Blog

  • খাল দখলকারী ও ভূমিদস্যুদের ছাড় দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

    খাল দখলকারী ও ভূমিদস্যুদের ছাড় দেওয়া হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা

    যারা খাল বা ভূমি দখল করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
    তিনি বলেন, ভূমিদস্যুরা দেশ ও সমাজের শত্রু। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকায় শুভাঢ্যা খাল খনন ও সুরক্ষা কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, একসময় এই খালটি সচল এবং প্রবাহমান ছিল। কিন্তু ভূমিদস্যুরা দখল করে এটিকে ময়লার ভাগাড়ে পরিণত করেছে। আর কিছুদিন গেলে এই খালটি ফিরে পাওয়া যেত না। ভূমিদস্যুরা এটিকে রাস্তায় পরিণত করত। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে খাল দিয়ে মানুষ যাতায়াত করত এবং বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত পানি প্রবাহিত হতো, সেই খালটিকে আজ ভূমিদস্যুরা দখল ও দূষণ করে সর্বনাশ করেছে। যারা এই নির্দেশনা মানবে না, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

  • জেলা তথ্য অফিসের উদ্যোগে নাচোলে নারী সমাবেশ

    জেলা তথ্য অফিসের উদ্যোগে নাচোলে নারী সমাবেশ

    জেলা তথ্য অফিসের উদ্যোগে নাচোলে নারী সমাবেশ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নারী সমাবেশ হয়েছে। সোমবার (২৫ আগস্ট) নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কসবা উজিরপুর (দর্গা) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মো: কামাল হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: দুলাল উদ্দিন খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কসবা উজিরপুর (দর্গা) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল জাব্বার এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, নারী নির্যাতন ও কন্যা শিশুর প্রতি বৈষম্য, বৃক্ষরোপন, পলিথিন বর্জন, শিশুদের মোবাইলের অপব্যবহার প্রতিরোধ, সামাজিক মূল্যবোধ গঠন, সুষম খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এসময় শিক্ষকগণ, নারী, পুরুষ, শিশুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • গাইবান্ধার পলাশবাড়ীতে সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

    গাইবান্ধার পলাশবাড়ীতে সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

    গাইবান্ধার পলাশবাড়ীতে সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের খোদ্দ ট্যাংরার গনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল দশটার দিকে নামাজে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
    পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে পথে ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। নিহত কিশোরীর নাম তাললিমা আকতার (১২)। সে কিশোরগাড়ী ইউনিয়নের খোদ্দ ট্যাংরা গনেশপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের সদস্যরা জানান, গতকাল বাড়িতে আত্নীয়-স্বজন আসছে। তাদের সাথে ঘুরতে যায় তাসলিমা। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সাপের ছোবল দেয়। পরে সে চিৎকার করতে থাকে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে রাতেই পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দায়িত্বরত ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসলিমাকে মৃত ঘোষণা করেন। তাসলিমার চাচাতো বড় ভাই নাজমুল মিয়া বলেন, সাড়ে ৬ টার দিকে তাসলিমাকে সাপে কামড় দিয়েছে। পরে তাকে উদ্ধার করে বাড়িতে এনে বিষ নামানোর চেষ্টা করা হয়। সাপ কামড় দেওয়ার ৪০ থেকে ৪৫ মিনিট পর হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি। আমাদের বাড়ি থেকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স প্রায় আট কিলোমিটার দূরে। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো: সালাউদ্দীন আহমেদ খান বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

  • ভোলাহাটে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন

    ভোলাহাটে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন

    ভোলাহাটে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তালুকদার। সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা প্রকৌশলী মোঃ আহরাম আলী, উপজেলা সমাজ সেবা অফিসার নাসিম উদ্দিন, বিএমডিএ ভোলাহাট জোনের সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাঃ মোজাম্মেল হক চুটু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, আম ফাউন্ডেশন ভোলাহাটের সদস্য সচিব মুনসুর আলী সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দলদলী ইউনিয়ন পরিষদ ফুটবল দল-২ এবং ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ ফুটবল দল-১। খেলায় ১-০ গোলে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ ফুটবল-১ দল বিজয়ী হয়। টুর্নামেন্টটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাধুলার বিকাশ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান অতিথিরা। মোট ৮টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলো অনুষ্ঠিত হবে। আগামি মাসের ৩ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • ৬ বিজিবি’র অভিযানে দর্শনায় পৌনে ২ কোটি টাকার স্বর্ণসহ ২ চোরাকারবারী আটক

    ৬ বিজিবি’র অভিযানে দর্শনায় পৌনে ২ কোটি টাকার স্বর্ণসহ ২ চোরাকারবারী আটক

    ৬ বিজিবি’র অভিযানে দর্শনায় পৌনে ২ কোটি টাকার স্বর্ণসহ ২ চোরাকারবারী আটক

    চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ছয়ঘড়িয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বারসহ ২ চোরাকারবারীকে আটক করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা। আটককৃতরা হচ্ছে, দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো. আব্দুল মমিন (৪৯) ও মো. আবুল কালাম আজাদ (৪৭)। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার নম্বর ৭৯ থেকে ১২০০ গজ ভেতরে তেমাথা এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়া দুই সন্দেহভাজনকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মো. আব্দুল মমিন তার কোমরে লুকানো ৮টি স্বর্ণের বারের কথা স্বীকার করেন। এ ছাড়া তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসানের নেতৃত্বে অভিযানে জব্দ হওয়া স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে। হাবিলদার মো. মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন এবং আটক ২ চোরাকারবারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে বিএসএফ’র হস্তান্তর

    সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে বিএসএফ’র হস্তান্তর

    পাঁচ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (২৫ আগস্ট) বিকেলে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বিজিবির কাছে ওই পাঁচজনকে হস্তন্তর করে। রাতে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। সীমান্তে হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষ্মী গ্রামের মনিরা পারভীন (৪৭), একই উপজেলার হরিনগর গ্রামের রফিকুল ইসলাম (৪৮), কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের শহিদ আলী (৫৭), একই উপজেলার বেনাদনা গ্রামের রবিউল ইসলাম (৩৫) এবং গড়ুইমহল গ্রামের মাসুম বিল্লাহ (৩০)। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, পরিচয় যাচাই-বাছাই শেষে পাঁচ বাংলাদেশিকে রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারত থেকে ফিরে আসা মাসুম বিল্লাহ জানান, কাজের সন্ধানে বিনা পাসপোর্টে তারা ভারতে গিয়ে দীর্ঘদিন সেখানে বসবাস করছিলেন। সম্প্রতি সেখানকার পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে তারা গত ২৪ আগস্ট রাতে ভারতে পশ্চিমবঙ্গের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

  • আগামী নির্বাচন পি.আর পদ্ধতিতেই হতে হবে-মোহাম্মদ সেলিম উদ্দিন

    আগামী নির্বাচন পি.আর পদ্ধতিতেই হতে হবে-মোহাম্মদ সেলিম উদ্দিন

    জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দেওয়া এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনগত ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিতে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি রামপুরা কাঁচাবাজার থেকে শুরু হয়ে মৌচাকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ১৮ কোটি মানুষের সমর্থনে ক্ষমতায় এসেছে এবং তারা রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়ও চলছে। তিনি অভিযোগ করেন, একটি বড় রাজনৈতিক দল এসব সংস্কারকে সাংবিধানিক বা আইনগত ভিত্তি দিতে চায় না। তবে অন্তর্র্বতী সরকারের বৈধতার জন্যই এসব সংস্কারকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে বলে তিনি মনে করেন। অতীতের নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা অতীতের মতো হাসিনা মার্কা নির্বাচন চাই না। নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে। তিনি জুলাই সনদকে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

  • ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

    ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

    ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া- মাস্টারবাড়ি বাজারে সড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। জানা যায়, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব অবৈধ স্থাপনা নির্মাণ করে দোকান বসানোর জন্য মোটা অঙ্কের অর্থ আদায় করত। বড় দোকানগুলোর জন্য ১ লাখ টাকা সিকিউরিটি এবং মাসিক ৮ হাজার টাকা ভাড়া নেওয়া হতো। অন্যদিকে, ছোট দোকানগুলো থেকে এককালীন ১০ হাজার টাকা সিকিউরিটি ও প্রতিদিন ২০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছিল। সোমবার (২৫ আগস্ট) ভালুকা উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ, ভালুকা মডেল থানার কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এবং সড়ক ও জনপদ ময়মনসিংহ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম তুহিন। সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয়রা বলছেন, এই অভিযানের ফলে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য কমবে এবং এলাকার যানজট নিরসন হবে।

  • গোমস্তাপুরে বিষ প্রয়োগে শতাধিক কবুতর ও মুরগি মেরে ফেলার অভিযোগ

    গোমস্তাপুরে বিষ প্রয়োগে শতাধিক কবুতর ও মুরগি মেরে ফেলার অভিযোগ

    গোমস্তাপুরে বিষ প্রয়োগে শতাধিক কবুতর ও মুরগি মেরে ফেলার অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিষ প্রয়োগ করে শতাধিক কবুতর ও মুরগি হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠাল মাদ্রাসা মোড়ে অবস্থিত আব্দুল বাশিরের চাতালে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উক্ত চাতালে বেশ কিছু মৃত কবুতর ও মুরগি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় অভিযোগকারী মিনহাজুল জানান, ওই চাতালে ধান ব্যবসায়ী আলমগীর ধানের সঙ্গে বিষ মিশিয়ে ছিটিয়ে রাখেন। সেই ধান খেয়ে তার ১৫ থেকে ২০টি মুরগি মারা গেছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন। আরেক ভুক্তভোগী আব্দুল হাকিম জানান, তার প্রায় ৫০টি কবুতর মারা গেছে এবং আরো কবুতর মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি সঠিক তদন্ত ও ন্যায়বিচার কামনা করেন। সাদিকুল নামের আরেকজন জানান, তার ১৫টি কবুতর মারা গেছে এবং এখনও আরও কবুতর মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করে কবুতর পালন করি। এটি আমার শখের জিনিস ছিল, অথচ এক মুহূর্তে সব নষ্ট হয়ে গেলো। এ বিষয়ে অভিযুক্ত আলমগীর কে একাধিকবার তার মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

  • আরএমপি ডিবির অভিযানে ৮ অপহরণকারী গ্রেফতার ॥ ভিকটিম উদ্ধার

    আরএমপি ডিবির অভিযানে ৮ অপহরণকারী গ্রেফতার ॥ ভিকটিম উদ্ধার

    রাজশাহী মহানগরীর কোর্ট এলাকা থেকে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করে ৮ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
    গ্রেফতারকৃতরা হলেন, নুর ইসলাম (২৭), মো. টিটু (৩০), সাজিদুর রহমান সাজিদ (২১), রাজন ওরফে কাওছার (২২), মো. তারেকুল ইসলাম (৫৫), মো. রেজা আলম (১৮), রাকিব মহসিন ওরফে রিয়াদ (২২)। গ্রেফতারকৃতরা সকলে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া অপর আসামি মো. ওমর আলী (৫০) রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংপুর গ্রামের বাসিন্দা। ঘটনাসূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ১টার দিকে রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংপুর গ্রামের সোহেল রানা মামলার বিষয়ে খোঁজ খবর নিতে রাজশাহী কোর্টের প্রধান ফটকের সামনে পৌঁছালে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অপহরণ করে। পরবর্তীতে অপহরণকারীরা সোহেল রানার ছোট ভাইয়ের কাছে মোবাইলে ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় তারা ভিকটিমকে মারধর করে এবং সেই শব্দ মোবাইল ফোনের মাধ্যমে তার ছোট ভাইকে শুনিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। মুক্তিপণের টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় অপহৃত সোহেল রানার স্ত্রী দ্রুত রাজশাহী মহানগর ডিবি পুলিশকে অবগত করলে, ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান শুরু করে। পরে অপহরণকারীরা কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশনের জামাল চত্বরে সোহেল রানার স্ত্রীকে মুক্তিপণের টাকা আনতে বলে। তিনি বিষয়টি ডিবি পুলিশকে জানালে, ২৫ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার দিকে আড়ালে থাকা ডিবি পুলিশের এসআই মো. শাহ্ আলী মিয়া ও তার টিম মুক্তিপণের টাকা নিতে আসা অপহরণকারী নুর ইসলাম ও রাজন ওরফে কাওছারকে গ্রেফতার করে।
    গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিমকে রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রাখা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডিবি পুলিশের টিম সেখানে অভিযান পরিচালনা করে সোহেল রানাকে আহত অবস্থায় উদ্ধার করে এবং দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় ঘটনাস্থল থেকে টিটু, সাজিদুর, তারেকুল, রেজা ও রাকিবকে আটক করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ওমর আলী, মাসুদ রানা এবং আরও কয়েকজন পালিয়ে যায়।
    পরবর্তীতে ডিবি পুলিশের টিম অভিযান চালিয়ে রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকা থেকে পলাতক আসামি ওমর আলীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপহরণকারীদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।