গোমস্তাপুর সীমান্তে ১৬ বিজিবির অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর সীমান্তে মাদকবিরোধী অভিযানে আবারও সফলতা পেয়েছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে রহনপুর বিওপির টহল দল কাজিগ্রাম তিন পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, টহল কমান্ডার সুবেদার শেখ আব্দুল জব্বার এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করলে তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করে। অভিযানে ৬০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, “নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের সীমানা নিরাপদ রাখা ও সমাজ থেকে মাদক নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য। বিজিবির এমন তৎপরতায় সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Leave a Reply