Blog

  • গোদাগাড়ী ইউএনও’র বদলী আদেশ স্থগিতের জন্য মানববন্ধন

    গোদাগাড়ী ইউএনও’র বদলী আদেশ স্থগিতের জন্য মানববন্ধন

    গোদাগাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের বদলী আদেশ স্থগিতের জন্য মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে স্থানীয় জনসাধারণ। রবিবার সকাল ১০টায় গোদাগাড়ী ডাইংপাড়া চত্তরে গোদাগাড়ীর জনসাধারণ মানববন্ধন করেছে এবং রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়। জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী থেকে ইউএনও ফয়সাল আহমেদ এর বদলীর এক প্রজ্ঞাপন জারি করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বর্তমান ইউএনও’র গোদাগাড়ীতে যোগদান করা মাত্র ৭ মাস চলছে। এই সময়ের মধ্যে তিনি উন্নয়নমূলক অনেক কাজ করেছেন, রাস্তা ঘাট তৈরি, ৯টি ইউনিয়নে মিনি শিশু পার্ক, সেলাই প্রশিক্ষণ, কৃষি প্রশিক্ষণ, দারিদ্রদের সহায়তা, মাদকসেবীদের পুনর্বাসন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা, চরাঞ্চলের সাপেকাটা রোগী, গর্ভবর্তী ও জরুরী কাজে যাতায়াতের জন্য স্পীড বোর্ডের ব্যবস্থাসহ বিভিন্ন কাজ করে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। জনকল্যাণ সামজিক সংগঠনের মহাসচিব নুরে আলম অহিদ জানান, বর্তমান ইউএনওকে বর্তমান কর্মস্থলে জনগনের চাহিদা মোতাবেক কাজ করার জন্য আরো সময় দেয়া প্রয়োজন।
    স্থানীয় সমাজকর্মী দেলোয়ার জানান, সামজিক নিরাপত্তা সেক্টরে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার গৃহীত পদক্ষেপগুলোর মাধ্যমে সমাজের নিম্ন শ্রেণির মানুষেরা উপকারভোগী হয়েছেন। তাই তাঁকে আরো কাজ করার সুযোগ দেয়া উচিত। এজন্য আমরা তাঁর বদলী আদেশ স্থগিত চাই। ছাত্র সমন্বয়ক রহমতুল্লাহ জানান, গোদাগাড়ীর গোদাগাড়ীর মানুষদের চিত্ত বিনোদনের জন্য ইতোপূর্বে কোন পার্ক হয়নি। বর্তমান ইউএনও’র একান্ত প্রচেষ্টায় ৯টি ইউনিয়নে ৯টি মিনি শিশু পার্ক নির্মান কাজ করেছেন। তিনি আশংকা করেন যে, তাঁর বদলীর ফলে এ কার্যক্রম বাধাগ্রস্থ হবে। স্থানীয় জনগণের দাবি গোদাগাড়ী উপজেলাকে সুন্দর ও আধুনিক উপজেলায় রূপান্তরের জন্য ইউএনও ফয়সাল আহমেদ এর বদলীর আদেশ স্থগিত করে আরো অধিক সময় গোদাগাড়ীতে রাখা হোক।

  • ভালুকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ড ॥ দগ্ধ হয়ে নিহত ১

    ভালুকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ড ॥ দগ্ধ হয়ে নিহত ১

    ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় রফিকুল্লা রহমান (৩৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়ে নিহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের মায়ের মসজিদের কলাবাগান এলাকায় তোফাজ্জল হোসেনের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল্লা রহমান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। অগ্নিকাণ্ডের সময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং একের পর এক ঘরে আগুন ধরে যায়। আগুন লাগার পরপরই স্থানীয়রা নিজ উদ্যোগে পানি ও বালতি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ভালুকা ফায়ার সার্ভিসেকে খবর দেয়। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। নিহতের লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • নবীগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তার ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ পরিদর্শন

    নবীগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তার ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ পরিদর্শন

    হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ দীর্ঘদিন ধরে উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে কাজ করে আসছে। সংস্থাটি ২০২৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্য বিবাহ রোধ, মাদক বিরোধী সচেতনতা, ইভটিজিং, ক্রীড়া প্রতিযোগিতা, সহ সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয় ও সমাজকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে। জানা যায়, সংস্থাটি নবীগঞ্জ থানার মুক্তাহার গ্রামের দুই কীর্তি পুরুষ, ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নং সার্কেলের সহোদর সরপঞ্চ ও ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এঁর নামানুসারে প্রতিষ্ঠিত। আজ হঠাৎ করে সংস্থার কার্যালয় পরিদর্শনে আসেন নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও নবীগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় তাঁদেরকে স্বাগত জানান সংস্থার সদস্য বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন- সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজু, সভাপতি দেবাশীষ দাশ রতন, সাধারণ সম্পাদক জনি দাশ, সদস্য সৃষ্টি রাণী দাশ, ওলী রাণী দাশ, নিখিলেশ দাশ, তীর্থ দাশ প্রমুখ। পরিদর্শন কালে নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সংস্থার কার্যক্রমে খুশি হন এবং সন্তোষ প্রকাশ করেন।

  • নড়াইলের নড়াগাতীতে ভূমি দস্যু তুষার কান্তি সিকদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    নড়াইলের নড়াগাতীতে ভূমি দস্যু তুষার কান্তি সিকদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

    নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের তুষার কান্তি সিকদারের বিরুদ্ধে ভয়াবহ প্রতারণা, জমি দখল, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত দালালি ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। একই সঙ্গে তিনি আলোচিত মামুন হত্যা মামলার আসামিও। আদালতের নথি, তদন্ত প্রতিবেদন ও স্থানীয়দের সাক্ষ্য অনুযায়ী, তুষার কান্তি সিকদারকে ঘিরে জনমনে ক্ষোভ চরমে উঠেছে। সম্প্রতি নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা নং ২৬৭/২০২৫-এর শুনানিতে প্রথম পক্ষ পলাশ কুমার সিকদার অভিযোগ করেন, যোগানিয়া মৌজার ১৪২১ দাগের ২৮ শতক জমি তার ভোগদখলে ছিল। তিনি প্রায় ২০ বছর ধরে সেখানে আবাদ করে আসছেন এবং পাঁচ বছর আগে কুল বরই গাছ রোপণ করেছেন। কিন্তু তুষার কান্তি সিকদার জোরপূর্বক ওই জমির কিছু অংশে টিনের ছাপড়া তুলে দখল করতে চান। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর আদালত বাদীপক্ষের দখল বহাল রাখেন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় তুষার কান্তি সিকদারের বিরুদ্ধে প্রসিডিং গ্রহণ ও চূড়ান্ত করেন। এ ঘটনার বাইরে তুষারের বিরুদ্ধে রয়েছে ভয়াবহ প্রতারণার ইতিহাস। জমি কেনাবেচার নামে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েও তিনি দলিল দেননি। কল্পনা রানী বসুর কাছ থেকে ১৩ শতক জমির দাম নিলেও দলিল হয়নি। পান্নু হুজুর তিন দফায় টাকা দেওয়ার পরও ২৫ শতক জমি পাননি। ভোলা নন্দীর জমি বিক্রির টাকা নিয়ে অন্যের কাছে ৭০ শতক জমি বিক্রি করে দেন। সাবেক বাঐসোনা ইউনিয়নের কুটি চেয়ারম্যানের কাছ থেকে ৫ লাখ টাকা নিলেও জমি দেননি বরং একই জমি আরেক জনের কাছ থেকে আবারও টাকা নেন। বাবলু ঠাকুরের জমি বন্ধক রেখে টাকা নিলেও ফেরত দেননি। সুবোধ মজুমদারের ২৬ শতক জমি বন্ধক রেখে এক লাখ টাকা নিয়ে ফেরত দেননি। রেজওয়ান মাস্টারের ২২ শতক জমির জন্য ৩ লাখ টাকা নিলেও দলিল করেননি। আর জয়দেব দাস বাজারে দুটি ঘর কেনার টাকা নিলেও ঘর পাননি। ক্ষোভে জয়দেব স্ট্রোকে মারা যান বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, তুষার কান্তি সিকদার শুধু প্রতারণার সঙ্গেই জড়িত নন, তিনি মামুন হত্যা মামলারও আসামি। সেই মামলায় আদালত থেকে জামিনে এসে আবারও তিনি প্রকাশ্যে এলাকায় ঘুরে অপকর্ম করে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে ভূমি দখল, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এতটাই বিস্তৃত যে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ৫০ বছর বয়সী এই ব্যক্তি এখনো বিয়ে করেননি। স্থানীয়দের অভিযোগ, তিনি একাধিক পরকীয়ায় জড়িয়ে কুখ্যাতি অর্জন করেছেন। তার অর্থনৈতিক দাপট ও দালালি কার্যক্রমের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে।
    যোগানিয়া ও আশপাশের গ্রামগুলোতে এখন তুষার কান্তি সিকদারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, জমি কেনাবেচার নামে একের পর এক মানুষকে প্রতারণার শিকার করেছেন তিনি। কেউ টাকা ফেরত পাননি, কেউ দলিল পাননি, কেউ আবার একই জমি একাধিক জনকে বিক্রি হয়ে যাওয়ায় সর্বস্বান্ত হয়েছেন। স্থানীয়দের দাবি, তার প্রতারণার বিচার না হলে আরও অনেকে ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেছেন, মামুন হত্যা মামলার আসামি ও চিহ্নিত ভূমি দস্যু তুষার কান্তি সিকদারের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

  • নাটোর বাগাতিপাড়ায় প্রতিপক্ষের আগুনে পুড়ে ভষ্ম ঘরের আসবাবপত্র

    নাটোর বাগাতিপাড়ায় প্রতিপক্ষের আগুনে পুড়ে ভষ্ম ঘরের আসবাবপত্র

    নাটোরের বাগাতিপাড়া উপজেলার রামপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ঘরে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রুস্তুম আলী মিলটন বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে রুস্তুম আলী মিলটন উল্লেখ করেন, গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে একই গ্রামের এসকেন্দার আলী (৪৫) ও সেলিম রেজা (৪০) তার ঘরের পূর্ব দুয়ারি কক্ষে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের ভেতরে রাখা পেঁয়াজ, গম, চাল,

    গবাদিপশুর খাদ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। রুস্তুম আলী মিলটন বলেন, “রাতে ঘুমানোর সময় আগুনের শব্দ শুনে উঠে দেখি প্রতিপক্ষ জানালা দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তাদের বাড়ির দিকে চলে যাচ্ছে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাদের সহায়তায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।” তিনি দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • আত্রাইয়ে ভ্যানের নিচে চাপা পড়ে শিশু নিহত

    আত্রাইয়ে ভ্যানের নিচে চাপা পড়ে শিশু নিহত

    আত্রাইয়ে ভ্যানের নিচে চাপা পড়ে শিশু নিহত

    নওগাঁর আত্রাইয়ে চার্জার ভ্যান উল্টে চাপা পড়ে তাওহিদ হোসেন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জাতোপাড়া গ্রামে। নিহত শিশু ওই গ্রামের নাঈম হোসেনের ছেলে। শিশু তাওহিদের চাচা জাহাঙ্গীর আলম জানান, জাতোপাড়া গ্রামে বালুপয়েন্ট এলাকা থেকে অটো চার্জার ভ্যান দিয়ে শ্রমীকরা বালু পরিবহন করছিলেন। এসময় চালক ভ্যান রেখে একটু অদুরে গেলে খেলার ছলে শিশু তাওহিদ ভ্যানে চড়ে পিকআপ টানলে ভ্যানটি সড়কের নিচে খাদে পড়ে যায়। এতে শিশু তাওহিদ ভ্যানের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয়। আহত শিশুকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, এঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র উন্মোচন

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র উন্মোচন

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র উন্মোচন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার (২৮ সেপ্টেম্বর) জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে চলমান মামলার ৫৪তম ও শেষ সাক্ষী হিসেবে মূল তদন্ত কর্মকর্তা (আইও) মো. আলমগীরের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ হয়। এদিন দুপুরে তদন্ত কর্মকর্তা আলমগীর সাক্ষীর ডায়াসে ওঠেন এবং শপথ গ্রহণের পর তার জব্দকৃত ১৭টি ভিডিও ট্রাইব্যুনালে প্রদর্শন করেন। এসব ভিডিওতে জুলাই-আগস্ট আন্দোলনের নৃশংস ও ভয়াবহ দৃশ্য ফুটে ওঠে। প্রথমে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ভিডিও প্রদর্শিত হয়, এরপর একে একে বাকি ভিডিওগুলো দেখানো হয়। এর মধ্যে গত বছরের ১৪ জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা বা নাতিপুতি’ আখ্যায়িত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের চিত্রও তুলে ধরা হয়। এছাড়াও, রংপুরে ও রাজধানীর চানখারপুলে পুলিশের পাশবিকতার ভিডিও, আশুলিয়ায় লাশ পোড়ানোর হৃদয়বিদারক ঘটনা এবং গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় পুলিশের চালানো হত্যাযজ্ঞ নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র ট্রাইব্যুনালে প্রদর্শিত হয়। এসব ভিডিও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তাদের সাথে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, তানভীর হাসান জোহাসহ অন্যান্য প্রসিকিউটরগণ। এর আগে, গত ২৪ সেপ্টেম্বর মামলার ২২তম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। ওইদিন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা সাক্ষ্য দেন এবং তাকে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন জেরা করেন। তানভীর জোহা তদন্তকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ ও তিনটি মোবাইল নম্বরের সিডিআর (কল ডিটেইল রেকর্ড) জব্দ করেন। সাক্ষ্যগ্রহণ শেষে তিনি পাঁচটি অডিও কথোপকথন সম্বলিত তিনটি সিডি ট্রাইব্যুনালে দাখিল করেন এবং সেসব ফোনালাপ শোনানো হয়। ২৩ সেপ্টেম্বর জব্দ তালিকার সাক্ষী হিসেবে তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়, যাদের মধ্যে দুজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার রেকর্ড ও লাইব্রেরি ইনচার্জ হিসেবে কর্মরত। ২২ সেপ্টেম্বর ৪৯তম সাক্ষী হিসেবে শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী জবানবন্দি দেন, যার মধ্য দিয়ে প্রসিকিউশনের ঘটনার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ হলেই যুক্তিতর্ক শুরু হবে এবং এরপর রায় ঘোষণা করা হবে। এদিকে, শেখ হাসিনার এ মামলায় আসামি থেকে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আজও ট্রাইব্যুনালে হাজির করা হয়, যার সামনে সাক্ষীরা জবানবন্দি দেন। জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে চালানো হত্যাযজ্ঞের বীভৎস বর্ণনা উঠে এসেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা এসবের জন্য দায়ী শেখ হাসিনা, কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আট হাজার ৭৪৭ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার। এই মামলায় ৮১ জনকে সাক্ষী করা হয়েছে। গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দিয়েছেন।

  • লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

    লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের বাকালিটারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন-ওই গ্রামের নুর ইসলাম (৫৪) ও তার ছোট ভাই দেলোয়ার হোসেন (৪২)। আহতরা হলেন-তাদের অপর ভাই ইয়াছিন আলী (৩৭) ও চাচা সিরাজুল ইসলাম। আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা চলছে। স্থানীয়রা জানান, বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে নুর ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেনও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এরপর তাদের ছোট ভাই ইয়াছিন আলী ও চাচা সিরাজুল ইসলাম ছুটে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা চার জনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নুর ও দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক জানিয়েছেন, চার জনকে হাসপাতালে আনার পর দুই ভাইকে মৃত ঘোষণা করা হয়। অপর দুইজন বর্তমানে শঙ্কামুক্ত। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। ‘ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। জেলা প্রশাসক বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তাদের স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশ করতে হবে। জনগণ যত বেশি তথ্য চাইবে, তত বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তিনি জেলা ওয়েবপোর্টালে সকল সরকারি দপ্তরের তথ্য নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম রেজা। এ সময় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান, আরএসডিএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম বাবু, ব্র্যাক এর জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, প্রয়াস এর সহকারী পরিচালক মোঃ ফারুক আহমেদ, ডাসকো এর সমন্বয়ক আবু হেনা মোঃ ফিরোজ, ইয়েস সদস্য মোঃ মিনাউর রহমানসহ অনেকে। সভায় টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম সনাকের ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন। টিআইবি তথ্য অধিকার আইন কার্যকর বাস্তবায়ন, তথ্য কমিশনকে শক্তিশালীকরণ, রাজনৈতিক দল ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানকে তথ্য আইনের আওতায় আনা, ডিজিটাল টুলসের সহজলভ্যতা বৃদ্ধি এবং জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিতে নানা সুপারিশ তুলে ধরে। অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, টিআইবি, সনাক ও ইয়েস গ্রুপের সদস্যসহ মোট ১২১ জন নারী-পুরুষ অংশ নেন।

  • চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ বিল দ্বিগুণের প্রতিবাদে অটো চালকদের বিক্ষোভ

    চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ বিল দ্বিগুণের প্রতিবাদে অটো চালকদের বিক্ষোভ

    চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ বিল দ্বিগুণের প্রতিবাদে অটো চালকদের বিক্ষোভ

    বিদ্যুৎ বিল আবাসিক থেকে বানিজ্যিক খাতে রূপান্তরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে অটো চালকরা বিক্ষোভ করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে সদর উপজেলার হায়াত মোড়, দেবীনগর, শাজাহানপুর, সুন্দরপুর, চরবাঘডাঙ্গা ও ইসলামপুর এলাকা থেকে আসা প্রায় দুই শতাধিক অটো চালক এ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এতদিন তারা আবাসিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই বানিজ্যিক বিল আরোপ করায় তাদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়েছে। ফলে আগের তুলনায় দ্বিগুণ বিল এসেছে। তারা জানান, অটো চালিয়ে যা আয় হয়, তা দিয়ে সংসার চালানোই কঠিন, এর মধ্যে দ্বিগুণ বিল দেওয়া সম্ভব নয়। তাই আগের মতো আবাসিক হারে বিল নেওয়ার দাবি জানান তারা। বিক্ষোভে অংশ নেওয়া অটোচালকরা বলেন, আমরা অসহায় মানুষ। এত বেশি বিল দিয়ে গাড়ি চালিয়ে সংসার চালানো সম্ভব নয়। আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার ফজলুর রহমান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অটো চালকদের বিদ্যুৎ বিল বাণিজ্যিক খাতে রূপান্তর করা হয়েছে। তবে আজ যারা এসেছিলেন তাদের কিছুটা সময় দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের সাথে কথা হয়েছে, আগামীতে চার্জিংস্টেশন রুপান্তর করা হবে। পরে জেনারেল ম্যানেজারের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।