Blog

  • নওগাঁয় আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    নওগাঁয় আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    নওগাঁয় আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    তারুন্যের উৎসব উপলক্ষে নওগাঁয় আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, মেহেদী হাসাস, সুমন আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ বনাম ধামইরহাট এমএম কলেজ। ২য় ম্যাচে মুখোমুখি হয় মান্দা দাসপাড়া ডিগ্রি কলেজ বনাম নওগাঁ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ৩য় ম্যাচে নওগাঁ সরকারি কলেজ বনাম সাপাহার সরকারি কলেজ, ৪র্থ ম্যাচে নজিপুর সরকারি কলেজ বনাম নিয়ামতপুর সরকারি কলেজ। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই টুর্নামেন্টে মোট ১৬টি কলেজ অংশ নিচ্ছে।

  • ডেঙ্গুতে রামেক হাসপাতালে শিশুসহ দুজনের মৃত্যু

    ডেঙ্গুতে রামেক হাসপাতালে শিশুসহ দুজনের মৃত্যু

    ডেঙ্গুতে রামেক হাসপাতালে শিশুসহ দুজনের মৃত্যু

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। ১৩ নভেম্বর রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শুক্রবার রামেক হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতরা হলেন-সাড়ে পাঁচ বছর বয়সী শিশু সাবিহা ও মো. মিঠু (৩০)। এদের মধ্যে সাবিহা নওগাঁ ও মিঠু রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। হাসপাতালের প্রতিবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর ভোরে শিশু সাবিহাকে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সে প্রায় ১৫ দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিল। শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন দুপুরেই তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া মিঠু পাঁচদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তাকে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। তবে নিহতদের কারোরই সাম্প্রতিক কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল না। প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে হাসপাতালে ৫ শিশুসহ ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১২ জন নারী। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ৪০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে এক হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ১৭ জন রোগীর মৃত্যু হয়েছে।

  • পুলিশি বাধায় দিনাজপুরে জাপার কর্মী সমাবেশ পণ্ড

    পুলিশি বাধায় দিনাজপুরে জাপার কর্মী সমাবেশ পণ্ড

    পুলিশি বাধায় দিনাজপুরে জাপার কর্মী সমাবেশ পণ্ড

    দিনাজপুরে জাতীয় পার্টির জেলা কমিটির কর্মী সম্মেলন পুলিশি বাধায় পণ্ড হয়েছে। কর্মী সম্মেলন আয়োজনের অনুমতি না থাকায় তা পণ্ড করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে মর্মে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তন ভাড়া নেওয়া হয়। তবে নেতাকর্মীরা সম্মেলন কক্ষে আসন গ্রহণের আগ মুহূর্তে তাদের হটিয়ে দেয় পুলিশ। পরে শহরের কালিতলায় দলীয় কার্যালয়ের সামনে পথ সভা হয়। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন, জাতীয়পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রংপুর সিটির সাবেক মেয়র ও পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার হোসেন। দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টি কর্মী সম্মেলন করার জন্য জেলা প্রশাসন বরাবর আবেদন করেছিল। কিন্তু অনুমতি মেলেনি। তাই আমরা তাদের কর্মী সম্মেলন করতে দেইনি।

  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ১৭ ডিসেম্বর

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ১৭ ডিসেম্বর

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ১৭ ডিসেম্বর

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ১৭ ডিসেম্বর হবে বলে ঘোষণা দিয়েছে প্রশাসন। তবে নির্বাচনের তারিখ প্রত্যাখান করে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের একটি অংশ। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপাচার্যের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক সরওয়ার উদ্দিন চৌধুরী। এ সময় তিনি বলেন, “দীর্ঘ ২৭ বছর পর আমাদের বিশ্ববিদ্যালয়ে শাকসু নির্বাচন হচ্ছে। এতে আমাদের সব শিক্ষার্থী খুশি হওয়ার কথা। ১৭ ডিসেম্বর হচ্ছে নির্বাচনের জন্য একটা চমৎকার তারিখ। এর থেকে ভাল তারিখ আমরা পাচ্ছি না। তাই এ দিনেই আমরা শাকসুর আয়োজন করতে যাচ্ছি। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেন, শাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, কমিশনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। শাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস বলেন, ভোটার তালিকা প্রণয়ন কাজ চলতেছে। উপাচার্য তারিখ ঘোষণা করেছেন, এটা ওনাদের দায়িত্ব ছিল। এখন যাবতীয় রোডম্যাপ সম্পন্ন করে আমরা নির্বাচন কমিশন আগামী ২১ দিনের মধ্যে তফসিল ঘোষণা করব। এদিকে উপাচার্যের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১৭ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা শুনতে পেয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীদের একটি অংশ। তারা ১৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ প্রত্যাখান করে প্রশাসনিক ভবনের তালা দেওয়ার ঘোষণা দেন।

  • মেহেরপুর কাজিপুর সীমান্তে ১২ জনকে বিএসএফ’র হস্তান্তর

    মেহেরপুর কাজিপুর সীমান্তে ১২ জনকে বিএসএফ’র হস্তান্তর

    মেহেরপুর কাজিপুর সীমান্তে ১২ জনকে বিএসএফ’র হস্তান্তর

    মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী-পুরুষ ও শিশুসহ ১২ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে এবিষয়ে পতাকা বৈঠক হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সকালে বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বিওপি সীমান্ত এলাকার প্রায় ১০০ গজ অভ্যন্তরে ১৪৭ নং পিলারের বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ ১২ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি খুলনা, রাজবাড়ি, সিরাজগঞ্জ, বাগেরহাট ও কুষ্টিয়া জেলায়। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে। বিএসএফ বিজিবির কাছে হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়। কাজিপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন ও ভারতের বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাব্বিন্দার সিং তাদের হস্তান্তর করে। গাংনী থানার ওসি বনি ইসরাইল সাংবাদিকদের জানান, আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে দেয়া হবে।

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবারও মিনিবাসে আগুন

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবারও মিনিবাসে আগুন

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবারও মিনিবাসে আগুন

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাখা একটি মিনিবাস আগুনে পুড়ে গেছে। শনিবার সকাল ৬টার দিকে শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম বলেন, আগের রাতে ১০টার দিকে মহাসড়কের উপর নাফ পরিবহনের মিনিবাসটি থামিয়ে রেখে চালক চলে যান। রাতভর বাসটি সেখানেই ছিল। শনিবার সকল ৬টার দিকে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। ওসি শাহীনূর বলের, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। ততক্ষণে বাসের সিটগুলো পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটি তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।

  • হারিয়ে যাওয়ার পথে গ্রামের কৃষকের ঢ্যারা-নতুন প্রজন্মের কাছে স্মৃতি

    হারিয়ে যাওয়ার পথে গ্রামের কৃষকের ঢ্যারা-নতুন প্রজন্মের কাছে স্মৃতি

    হারিয়ে যাওয়ার পথে গ্রামের কৃষকের ঢ্যারা-নতুন প্রজন্মের কাছে স্মৃতি

    বাংলার গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল ‘ঢ্যারা’। একসময় দেশের প্রায় প্রতিটি গ্রামীণ ঘরে (বিশেষ করে কৃষকের ঘরে) দেখা যেত এই ঐতিহ্যবাহী হস্তচালিত যন্ত্রটি। তুলা, সুতলি কিংবা পাট থেকে সুতা কাটা ও মোড়ানোর কাজে ঢ্যারা ছিল গ্রামীণ নারীদের নিত্যসঙ্গী। বর্তমানে প্রযুক্তির যুগে এসে সেই ঢ্যারা হারিয়ে যাচ্ছে আধুনিকতার ঢেউয়ে। নতুন প্রজন্মের কাছে এই ‘ঢ্যারা’ স্মৃতি হিসেবে থাকবে। নতুন প্রজন্মের অনেকেরই চোখে পড়ে না এই ‘ঢ্যারা’।
    ঢ্যারা মূলত কাঠের তৈরি এক ধরনের ঘূর্ণনযন্ত্র, যার সাহায্যে হাতে কাটা সুতা পরিপাটি করে মোড়ানো হতো। এটি সাধারণত একখণ্ড কেন্দ্রীয় কাঠের দণ্ডের সঙ্গে ক্রস আকারে যুক্ত দুটি কাঠের হাতল নিয়ে তৈরি করা হয়। মাঝখানে থাকে একটি স্পিন্ডল বা কাঁটা, যেখানে সুতা জড়ানো হয়। হাত দিয়ে ঘুরিয়ে সুতাগুলো গুছিয়ে রাখা, এই ছিল ঢ্যারার প্রধান কাজ। গ্রামের নারীদের অবসরসঙ্গী ছিলো এই ‘ঢ্যারা’। এই ‘ঢ্যারা’ দিয়ে গ্রামের কৃষকরা পাট থেকে দড়ি তৈরী করে গৃহস্থলির বিভিন্ন কাজে ব্যবহার করতেন। এখন সবই আধুনিক সুতা বা যন্ত্রপাতির কাছে অপ্রয়োজনীয় হয়ে পড়েছে এই ‘ঢ্যারা’। অথচ এক সময় এই ‘ঢ্যারা’ ছাড়া চলতোই না কৃষকের।
    একসময় বিকেল বেলা গ্রামের নারীরা উঠোনে বা বারান্দায় বসে ঢ্যারা ঘুরাতেন। হাতে থাকা সুতা ঢ্যারায় জড়াতে জড়াতে চলত গল্প, গান ও হাসির কলরব। ঢ্যারা শুধু একটি কাজের উপকরণই ছিল না, এটি ছিল পারিবারিক বন্ধন ও নারীসত্তার নীরব প্রতীক। অনেক সময় মেয়েরা বিয়ের আগে নিজেদের বানানো ঢ্যারা পণের সঙ্গে তুলে রাখতেন—ভালোবাসা ও পরিশ্রমের নিদর্শন হিসেবে।
    ঢ্যারা তৈরি হতো স্থানীয় কাঠের কারিগরদের হাতে। সাধারণত শিমুল, বাবলা বা সেগুন কাঠ দিয়ে এটি বানানো হতো। ক্রস আকারে দুটি কাঠের ডান্ডা একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত করা হতো যাতে ঘুরানোর সময় ভারসাম্য বজায় থাকে। উপরের দিকে বাঁকানো হাতল থাকত, যা দিয়ে ঘুরানো হতো ঢ্যারা। বাংলার লোকজ জীবনে ঢ্যারার উল্লেখ পাওয়া যায় গান, ছড়া ও প্রবাদে। ঢ্যারা ঘোরানো ছিল গ্রামের নারীদের নীরব শিল্পচর্চা। অনেক লোকগানে প্রেম, অপেক্ষা ও সময়ের প্রতীক হিসেবে ঢ্যারার রূপক ব্যবহার দেখা যায়। এর মাধ্যমে বোঝা যায়, এই ছোট্ট যন্ত্রটি কেবল গৃহস্থালির বস্তু ছিল না—ছিল আবেগ ও সংস্কৃতিরও বাহক।
    বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী এই ‘ঢ্যারা’। বর্তমানে হাতে সুতা কাটা বা ঢ্যারা ঘোরানোর প্রচলন প্রায় নেই বললেই চলে। কারখানায় তৈরি সুতা এখন সহজলভ্য, ফলে এই ঐতিহ্যবাহী যন্ত্রটি বিলুপ্তির পথে। এখন ঢ্যারা দেখা যায় কেবল জাদুঘরে, লোকসংস্কৃতি প্রদর্শনীতে কিংবা কোনো পুরনো ঘরের এক কোণে পড়ে থাকা স্মৃতিবস্তু হিসেবে।
    এই ‘ঢ্যারা’ সংরক্ষণের আহ্বান সচেতন মহলের। ঢ্যারা কেবল অতীতের একটি জিনিস নয়—এটি বাংলার নারীজীবন ও ঐতিহ্যের প্রতীক। এই যন্ত্রটিকে সংরক্ষণ করা মানে আমাদের শিকড় ও ঐতিহ্যকে টিকিয়ে রাখা। স্থানীয় জাদুঘর, হস্তশিল্প মেলা ও লোকসংস্কৃতি উৎসবে ঢ্যারার প্রদর্শন নতুন প্রজন্মকে শেখাতে পারে অতীতের সৃজনশীলতা ও শ্রমের মূল্য। আজ আর গ্রামের উঠোনে শোনা যায় না ঢ্যারার ঘূর্ণন। কিন্তু সময়ের গহীনে যেন এখনো বাজে সেই মৃদু শব্দ, যা মনে করিয়ে দেয়, একসময় বাংলার নারীরা তাদের জীবন, শ্রম ও ভালোবাসা গেঁথেছিলেন এই সহজ সরল যন্ত্রটির ঘূর্ণনে।

  • বিশ্ব ডায়াবেটিস দিবস ॥ দেশে আক্রান্ত ১ কোটি ৩৮ লাখ

    বিশ্ব ডায়াবেটিস দিবস ॥ দেশে আক্রান্ত ১ কোটি ৩৮ লাখ

    বিশ্ব ডায়াবেটিস দিবস ॥ দেশে আক্রান্ত ১ কোটি ৩৮ লাখ

    বিশ্ব ডায়াবেটিস দিবস ১৪ নভেম্বর। সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হয়েছে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে এ দিবসটি পালিত হয়। ১৯৯১ সালে ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ)। ২০০৭ সাল থেকে পৃথিবী জুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ডায়াবেটিসের বৈশ্বিক প্রভাব সম্পর্কে আইডিএফের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে সপ্তম অবস্থানে রয়েছে। আইডিএফের প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যা ১১ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ৫০০। এর মধ্যে ১৩ দশমিক ২ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত। সে হিসেবে ১ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার ৪০০ জনই (যাদের প্রায় অর্ধেকই নারী) কোনো না কোনোভাবে এ সমস্যায় ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইডিএফের হিসাব বলছে, প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগী মৃত্যুবরণ করেন এবং একই সময়ে দুজন নতুন রোগী শনাক্ত হন।
    এ উপলক্ষ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। মূল লক্ষ্য হলো ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। সমিতির বিভিন্ন অঙ্গসংগঠন ও দেশের বিভিন্ন জেলা সমিতিও পৃথক উদ্যোগ হাতে নিয়েছে। ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টায় শাহবাগে প্ল্যাকার্ড হাতে সড়কে অবস্থান কর্মসূচি। বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত প্ল্যাকার্ড হাতে সড়কের এক পাশে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি। ১৪ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চতুর্থ তলায় হ্রাসকৃত মূল্যে হার্ট, নিউরো ও ভাসকুলার ক্যাম্প। ১৪ ও ১৫ নভেম্বর সকাল ৮টা থেকে রাত ৮টা, বারডেমে, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ক্লিনিক্যাল হেমাটলজি বিভাগের ৩২৬ নম্বর রুমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ১৫ নভেম্বর সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বারডেমে বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয়, এনএইচএন ও বিআইএইচএসের বিভিন্ন কেন্দ্রে। ১৫ নভেম্বর বেলা ১০টায়, বারডেম অডিটোরিয়ামে আলোচনাসভা।

  • ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ ॥ এক সপ্তাহে তিন দফায় ডিসি রদবদল

    ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ ॥ এক সপ্তাহে তিন দফায় ডিসি রদবদল

    ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ ॥ এক সপ্তাহে তিন দফায় ডিসি রদবদল

    নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে এবার দুটি পৃথক আদেশে আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনারও পদায়ন করেছে সরকার। এর মধ্যে বৃহস্পতিবার রাতের দ্বিতীয় প্রজ্ঞাপনে ১৫ জেলায় নতুন ডিসি পাঠানোর পাশাপাশি আগের দুই ডিসির বদলির আদেশ বাতিল করা হয়। এদিন, ৮ নভেম্বর নতুন ডিসির দায়িত্ব পাওয়া ঢাকা, গাজীপুর ও নোয়াখালীর জেলা প্রশাসককে বদলে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তিন দফায় ৪৯ জেলায় ডিসি রদবদল হল। এদিকে, চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনারও নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে তিনজন নতুন এবং একজনকে এক বিভাগ থেকে অন্যত্র বদলি করা হয়েছে। চলতি সপ্তাহে প্রথমে ১৪ জন এবং পরে আরও ১৫ জনকে ডিসি হিসেবে মাঠ প্রশাসনে পাঠানো হয়েছিল। এরমধ্যে ঢাকা, গাজীপুর ও নোয়াখালীতে আবার ডিসি বদল করা হয়। এদিন নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের ডিসি করে পাঠানো হয়। এছাড়া লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুর, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সিগঞ্জ, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনা, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁর ডিসি করা হয়েছে। একই আদেশে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়ি, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানকে কুমিল্লা এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের ডিসি করা হয়। অপর প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফাকে পাবনা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিমকে ঢাকা, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ এনামূল আহসানকে রংপুরের ডিসি করা হয়। এছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আশেক হাসানকে যশোর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবিরকে মেহেরপুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মুহাম্মদ শফিকুল ইসলামকে নোয়াখালীর ডিসি করা হয়। একই আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেনকে গাজীপুর, এস্টাবলিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে গাইবান্ধা, ভূমি সংস্কার বোর্ডের উপ ভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথকে কুড়িগ্রাম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব জাহাঙ্গীর আলমকে মাদারীপুর, দুর্নীতি দমন কমিশনের পরিচালক তৌহিদুজ্জামান পাভেলকে মৌলভীবাজার, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিটের সহকারী পরিচালক মো. খায়রুল আলম সুমনকে বরিশাল, কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপসচিব তাছলিমা আক্তারকে বরগুনা এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাজমা আশরাফীকে রাঙামাটির ডিসি করা হয়েছে। অপরদিকে, এদিন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদকে খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. এন. এম বজলুর রশীদকে রাজশাহী বিভাগ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশাল বিভাগ এবং মৎস্য উন্নয়ন করপোরশেরন চেয়ারম্যান ফারাহ শাম্মীকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার করা হয়।

  • নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

    নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

    নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নাচোল ডায়াবেটিক সেন্টার থেকে সমিতি আয়োজিত সদস্যদের অংশগ্রহে একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন- শৃংখলাই জীবন’ এ প্রতিপাদ্যে সমিতি কর্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আব্দুস ডাত্তার। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সমিতির নিয়মিত চিকিৎসক ডাঃ আব্দুর রব সিদ্দিকি ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, নাচোল থানার অফিসার ইনচার্জ, নাচোল সরকারি ডিগ্রি কলেজের (অবসরপ্রাপ্ত) অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, এশিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী, উপজেলা বিএনপির (সাবেক) সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর সাধারণ সম্পাদক দুরুল হোদা, বিএনপি নেতা আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদসহ অন্যর। এই উপলক্ষে ডায়াবেটিকস রাগিদের ফ্রী চিকিৎসা দেওয়া হয়। এসময় নাচোল ডায়াবেটিক সেন্টারের বিভিন্নস্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।