যাংকিং সেবা সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছাবে। তরুণ প্রজন্মের মধ্যে সঞ্চয়, বিনিয়োগ ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ে সচেতনতা তৈরিই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে তরুণ প্রজন্ম আর্থিক সচেতনতার মাধ্যমে নিজেকে ও সমাজকে এগিয়ে নিতে পারে। অনুষ্ঠানে ব্যাংকের মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার তৌহিদ আহমেদ ‘আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল ব্যাংকিং সেবা’ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। কর্মসূচিতে কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তাদের ব্যাংক হিসাব খোলা, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যাংকিংয়ের নিরাপত্তা এবং প্রতারণা প্রতিরোধের উপায়সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করা হয়।

  • কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে নানা আয়োজন

    কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে নানা আয়োজন

    কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে নানা আয়োজন

    ১৩ নভেম্বর, বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাশিল্পী হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নানা কর্মসূচি পালিত হয়েছে। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় এই বাঙালি লেখক, নাট্যকার, গীতিকার এবং চলচ্চিত্র নির্মাতা। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান হুমায়ূন আহমেদ। তিনি ছিলেন পুলিশ কর্মকর্তা বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। হুমায়ূন আহমেদকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক হিসেবে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপ-প্রধান এক নতুন শৈলীর জনক এবং আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনির পথিকৃৎ। তার সৃষ্ট হিমু ও মিসির আলীর মতো চরিত্রগুলো এক যুগ পরেও সাহিত্যপ্রেমীদের মনে গেঁথে আছে। মোহময় গদ্যে তিনি মধ্যবিত্ত শ্রেণির জীবনকে অসামান্য দক্ষতায় চিত্রিত করেছেন। বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় একক লেখক হিসেবে আজও তার বই সর্বাধিক বিক্রি হয়। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন এবং নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ে পলিমার রসায়ন শাস্ত্র অধ্যয়ন করেন। বিদেশে পড়াশোনা শেষে দেশে ফিরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। পরবর্তীকালে লেখালেখি ও চলচ্চিত্র নির্মাণের জন্য অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৭২ সালে প্রকাশিত হয় হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। ১৯৭৪ সালে প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস ‘শঙ্খনীল কারাগার’। এই দুটি উপন্যাস তাকে সাহিত্য মহলে ব্যাপক প্রশংসা এনে দেয়।
    দীর্ঘ প্রায় ৫০ বছরের লেখকজীবনে তিনি নিজেকে বাংলা সাহিত্যের জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। গল্প বলার অসামান্য ভঙ্গির কারণে তাকে ‘গল্পের জাদুকর’ হিসেবে অভিহিত করা হয়। তার গল্প-উপন্যাসে মধ্যবিত্ত শ্রেণির জীবনধারার নিঃসংকোচ বর্ণনা পাওয়া যায়।
    হুমায়ূন আহমেদ দুই শতাধিক উপন্যাস লিখেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ‘জোছনা ও জননীর গল্প’, ‘দেয়াল’, ‘বাদশাহ নামদার’, ‘কবি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘লীলাবতী’, ‘গৌরীপুর জংশন’, ‘নৃপতি’, ‘বহুব্রীহি’, ‘মধ্যাহ্ন’, ‘এইসব দিনরাত্রি’, ‘দারুচিনি দ্বীপ’, ‘নক্ষত্রের রাত’ ইত্যাদি। তার সৃষ্ট চরিত্র ‘হিমু’ ও ‘মিসির আলী’ ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সায়েন্স ফিকশন এবং কিশোর গল্প লিখেও তিনি দারুণ খ্যাতি অর্জন করেন। গল্প ও উপন্যাসের মতো হুমায়ূন নির্মিত নাটক ও চলচ্চিত্রও আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করে। ‘আজ রবিবার’, ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’, ‘আগুনের পরশমণি’, ‘শঙ্খনীল কারাগার’, ‘শ্যামল ছায়া’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দারুচিনি দ্বীপ’, ‘ঘেটুপুত্র কমলা’ তার জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রের মধ্যে অন্যতম। সাহিত্যে অবদানের জন্য হুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন পদকসহ অসংখ্য পুরস্কার লাভ করেন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
    হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নানা কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীজুড়ে মোমবাতি প্রজ্বলন করা হয়। এছাড়া সকালে নুহাশপল্লীতে কেক কাটা এবং তার কবর জিয়ারত করা হয়। এসব অনুষ্ঠানে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নিশাত ও নিনিতসহ নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারী এবং হুমায়ূন ভক্তরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল। এসময় লেখক হুমায়ন আহমেদ এর ভক্ত, শুভাকাঙ্খী ও বিশিষ্ট লেখকগন অংশ নেয়।

  • গোমস্তাপুরে বিএনপির বিশাল সমাবেশ

    গোমস্তাপুরে বিএনপির বিশাল সমাবেশ

    ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’

    গোমস্তাপুরে বিএনপির বিশাল সমাবেশ

    “চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই” এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিএনপির আয়োজনে পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে গণসমাবেশ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে এ সমাবেশ হয়। ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ। প্রধান বক্তা হিসেবে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। হারুনুর রশিদ বলেন, ‘পদ্মা নদী কেবল একটি নদী নয়, এটি আমাদের জীবন রেখা। এই নদীর পানি বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গের কৃষি, অর্থনীতি ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। তাই পদ্মার ন্যায্য পানি বণ্টনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার রক্ষায় আমরা মাঠে আছি, থাকবো।’ তিনি বলেন, “পদ্মা আমাদের মায়ের মতো। এই নদী বাঁচলে কৃষক বাঁচবে, দেশ বাঁচবে। একতরফা পানি বণ্টন এবং সরকারের উদাসীন নীতির কারণে পদ্মা আজ মরণাপন্ন অবস্থায়। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়, ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, তসিকুল ইসলাম তসি, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম, ভোলাহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, নাচোল উপজেলা বিএনপি নেতা দুরুদ হদা, এসময় উপস্থিত ছিলেন মহিলাদল নেত্রী নরুননেসা বাবলি, ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখাসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতৃ-কর্মীরা।

  • নওগাঁয় জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন

    নওগাঁয় জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন

    নওগাঁয় জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন

    নওগাঁয় জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টে শুরু হয়েছে। “গৌরবের কোর্টে শত বছর” এই প্রতিপাদ্যে এবং নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে জমকালো আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বুধবার সন্ধ্যায়। নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। অনুষ্ঠানে নওগাঁ টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নওগাঁ টেনিস ক্লাবের সহ-সভাপতি এবং টুর্ণামেন্ট পরিচালক সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, নওগাঁ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তারিফ মোহাম্মদ আপন। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, টেনিস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় খেলা দেখতে বিভিন্ন শ্রেণিপেশার সকল বয়সের টেনিসপ্রেমী দর্শকরা মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। টুর্ণামেন্টে দেশের বিখ্যাত ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস ক্লাব দলসহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশগ্রহণ করছে। টুর্ণামেন্টের প্রতিটি খেলা দর্শকরা শৃঙ্খলা বজায় রেখে বিনা টিকেটে উপভোগ করতে পারছেন। আগামী ১৫ নভেম্বর বিকেলে একই প্রাঙ্গনে টুর্ণামেন্টের সমাপনি খেলা অনুষ্ঠিত হবে। সমাপনি খেলা শেষে ওই দিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিবৃন্দরা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি এবং শ্রেষ্ঠ খেলোয়াদের মাঝে পুরস্কার তুলে দেবেন। উদ্বোধনী খেলায় স্বাগতিক নওগাঁকে হারিয়ে জামালপুর দল বিজয়ী হয়।

  • ‘লকডাউন’র প্রতিবাদ ও নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

    ‘লকডাউন’র প্রতিবাদ ও নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

    ‘লকডাউন’র প্রতিবাদ ও নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

    আওয়ামীলীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচী প্রতিরোধে এবং প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবকদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকালে ‘লকডাউন’ কর্মসূচী প্রতিরোধে এবং প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে জেলা শহরের ফুড অফিস মোড়ে থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে আওয়ামীলীগ বিরোধী নানা শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। পরে চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের জেলা আহবায়ক জামিউল হক সোহেল,

    জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মীম ফজলে আজীমসহ অন্যরা। এদিকে, আওয়ামীলীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচী প্রতিরোধে এবং প্রতিবাদে বিএনপি, যুবদল, ছাত্রদলও বিক্ষোভ মিছিল করে। অন্যদিকে, কথিত নাশকতা প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল গালিব-এর নেতৃত্বে মিছিলটি বড় ইন্দারা, নিউ মার্কেট,

    শান্তিমোড় ও বাতেন খুঁ মোড় এলাকা প্রদক্ষিণ করে বড় ইন্দারা মোড়ে শেষ হয়। পথসভায় বক্তারা বলেন, আওয়ামীলীগের সন্ত্রাস ও নাশকতা থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে ইসলামী ছাত্রশিবির রাজপথে শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত রাখবে। আওয়ামীলীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচী চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোন প্রভাব পড়েনি। স্বাভাবিক ছিলো জেলা সার্বিক পরিস্থিতি।

  • গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার

    গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার

    গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর সীমান্তে মাদকবিরোধী অভিযানে আবারও সফলতা পেয়েছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে রহনপুর বিওপির টহল দল কাজিগ্রাম তিন পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, টহল কমান্ডার সুবেদার শেখ আব্দুল জব্বার এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করলে তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করে। অভিযানে ৬০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, “নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের সীমানা নিরাপদ রাখা ও সমাজ থেকে মাদক নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য। বিজিবির এমন তৎপরতায় সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

  • নিয়ামতপুরে জোরপূর্বক ধান কাটার অভিযোগে সংবাদ সম্মেলন

    নিয়ামতপুরে জোরপূর্বক ধান কাটার অভিযোগে সংবাদ সম্মেলন

    নিয়ামতপুরে জোরপূর্বক ধান কাটার অভিযোগে সংবাদ সম্মেলন

    নওগাঁর নিয়ামতপুরে পৈত্রিক সম্পতিতে থাকা রোপা আমন ধান জোরপূর্বক কেটে নেয়া ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বান্দইল গ্রামের তরণী টপ্প। লিখিত বক্তব্যে তিনি বলেন, মানসা মৌজায় খতিয়ান নং- ৪৬ দাগ নং-৮০,১২,৩৮১,৩৮৯,৪৫১,৪৬৩,৪৭৯,৪৮০,৫৫৪ দাগে মোট ৩ একর ৫৬ শতাংশ জমিতে আমরা আমন ধান লাগিয়েছি। ১৯৬২ ও ১৯৭২ সালের রেকর্ড অনুযায়ী উক্ত সম্পত্তি খাজনা খারিজ আমাদের সম্পূর্ণ করা হয়েছে। উক্ত তফসিল বর্ণিত সম্পত্তি আমাদের দখলে থাকা সত্ত্বেও তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বার বার অভিযোগ দিয়ে আমাদের হয়রানি করছে। গত ২০২১ সালে উক্ত জমিতে আমার চাচাতো ভাই বায়া টপ্প ধান কাটতে গেলে দিনে দুপুরে তাকে হত্যা করে বঙ্গপাল, সেভেন, খিতিশ, লক্ষিন্দ্র, তাজমুল। তাদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। তিনি আরোও বলেন, গত রবিবার আমার লোকজন উক্ত জমিতে ধান কাটতে গেলে তারা বাধা দেয়। অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আমার উপর দেশীয় অস্ত্র হাসুয়া, কাঁচে, লাঠি, তীর ও বল্লম দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়। আমার চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরের দিন তারা দলবদ্ধ হয়ে উক্ত জমিতে ধান কাটতে শুরু করে। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় একটি জিডিও করা আছে। জিডির প্রেক্ষিতে পুলিশ তাদেরকে ধান কাটতে নিষেধ করলেও পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা জোরপূর্বক ধান কাটে। তিনি লিখিত বক্তব্যে ধান কর্তনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

  • আমন মৌসুমে মাত্র ৫০ হাজার টন ধান কেনার ঘোষণার প্রতিবাদ কৃষক সংগঠনের

    আমন মৌসুমে মাত্র ৫০ হাজার টন ধান কেনার ঘোষণার প্রতিবাদ কৃষক সংগঠনের

    আমন মৌসুমে মাত্র ৫০ হাজার টন ধান কেনার ঘোষণার প্রতিবাদ কৃষক সংগঠনের

    গত ৯ নভেম্বর ২০২৫ সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সিদ্ধান্ত হয় সরকার আগামী ২০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও চাল ক্রয় করবে। আমন মৌসুমে সরকার ৩৪ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৫০ টাকা কেজি দরে ৬ লক্ষ মেট্রিক টন চাল কিনবে। চালের তুলনায় সামান্য ধান কেনার এই ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন। সংগঠনের আহ্বায়ক আহসানুল আরেফিন তিতু এবং সাধারণ সম্পাদক অজিত দাস এক বিবৃতিতে বলেন- ‘এই ঘোষণার মাধ্যমে সরকার আবারও কৃষকের বদলে গুটিকয়েক চালকল মালিকের স্বার্থ দেখেছে। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে চালের দ্বিগুন পরিমাণ ধান কেনার ঘোষণা দিতে হবে। কারণ কৃষক ধান উৎপাদন করে, চাল নয়। দীর্ঘদিন থেকে আমাদের সংগঠন দাবি জানিয়ে আসছে যে, কৃষক যাতে তার ধানের ন্যায্যমূল্য পায় সে ব্যবস্থা সরকারকেই করতে হবে। সেজন্য হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছে ধান ক্রয় করতে হবে। সরকার কখনও তা করেনি। বরং কৃষক খাদ্য গুদামে ধান বিক্রি করতে গেলে আগে আদ্রতার কথা বলে কৃষকের ধান ফেরত দেয়া হত। এখন অনলাইনের মাধ্যমে ধান নেয়ার নিয়ম করায় সাধারণ কৃষক গুদামে ধান বিক্রি করতে পারছে না। এছাড়াও সরকার প্রতি মৌসুমে ধানের যে মূল্য নির্ধারণ করে তা কৃষকের জন্য লাভজনক হয় না। সে কারণেও কৃষক সরকারি গুদামে ধান বিক্রি করতে উৎসাহিত হয় না। এসকল কারণে প্রতি মৌসুমে সরকার নির্ধারিত ধান কিনতে পারে না। কৃষকরাও বঞ্চিত হয়। অবিলম্বে কেনার প্রক্রিয়া সহজ করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে এবং চাল না কিনে শুধু পর্যাপ্ত পরিমাণ ধান কিনে মিলারদের মাধ্যমে সরকারকে চাল তৈরি করতে হবে।’ নেতৃবৃন্দ সরকারের কৃষক স্বার্থবিরোধী এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের কৃষকদের আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

  • গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় সেচ্ছাসেবকলীগ নেতা ও মাদক কারবারী গ্রেপ্তার

    গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় সেচ্ছাসেবকলীগ নেতা ও মাদক কারবারী গ্রেপ্তার

    গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় সেচ্ছাসেবকলীগ নেতা ও মাদক কারবারী গ্রেপ্তার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা ও এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বুধবার অভিযান চালিয়ে ৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী আব্দুর রাজ্জাককে (৪৭)তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাজ্জাক গোবিন্দগঞ্জ পৌর শহরের বোয়ালিয়া (হিরকপাড়া) গ্রামের ইয়াছিন আলীর ছেলে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আইনে রাজ্জাকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। অপরদিকে, গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক হ্যাকার চক্রের সক্রিয় সদস্য রিমু মন্ডলকে (৪১) মঙ্গলবার দিবাগত রাতে ফুঁটানীবাজার থেকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিমু ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মোজাফ্ফর মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানি মূলক তৎপরতার অভিযোগ রয়েছে। এছাড়াও রিমু হ্যাকার চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ জানায়। পৃথক ঘটনায় ২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদেরকে বুধবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।