Blog

  • সুন্দরবনে কুমিরের আক্রমণে জেলে নিহত

    সুন্দরবনে কুমিরের আক্রমণে জেলে নিহত

    সুন্দরবনে কুমিরের আক্রমণে জেলে নিহত

    সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মন্ডল (৩২) নিহত হয়েছে। নিহত সুব্রত মন্ডল এর লাশ প্রায় ৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিহত সুব্রতর লাশ উদ্ধার হয়। এর আগে বিকেল ৩টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খালে কুমিরের আক্রমণের ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজির পর সুন্দরবনের করমজল খালের গজালমারী এলাকায় পানির নিচ থেকে গ্রামবাসীরা তার লাশ উদ্ধার করে। নিহত সুব্রত খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মণ্ডলের ছেলে। পেশায় তিনি জেলে ছিলেন। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন থেকে সরকারি রাজস্ব দিয়ে পাশ সংগ্রহ করে সুব্রতসহ কয়েকজন জেলে কাঁকড়া ধরতে বনে প্রবেশ করেন। আমুরবুনিয়া গ্রাম থেকে পায়ে হেঁটে জোংড়া এলাকায় যান তারা। পথে নদীখাল সাঁতরে পার হন তারা। কাঁকড়া সংগ্রহ করে সুন্দরবন থেকে ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় একটি কুমির সুব্রতকে কামড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, রাতেই স্বজনরা নিহত জেলে সুব্রত’র মরদেহ বাড়িতে নিয়ে গেছে। যেহেতু তিনি অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছেন। তিনি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।

  • গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রশিক্ষণ

    গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রশিক্ষণ

    গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রশিক্ষণ

    গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে পটুয়াখালীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর। কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর জোর দেওয়া হয়েছে। ডিজিটাল যুগে ভুয়া খবর বা অপসাংবাদিকতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এজন্য সাংবাদিকদের তথ্য যাচাই, বস্তুনিষ্ঠ উপস্থাপন এবং পাঠকের আস্থা অর্জনে আরও সচেতন হওয়ার আহবান জানান। বাংলাদেশ প্রেস কাউন্সিলের এমন উদ্যোগ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান বক্তারা। এছাড়া অচিরেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে বলেও মন্তব্য করেন তারা। শেষে কর্মশালায় অংশ গ্রহণ কারি সাংবাদিকদের সাটিফিকেট প্রদান করা হয়।

  • সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা ও সরকারীভাবে হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ মাহফিল

    সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা ও সরকারীভাবে হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে ই’ফার উদ্যোগ

    সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা ও সরকারীভাবে হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ মাহফিল

    ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা ও সরকারী মাধ্যমে ভাবে হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
    ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশনের যৌথ আয়োজনে বিভিন্ন মসজিদের ইমাম ও গণশিক্ষার শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সভা হয়েছে।

    মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (যুগ্মসচিব) ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন পলশা ইসলামিক মিশনের প্রোগ্রামার জহির উদ্দিন মুহাম্মদ বাবর। এসময় ২৫০ জন বিভিন্ন মসজিদের ইমাম ও গণশিক্ষার শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান উপস্থাপনা করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ এর ফিল্ড অফিসার মোঃ শরিফুল ইসলাম। এসময় ইসলামিক ফাউন্ডেশেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও সকল মুসলিমদের জন্য বিশেষ দোয়া করা হয়।

  • বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস-সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা

    বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস-সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা

    আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা বৃষ্টিপাতের পরিমাণ বাড়াতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার (১ অক্টোবর) ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার (৩ অক্টোবর) রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে, এই সময়ে আবহাওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই পূর্বাভাসের আলোকে জনসাধারণকে বৃষ্টি ও সম্ভাব্য ভারী বর্ষণের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

  • বগুড়া শিবগঞ্জের বিহারহাটে অতিথি পাখির অভয়ারণ্য-মনোমুগ্ধকর দৃশ্য

    বগুড়া শিবগঞ্জের বিহারহাটে অতিথি পাখির অভয়ারণ্য-মনোমুগ্ধকর দৃশ্য

    বগুড়া শিবগঞ্জের বিহারহাটে অতিথি পাখির অভয়ারণ্য-মনোমুগ্ধকর দৃশ্য

    গোধূলির সময় আকাশ যখন রঙিন আলোয় ভরে ওঠে, তখন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারহাটে চোখে পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য। সুবিশাল সব কড়ই, শিমুল কাঁঠাল ও বটগাছসহ নাম না জানা অনেক গাছে শত শত শামুকখোল পাখি নীড়ে ফেরে কলতান তুলতে তুলতে। দূর থেকে দেখলে মনে হয় যেন পাখি নয়, হেলিপ্যাডে নেমে আসছে অসংখ্য হেলিকপ্টার। প্রকৃতির এই দৃশ্য শুধু চোখের প্রশান্তিই নয় বরং জানান দেয় গ্রামীণ বাংলাদেশ এখনো পাখিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। শামুকখোল সারশ জাতীয় বিরল প্রজাতির পাখি। এর দেহ সাদা ধূসর। লেজ ও ডানার প্রান্ত কালো। প্রায় ১৪ সেন্টিমিটার লম্বা ও ফাঁকাযুক্ত ঠোঁট এদের প্রধান বৈশিষ্ট্য। যা দিয়ে ছোট ছোট মাছ, শামুক, ঝিনুক ও পোকামাকড় ধরে খায়। দৈর্ঘ্যে প্রায় ৮১ সেন্টিমিটার, আর পাখার বিস্তার প্রায় দেড় ফুট।
    বাংলাদেশের বড় আকারের জলচর পাখিদের মধ্যে শামুকখোল অন্যতম। দিনের শুরুতে খাদ্যের সন্ধানে ঝাঁক বেঁধে ওড়ে তারা। আবার বিকালের আলো ফুরাতে ফুরাতে ফিরতে থাকে নিজেদের নীড়ে। শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকায় স্থানীয় মানুষেরা পাখিগুলোকে পরিবারের সদস্যদের মতোই আগলে রেখেছেন। কোনো শিকারীকে ঢুকতে দেওয়া হয়না এলাকায়। গ্রামবাসীর এই উদ্যোগেই প্রায় একদশক ধরে শামুকখোল এখানে নিশ্চিন্তে প্রজনন করছে। ফলে শামুকখোল পাখির সংখ্যাও বেড়েছে অনেক। স্থানীয়রা জানান, ঐ এলাকায় বড় বড় গাছে সাইবেরিয়ার উত্তরাঞ্চল ও রাশিয়ার উত্তরাঞ্চল থেকে কিছু অতিথি পাখি এসে বাসা বাঁধে। যে পাখিকে বলা হয় শামুকখোল পাখি। পাখিগুলো আশেপাশের মাঠ, বিল, ডোবা ও পুকুর থেকে খাবার সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। এলাকাবাসী তাদের যথেষ্ট নিরাপত্তা দিয়ে রাখে। চাইলেই কেউ শিকার করতে পারবে না। স্থানীয়রা আরও জানান, বৈশাখ মাসে অতিথি পাখিগুলো বিহারহাট এলাকায় আসে। ডিম পাড়ে, বাচ্চা ফুটায়। তারপর বাচ্চারা উড়তে শিখলে কার্তিক মাসের দিকে আবার বিদেশে চলে যায়। যখন উন্নয়নের চাপে হারিয়ে যাচ্ছে অনেক পাখির আবাসস্থল, তখন শিবগঞ্জের বিহারহাট এক অনুকরণীয় উদাহরণ। ভোরের আলোয় শামুকখোলের ডানা ঝাপটানো কিংবা গোধূলির আভায় নীড়ে ফেরার দৃশ্য মনে করে দেয়, প্রকৃতি যদি ভালোবাসা পায়, তবে সে তার সৌন্দর্য উদার করে দেয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, পাখির আবাস নিরাপদ করতে গ্রামবাসীদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ যদি পাখির ক্ষতি করতে চায়, তাহলে প্রশাসনকে অবগত করার জন্য বলা হয়েছে। এমনটা হলে প্রশাসন প্রয়োজনীয় কঠোর আইনী ব্যবস্থা নেবে।

  • রাজশাহী ঢাকা পাঁচ দিন ধরে বাস চলাচল বন্ধ

    রাজশাহী ঢাকা পাঁচ দিন ধরে বাস চলাচল বন্ধ

    রাজশাহী ঢাকা পাঁচ দিন ধরে বাস চলাচল বন্ধ

    পঞ্চম দিনের মত চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছে মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই গত শুক্রবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিকরা। উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব নজরুল ইসলাম হেলাল জানান, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে বেতন বাড়ালেও তারা আরো কিছু সুযোগ সুবিধা দাবি করে। এসব নিয়ে সমঝোতা না হওয়ায় মালিকরা বাস বন্ধ করে দিতে বাধ্য হয়। বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তারা জানান, পুজার ছুটির আগে এমনিতেই বাস-ট্রেনে ভীড়। কোনরকম ঘোষণা ছাড়া বাস বন্ধে বিপাকে পড়েছেন তারা। মাঝখানে কয়েক ঘন্টার জন্য গাড়ি চললেও গতরাত থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ করে দাবি আদায় বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি পালন করে। তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত গাড়ি চালাবে না ড্রাইভারও শ্রমিকরা। অবশ্য একতা ট্রান্সপোর্টের বাস রাজশাহী ঢাকা রুটে স্বাভাবিক সময়ের মতই চলাচল করছে।

  • শারদীয় দুর্গাপূজা বিসর্জনে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মেডিকেল টিম গঠন

    শারদীয় দুর্গাপূজা বিসর্জনে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মেডিকেল টিম গঠন

    শারদীয় দুর্গাপূজা বিসর্জনে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মেডিকেল টিম গঠন

    আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিসর্জনের দিন নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে চাঁপাইনবাবগঞ্জে গঠন করা হয়েছে বিশেষ মেডিকেল টিম। ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মেডিকেল টিম গঠন করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২ অক্টোবর/২৫ হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিসর্জন অনুষ্ঠিত হবে। এদিন সম্ভাব্য যে কোনো দুর্ঘটনা বা স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জেলা হাসপাতালের জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটার সর্বদা প্রস্তুত থাকবে। এ লক্ষ্যে ১৩ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। টিমে রয়েছেন, ডা. মোহা: ইস্রাফিল ইসলাম জুনিয়র কনসালটেন্ট (সার্জারি), ডা. এইচ.এম. মামুন, রেসিডেন্ট ফিজিসিয়ান/রেসিডেন্ট সার্জন, ডা. মোসাঃ আমেনা খাতুন, রেসিডেন্ট ফিজিসিয়ান/গাইনী, ডা. এ.বি. আল-মেহেদি, সহকারী রেজিস্ট্রার (অ্যানেসথেসিয়া), ডা. মোঃ শামসুল আলম, ইমারজেন্সি মেডিকেল অফিসার, ডা. মোহাঃ মমরেজুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার, চারজন সিনিয়র স্টাফ নার্স, একজন ড্রাইভার, দুইজন ওয়ার্ড বয়।
    হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে। এছাড়া, স্টোরকিপারকে মেডিকেল টিমের জন্য প্রয়োজনীয় ঔষধ ও সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, দুর্গাপূজার বিসর্জনকে কেন্দ্র করে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। তাই নিরাপত্তা ও জরুরি চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

  • উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত

    উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত

    শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীসহ সারা দেশে ভক্ত ও পূজারীরা উৎসবমুখর পরিবেশে পূজা-অর্চনার মাধ্যমে উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এদিন সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘কুমারী পূজা’। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বা কোলাসুরকে হত্যার মধ্য দিয়ে। কোলাসুর নামক অসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করে নেয়। কোলাসুর স্বর্গ-মর্ত্য অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হোন। সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী দেবতাদের আবেদনে সাড়া দিয়ে দেবী মানবকন্যারূপে জন্মগ্রহণ করেন এবং কুমারী অবস্থায় কোলাসুরকে হত্যা করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়। প্রতি বছর দুর্গাদেবীর মহাঅষ্টমী পূজাশেষে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। পুরোহিতদর্পণ প্রভৃতি ধর্মীয় গ্রন্থে কুমারী পূজার পদ্ধতি এবং মাহাত্ম্য বিশদভাবে বর্ণিত হয়েছে। বর্ণনানুসারে কুমারী পূজায় কোনও জাতি, ধর্ম বা বর্ণভেদ নেই। দেবীজ্ঞানে যেকোনো কুমারীই পূজনীয়। তবে সাধারণত ব্রাহ্মণ কুমারী কন্যার পূজাই সর্বত্র প্রচলিত। এ ক্ষেত্রে এক থেকে ১৬ বছর বয়সী যেকোনো কুমারী মেয়ের পূজা করা যায়। অনেকের মতে ২ বছর থেকে ১০ বছরের মেয়েদের পূজা করা যায়। শ্রীরামকৃষ্ণের মতে-সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ।

  • নির্যাতনে পুলিশের হেফাজতে যুবকের মৃত্যু-গ্রেফতার ফাঁড়ির ইনচার্জ

    নির্যাতনে পুলিশের হেফাজতে যুবকের মৃত্যু-গ্রেফতার ফাঁড়ির ইনচার্জ

    নির্যাতনে পুলিশের হেফাজতে যুবকের মৃত্যু-গ্রেফতার ফাঁড়ির ইনচার্জ

    নবীনগরে পুলিশ হেফাজতে আব্দুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, চোর সন্দেহে আব্দুল্লাহকে প্রথমে গ্রামবাসী নির্মমভাবে নির্যাতন করে এবং পরে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ফাঁড়িতে নিয়ে আরও নির্যাতন করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ফাঁড়ি ঘেরাও করলে প্রশাসন তা বন্ধ ঘোষণা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করে। নিহত আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের আবুল মিয়ার ছেলে। জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে নগদ অর্থ চুরির অভিযোগ ওঠে। এর জের ধরে ২৩ সেপ্টেম্বর সকালে সলিমগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ড থেকে মাস্ক পরিহিত অবস্থায় আব্দুল্লাহকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্থানীয় কয়েকজন তাকে মারধর করে বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ভয়াবহ নির্যাতন চালায়। পরিবারের দাবি, তার হাতের নখ প্লাস দিয়ে উপড়ে ফেলা হয় এবং কপালের চামড়া ছিলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, ফাঁড়িতে নেওয়ার পরও তার উপর নির্যাতন অব্যাহত থাকে। সূত্র জানায়, নবীনগর থানার ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপারকে না জানিয়েই আব্দুল্লাহকে চারদিন ফাঁড়িতে আটকে রাখা হয়। এ সময় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাবু (রাব্বি) ও মাসুদ রানা নামে দুজনকে গ্রেপ্তার করে জেলা হাজতে পাঠানো হলেও আব্দুল্লাহকে গোপনে ফাঁড়িতে রাখা হয়। আব্দুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসার পর তার অবস্থা আরও খারাপ হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই সাকিল মিয়া বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিন, তবি মিয়া, আলামিন, আয়নাল হকসহ চারজনের নাম উল্লেখ করা হয় এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এজাহারে বলা হয়, আসামিরা সম্মিলিতভাবে আব্দুল্লাহকে শারীরিক ও মানসিক নির্যাতন করে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেন।
    আব্দুল্লাহর মৃত্যুর পর ২৯ সেপ্টেম্বর সকালে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে সলিমগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করে। উত্তেজনা বাড়তে থাকায় প্রশাসন ফাঁড়িটি বন্ধ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করে। ঘটনার পর পুলিশ সুপার এহতেশামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং পরে ২৯ সেপ্টেম্বর দুপুর ৩টায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তবে জেলা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। স্থানীয়রা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • চুয়াডাঙ্গায় ৫৮ লাখ টাকার সোনার বারসহ নারী আটক

    চুয়াডাঙ্গায় ৫৮ লাখ টাকার সোনার বারসহ নারী আটক

    চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্ত এলাকা থেকে ৫৮ লাখ টাকার তিনটি সোনার বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। সোনার বারগুলো ভারত পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে জানায় বিজিবি। আটক আসমা খাতুন (২৫) কমারপাড়া গ্রামের ওয়াসিম আলীর স্ত্রী। সোমবার দুপুরে উপজেলার কামারপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। তিনি বলেন, গোপন খবর পেয়ে দামুড়হুদার বারাদী সীমান্তের বিজিবি সদস্যরা সীমান্তের ৮০ নম্বর মেইন পিলার থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে আসমা খাতুনকে আটক করেন। এ সময় তার ব্যাগ তল্লাশি করে তিনটি সোনার বার পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ৫৮ লাখ ৫৮ হাজার ৭৫৬ টাকা। এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দিয়ে আটক নারীকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।