Blog

  • উপদেষ্টা আসিফ মাহমুদ’র সাথে রাজশাহী বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের মতবিনিময়

    উপদেষ্টা আসিফ মাহমুদ’র সাথে রাজশাহী বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের মতবিনিময়

    স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে রাজশাহী সার্কিট হাউজে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সংস্থা সমূহের বাস্তবায়িত ১২ টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন। এর আগে উপদেষ্টা একদিনের সরকারি সফরে রাজশাহী সার্কিট হাউজে উপস্থিত হলে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এরপর রাজশাহী থেকে তিনি নাটোরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি স্বশরীরে নাটোর মিনি স্টেডিয়াম সহ ভার্চুয়ালি নাটোর এলজিইডির বাস্তবায়িত প্রকল্পসমূহের উদ্বোধন করেন এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

  • নাচোলে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

    নাচোলে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার নাচোল উপজেলা আদিবাসী একাডেমি চত্বর থেকে আদিবাসী একাডেমি ও বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো ও গণস্বাক্ষরতা অভিযান এর যৌথ আয়োজনে শত শত আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহণে রং-বেরঙের ফেস্টুন ও পতাকা হাতে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়ে উপজেলা আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, একাডেমির সাধারণ সম্পাদক বাবুলাল টপ্প, বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম, সংস্থার ফাইনান্স ম্যানেজার আজাহার আলী। এসময় একাডেমির সাবেক সভাপতি জতিন হেমরোম, বর্তমান সদস্য রঞ্জনা বর্মন, এসেডোর মাঠকর্মী ডেইজি ও সুমি খাতুনসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা আদিবাসী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

  • শিবগঞ্জে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ ॥ গ্রেপ্তার ২-জেলহাজতে প্রেরণ

    শিবগঞ্জে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ ॥ গ্রেপ্তার ২-জেলহাজতে প্রেরণ

    বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে উপজেলার মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মুরাদপুর দক্ষিণপাড়ার হাফিজুর রহমানের ছেলে আবু সুফিয়ান জাকির (৪০) এবং পাঁর আচলাই মধ্যপাড়ার শাহজাহান ইসলামের ছেলে মিল্লাত হোসেন (৩৫)। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে শিবগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলার অপর দুই আসামি হচ্ছে, শিবগঞ্জের মুরাদপুর উত্তরপাড়ার ফারুক হোসেন (৪০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আজাহার (৫০)। মামলার বিবরণ অনুযায়ী, আসামিরা গৃহবধূ ও তার স্বামীকে গোবিন্দগঞ্জের কুমারগাড়ী থেকে জোরপূর্বক সিএনজিতে তুলে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে নিয়ে আসে। সেখানে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • নাটোরের সিংড়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

    নাটোরের সিংড়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

    নাটোরের সিংড়ায় ‘কবুতর চুরির’ অভিযোগে আকরাম হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে সিংড়ার পাটকোল এলাকায় ‘গণপিটুনির’ পরে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আকরাম হোসেন (২৫) সিংড়ার পৌর সদরের পার-সিংড়া এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। সিংড়া থানার ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহ আগে সিংড়া পাটকোল এলাকায় একটি কবুতরের খামার থেকে ‘কবুতর চুরি’ করে আকরাম পালিয়ে যান। যে ঘটনা সিসিটিভির ভিডিওতে দেখতে পায় পাটকোল এলাকার মিঠু ও তার আশেপাশের প্রতিবেশীরা। ওসি আরও বলেন, এদিন দুপুরে আকরাম ওই এলাকায় গেলে তাকে ধরে ‘গণপিটুনি’ দেওয়া হয়। পরে পুলিশ আকরামকে গুরুতর আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আকরামের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সাংবাদিকদের বলেন, ‘কবুতর চুরির’ ঘটনাকে কেন্দ্র করে পাটকোল এলাকার মিঠু ও স্থানীয় লোকজন আকরামকে মারপিট করে। পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • শেরপুরে বৃদ্ধা স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা

    শেরপুরে বৃদ্ধা স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা

    শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন এক স্বামী। শুক্রবার বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। অভিযুক্ত স্বামী খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে খলিলুর রহমান (৮০)। ভুক্তভোগী স্ত্রী খোশেদা বেগমের (৭০) প্রায় ছয় বছর ধরে শয্যাশায়ী জীবন কাটছে। স্থানীয়রা জানান, অসুস্থ খোশেদা বেগম বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে স্বামী তাকে টেনে-হিঁচড়ে বাড়ির উঠানে নিয়ে গিয়ে কোদাল দিয়ে ছোট গর্ত খুঁড়ে মাটি চাপা দিতে থাকেন। এ সময় তাঁকে হাত দিয়েও আঘাত করেন। ঘটনাটি তাঁদের নাতি মো. খোকন (১৯) ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয় এবং জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে। এ বিষয়ে এলাকাবাসীর কেউ কেউ বলেন, খলিলুর রহমান সাধারণত ঝামেলায় জড়ান না এবং স্ত্রীকে সেবা করতেন, তবে ঘটনার দিন উত্তেজিত হয়ে এমন কাজ করেন। শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা দাবি করেছেন, বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়েছে।

  • অপপ্রচারের প্রতিবাদে ভালুকায় বিএনপি নেতা মোর্শেদ আলমের সংবাদ সম্মেলন

    অপপ্রচারের প্রতিবাদে ভালুকায় বিএনপি নেতা মোর্শেদ আলমের সংবাদ সম্মেলন

    ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, গত ২৪ সালের ৫ আগস্টের পর থেকে আলহাজ্ব মোর্শেদ আলমের নেতৃত্বে ভালুকা উপজেলা বিএনপি শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে। বিএনপি নামধারী একটি পক্ষ সে সময় সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করলেও, তার বলিষ্ঠ নেতৃত্বে তা ব্যর্থ হয় এবং পরবর্তীতে দলের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মুর্শেদ আলম সবসময় সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং প্রতিটি দলীয় কর্মসূচিতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন। তিনি আরও জানান, সম্প্রতি ভালুকা বাসস্ট্যান্ডে মারামারির ঘটনায় একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে মোর্শেদ আলমের নাম জড়িয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। এ ঘটনায় কৌশিক ঢালীকে ছুরিকাঘাতকারী জান্নাত ও আসিফের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে পরামর্শ দেন মোর্শেদ আলম। বিএনপি সবসময় সন্ত্রাস ও অপকর্মের বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে। যারা ব্যক্তিস্বার্থে অপপ্রচার চালাচ্ছেন, তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়; অন্যথায় দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মজু, রুহুল আমিন, আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু তাহের ফকির, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম হারিজ, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল, যুবদল নেতা আল আদীন টুটুল, আহসান শেখ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার দিনা, সাংগঠনিক সম্পাদক রাশিদা খাতুন, স্বেচ্ছাসেবক দল নেতা সাদিকুর রহমান সজীব, ভালুকা সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইদুল হাসান মৃদুল, সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ শান্ত, ভালুকা ক্রীড়া সংস্থার সদস্য রাফি উল্লাহ চৌধুরীসহ বিভিন্নস্তরের নেতা-কর্মী।

  • গোবিন্দগঞ্জে শহীদ জুয়েল রানা মিনি ষ্টেডিয়াম উদ্বোধন

    গোবিন্দগঞ্জে শহীদ জুয়েল রানা মিনি ষ্টেডিয়াম উদ্বোধন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ জুয়েল রানা মিনি ষ্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ভার্চুয়ালি আনুষ্ঠানিক ভাবে এ ষ্টেডিয়ামের উদ্বোধন করেন। এ সময় শহীদ জুয়েল রানার মা ও তার পরিবারের সদস্যসহ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সত্যরঞ্জন সাহা, উপজেলা বিএনপি’র আহ্বায় ফারুক আহমেদ, জেলা জামায়াতের সাবেক আমির ডা: আব্দুর রহীম সরকার, উপজেলা জামাতের সেক্রেটারি আবুল কালাম আজাদ,গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু, গোবিন্দগঞ্জ ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা এবং ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ

    সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ

    গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে ও জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে নওগাঁর নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
    শনিবার (০৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহ জাহান শাজু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন, আলমগীর মন্ডল, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাগর দাস, নিয়ামতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন শেখ, দপ্তর সম্পাদক রঞ্জিত, সদস্য জাকির হোসেন, রাকিবুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক জনি আহমেদ বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহ জাহান শাজু ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় আমি নির্বাক। এটা এই সরকার ও প্রশাসনের দুর্বলতার জানান দেয়। দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা করা না গেলে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র কিছুই থাকবে না।

  • রাজশাহীতে মাদকসহ সাবেক কাউন্সিলর ডিস মামুন গ্রেপ্তার

    রাজশাহীতে মাদকসহ সাবেক কাউন্সিলর ডিস মামুন গ্রেপ্তার

    রাজশাহী মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ কর্মী মো. রেজা উন-নবী আল মামুন ওরফে ডিস মামুনকে মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর তালাইমারি মোড়ে বেপরোয়া গতিতে মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় তাকে আটক করা হয়। র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক মো. রেজা উন-নবী আল মামুন (৫৩) রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ দরিখরবনা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, নেশাগ্রস্ত অবস্থায় দ্রুতগতিতে গাড়ি চালিয়ে তালাইমারি মোড়ে চায়ের দোকানের সামনে পৌঁছে হঠাৎ রাস্তার পাশে থাকা আইল্যান্ডের উপর গাড়ি তুলে দেন মামুন। এসময় তিনি আশেপাশে থাকা সাধারণ জনগণের দিকে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে গাড়িটি ঘিরে ফেলেন এবং ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে র‌্যাব-৫ এর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ডিস মামুনকে হেফাজতে নেয়। পরে তল্লাশির সময় তার ব্যাগ থেকে ৬ পিস ইয়াবা, ১ পুরিয়া গাঁজা, নগদ ৩০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মামুন মাদক সেবনের কথা স্বীকার করেছেন। র‌্যাব আরও জানিয়েছে, আল মামুনের বিরুদ্ধে ইতিপূর্বে ৮টি মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৭ জন

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৭ জন

    গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুইজনের মধ্যে একজন শাহজালাল (২৫)। তিনি কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে তাকে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া হতে গ্রেপ্তার করা হয়। শাহজালাল সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অন্যতম আসামি মো. ফয়সাল হাসানকে (২৩) নগরীর ১৭নং ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল হাসান পাবনা জেলার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব আরো পাঁচজনকে গ্রেপ্তার করে। যারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।