Blog

  • ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ॥ ব্যানার সরিয়ে নিচ্ছে প্রশাসন

    ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ॥ ব্যানার সরিয়ে নিচ্ছে প্রশাসন

    আচরণবিধি লঙ্ঘন হওয়ায় বিভিন্ন প্যানেলের ব্যানারগুলো সরিয়ে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টাঙানো ব্যানারগুলো নামিয়ে নিয়ে যায় প্রশাসন। এর আগে ২৬ আগস্ট সকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণার অনুমতি দেওয়া হয়। তখন টিএসসি, সামাজিক বিজ্ঞান চত্বর, চারুকলা, হলপাড়া এবং কার্জন হলে ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, স্বতন্ত্র জামালুদ্দীন খালিদ ও এনসিপির বহিষ্কৃত মাহিন সরকারের ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’, উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ব্যানার টাঙাতে দেখা যায়। তবে প্রশাসনের আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা যেকোনো হ্যান্ডবিল, পোস্টার, লিফলেট বিলি করা যাবে। তবে ক্যাম্পাসের কোথাও এগুলো টাঙানো কিংবা প্রদর্শন করা যাবে না।
    গত ২৬ আগস্ট চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আচরণবিধির ধারা-৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণার জন্য কেবলমাত্র সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পিভিসি/কাপড় বা অন্য কোনো মাধ্যমে ছাপানো বা লেখা ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙানো যাবে না। যেসব প্রার্থী ইতিমধ্যে ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙিয়ে প্রচার চালাচ্ছে, তাদেরকে অনতিবিলম্বে তা সরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে। টিএসসিতে ব্যানার নামানোর সময় উপস্থিত ছিলেন টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী। তিনি সংবাদিকদের বলেন, আমাদের আচরণবিধিতে এটা নেই, ওরা না জেনে লাগিয়েছে। তাই আমরা সরিয়ে নিচ্ছি। ক্যাম্পাসে যেকোনো ধরনের ব্যানার, ফেস্টুন, বোর্ড এগুলো থাকবে না। কোথাও স্টিকারও লাগানো যাবে না। শুধু সাদা কালো হান্ডবিল, লিফলেট বিলি করা যাবে। এর পরবর্তী যদি কেউ লাগায়, আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্যবস্থা নেয়া হবে।

  • গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় অটোভ্যানের চালকসহ নিহত ২ ॥ আহত-৪

    গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় অটোভ্যানের চালকসহ নিহত ২ ॥ আহত-৪

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অটোভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছে। এঘটনায় আরো ৪ জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান যাত্রীবাহি একটি অটোভ্যানগাড়ীকে চাপা দিলে সেটি উল্টে দুমড়ে-মুচড়ে গিয়ে দূর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক এবং এক যাত্রী নিহত হন। দূর্ঘটনায় অটোভ্যান গাড়ীর অপর ৪ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • নাচোলে আদিবাসী শিশুদের শিক্ষা অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা

    নাচোলে আদিবাসী শিশুদের শিক্ষা অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা

    নাচোলে আদিবাসী শিশুদের শিক্ষা অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আদিবাসী শিশুদের শিক্ষা অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার উপজেলা মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এসোড’র নির্বাহী পরিচালক রবিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মাকসুদুল হক, এসোড’র ম্যানেজার আজাহার আলী, এসোড’র প্রোগ্রাম অফিসার গণস্বাক্ষরতা অভিযান ঢাকা’র ডেপুটি ম্যানেজার শামসুন্নাহার ও প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী। বক্তারা বলেন, সমাজের ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী জনসাধারণের মান উন্নয়নে আদিবাসী শিশুদের অংশীজনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ক্ষুদ্র নৃগ্রোষ্ঠী আদিবাসী ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক, বিভিন্ন কর্মশালার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করলে দেখা যাবে এক সময় আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ছেলে-মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। তবে আদিবাসীদের অবশ্যই নেশা পরিহার করে নিজেদের প্রত্যেকটি পরিবার প্রধানকে এগিয়ে আসতে হবে।

  • আলমডাঙ্গায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

    আলমডাঙ্গায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

    চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার লালব্রিজের কাছে ট্রাকের চাপায় আব্দুর রাজ্জাক (৪২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, কাজ শেষে ঘটনার সময় বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুর রাজ্জাক। এসময় তিনি লালব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি গঠন

    বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি গঠন

    বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীদের পাল্টাপাল্টি আন্দোলন ও দাবির মুখে তাদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা যাচাই করতে একটি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে ৮ সদস্যের এই কমিটি এক মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে। বুধবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক শাখার অতিরিক্তি সচিব মো. হুমায়ুন কবিরের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটি ‘প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়ন করবে। কমিটির সদস্যগণ হচ্ছেন, সভাপতি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সদস্য সচিব-জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওবা) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। সদস্য-শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) চেয়ারম্যান প্রকৌশলী অধ্যাপক ড. তানভির মঞ্জুর।
    উল্লেখ্য, ডিপ্লোমা প্রকৌশলীরা উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের সুযোগ বন্ধ করাসহ ৭ দফা দাবিতে আন্দোলন করছেন। অন্যদিকে, বিএসসি ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ ব্যবহার করতে না দেওয়াসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। এই দুই পক্ষের অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতেই সরকার এই কমিটি গঠন করল।

  • রাকসু নির্বাচন পিছিয়ে ভোটের নতুন তারিখ ২৮ সেপ্টেম্বর

    রাকসু নির্বাচন পিছিয়ে ভোটের নতুন তারিখ ২৮ সেপ্টেম্বর

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে পূর্বনির্ধারিত ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। সংশোধিত এই তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। মনোনয়ন দাখিল করতে হবে ১ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে এবং বাছাই চলবে ৮ ও ৯ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর। এই তালিকার ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে ১৪ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ সেপ্টেম্বর।
    প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তনের কারণে আমাদের তফসিলে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি-নির্বাচনে নিরাপত্তার বিষয়। এছাড়াও প্রার্থীদের ডোপ টেস্টের বিষয় আছে, যা করতে পাঁচ-ছয়দিন সময় লাগবে। তিনি বলেন, আমরা কোনো দলের চাপে পড়ে এই সিদ্ধান্ত নেইনি। নির্বাচন কমিশনের একটা সভা ছিল। সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে সংগ্রহ করা যাবে। ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

  • নাটোরে ক্রেতা ও বিক্রেতার মাঝে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ

    নাটোরে ক্রেতা ও বিক্রেতার মাঝে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ

    আধুনিক নাটোর গড়ার প্রত্যেয়ে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ক্রেতা ও বিক্রেতার মাঝে বিতরণ করেছেন জেলা প্রশাসক আসমা শাহিন। বুধবার বেলা ১১ টার দিকে শহরের নিচা বাজার এলাকায় ‘পলিব্যাগ পরিহার করি পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার করি’ এই প্রতিপাদ্য নিয়ে একটি র‌্যালি বের করে নিচাবাজার ব্যবসায়ি ইউনিট। পরে বাজারে আগত ক্রেতা ও বিক্রেতার মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আসমা খাতুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, নিচাবাজার ব্যাবসায়ির ইউনিটির সভাপতি সাইফুল্লাহ, সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন শাহসব্যবসায়ী বৃন্দ। জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, নান্দনিক নাটোর গড়ার প্রত্যেয়ে নাটোরকে পলিথিন মুক্ত করার জন্য উদ্যেগ নেয়া হয়েছে। বাজারে জনগনের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা শুরু হয়েছে। ক্রেতাদের দেরকে উদ্বুদ্ধ করব পলিথিনের ব্যাগ পরিহার করে পাটের ব্যাগ ব্যবহারের জন্য। ধীরে ধীরে প্রত্যেকটি উপজেলাতে পলিথিন মুক্ত করা হবে। আমরা চাই পিিলেথনের ব্যবহার কমে আসুক। পলিথিন মুক্ত নাটোর গড়ে উঠুক।

  • সংক্ষিপ্ত সিলেবাসে হবে ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষা

    সংক্ষিপ্ত সিলেবাসে হবে ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষা

    ২০২৬ সালের এস.এস.সি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিতে হবে। মঙ্গলবার (২৬ আগষ্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে ২০২৬ সালের এসএসসি ও সমমানের নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুসারে পরীক্ষা দিতে হবে। বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে সব শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুততার সাথে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

  • তত্ত্বাবধায়ক সরকার রায় পুনর্বিবেচনা আবেদনের শুনানি আবারও বুধবার

    তত্ত্বাবধায়ক সরকার রায় পুনর্বিবেচনা আবেদনের শুনানি আবারও বুধবার

    সংবিধানে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে, আবারো শুনানি হবে বুধবার। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। দুপুরে দিনের শুনানি শেষ করে পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়। রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, রুহুল কুদ্দুস কাজল ও মোহাম্মদ শিশির মনির।
    রাজনৈতিক পটপরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ আবেদন জমা হয়। গত বছরের ২৭ আগস্ট একটি আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান। একই বছরের ১৬ অক্টোবর আরেকটি আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও একটি রিভিউ আবেদন করেন। এছাড়া নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনও আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন। এ চার রিভিউ আবেদনের একসঙ্গে শুনানি চলছে। ১৯৯৬ সালে আওয়ামীলীগের নেতৃত্বে বিরোধী দলগুলোর আন্দোলনের চাপে তত্ত্বাবধায়ক সরকারের বিধান এনে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংসদে পাস করে তৎকালীন বিএনপি সরকার। আওয়ামীলীগ সরকারের সময়ে ১৯৯৮ সালে ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী। পরে বিএনপি সরকারের সময়ে ২০০৪ সালের ৪ আগস্ট সেই রিট খারিজ হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধই থাকে। হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে ২০০৫ সালে আপিল করেন রিট আবেদনকারীরা। ২০০৬ সালে রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারির পর গঠিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর ক্ষমতায় থাকার পর এ পদ্ধতির দুর্বলতা নিয়ে প্রশ্ন ওঠে। পরে আবার আওয়ামীলীগ ক্ষমতায় ফিরলে ২০১০ সালের ১ মার্চ আপিল বিভাগে ত্রয়োদশ সংশোধনী মামলার শুনানি শুরু হয়। শুনানিতে আপিল আবেদনকারী এবং রাষ্ট্রপক্ষ ছাড়াও অ্যামিকাস কিউরি হিসেবে শীর্ষস্থানীয় ৮ জন আইনজীবী বক্তব্য দেন। তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দেন। এমনকি তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও এর পক্ষে মত দেন। ওই আপিল মঞ্জুর করে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয়। তখন প্রধান বিচারপতি ছিলেন এ বি এম খায়রুল হক।
    পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার আগেই ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তিসহ ৫৫টি সংশোধনীসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়। একই বছরের ৩ জুলাই তাতে অনুমোদন দেন রাষ্ট্রপতি। গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দেয়। ওই রায়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে।

  • অসুস্থ সাংবাদিক শফিকুল ইসলামকে হাসপাতালে দেখতে ছুটে গেলেন যাঁরা

    অসুস্থ সাংবাদিক শফিকুল ইসলামকে হাসপাতালে দেখতে ছুটে গেলেন যাঁরা

    ‘চাঁপাই দর্পণ’ পরিবারের দোয়া কামনা

    অসুস্থ সাংবাদিক শফিকুল ইসলামকে হাসপাতালে দেখতে ছুটে গেলেন যাঁরা

    অসুস্থ জ্যেষ্ঠ সাংবাদিক শফিকুল ইসলামকে সোমবার দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে যান, তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং কিছু সময় তার সাথে সময় কাটান জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান। এ সময় তার সাথে ছিলেন রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম ডাবলু। পৃথকভাবে একই দিন দুপুরে দেখতে যান, তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং কিছু সময় তার সাথে সময় কাটান সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) সভাপতি ও বিএনপি’র রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুল্লাহ আহমেদ। মঙ্গলবার বেলা ১২টার দিকে রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর এবং বিকেল পৌনে পাঁচটার সময় জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও রহনপুর পৌরসভার জামাত মনোনীত প্রার্থী তরিকুল ইসলাম বকুল অসুস্থ শফিকুল ইসলামকে দেখতে যান, তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং বেশ কিছু সময় তার সাথে কিছু সময় কাটান। ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর নিজস্ব প্রতিনিধি অসুস্থ সাংবাদিক শফিকুল ইসলাম এর দ্রুত সুুস্থতা কামনা করেছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। তিনি অসুস্থ প্রতিনিধি সাংবাদিক শফিকুল ইসলাম এর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।