Blog

  • প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি পেয়েছে নির্বাচন কমিশন

    ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন

    প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি পেয়েছে নির্বাচন কমিশন

    ২০২৬ এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো চিঠি হাতে পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (৭ আগস্ট) কমিশন সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (৬ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইসিকে এ চিঠি দেয়া হয়। এতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। চিঠিতে বিগত পনের বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপট তুলে ধরে আগামী নির্বাচনে ভোট উৎসবের মধ্য দিয়ে স্মরণীয় করার কথা জানানো হয়। এদিন দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এই তারিখের মধ্যে ভোট আয়োজনে প্রস্তুতির কথা তুলে ধরেন। তিনি জানান, ২০২৬ এর ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে ভোটের অন্তত ২ মাস আগেই তপশিল দিতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, আরপিও সংশোধন, প্রবাসী ভোট পদ্ধতির অগ্রগতি সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত আসতে সিইসির সভাপতিত্বে ৯ম কমিশন সভা করছে ইসি সচিবালয়। এর আগে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সময়সীমা এবং নির্বাচন কমিশনকে চিঠি দেয়ার ঘোষণা দিয়েছিলেন।

    ইসি সূত্র জানায়, মূলত প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠকের পরই ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। যদিও সে সময় কমিশন বলেছিল, ওই বৈঠকের আনুষ্ঠানিক কোনো বার্তা পাননি তারা। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠকে নির্বাচন আয়োজনের অনানুষ্ঠানিক নির্দেশনা আসে। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম, গণমাধ্যম, পর্যবেক্ষক ও ভোটকেন্দ্রের নীতিমালা জারি, প্রবাসীদের ভোটার করার কার্যক্রমসহ নির্বাচনের নানা আয়োজন সেরে নেয় কমিশন। এরপরও আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা মহলে নানা গুঞ্জন রটে। তবু থেমে থাকেনি নির্বাচন কমিশনের কার্যক্রম। জাতীয় নির্বাচনের কেনাকাটা করারও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সর্বশেষ মঙ্গলবার ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের পর থেকে বেশ নিশ্চিন্ত নাসির উদ্দিন কমিশন। ওই ভাষণে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবেন বলে ঘোষণা দেন। ঘোষণার পরদিন সেই চিঠি পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যে থাকে মূলত ছবিসহ একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো। এর মধ্যে ছবিসহ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের কাজগুলো শেষ হয়েছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ শেষ হবে চলতি মাসেই। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধিত খসড়া প্রস্তুত হয়েছে। ভোটের প্রয়োজনীয় কেনাকাটা শেষ হবে সেপ্টেম্বরে। ভোটকেন্দ্র স্থাপন, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ, প্রশিক্ষণসহ বেশকিছু কাজ নির্বাচনের তপশিল ঘোষণার পরই শেষ করতে হয় নির্বাচন কমিশনকে। অন্যদিকে, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হলে আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই তপশিল ঘোষণা করা হবে।

  • নওগাঁ সীমান্তে নারী ও শিশুসহ ১৮ জনকে ‘পুশইন’ বিএসএফ’র

    নওগাঁ সীমান্তে নারী ও শিশুসহ ১৮ জনকে ‘পুশইন’ বিএসএফ’র

    নওগাঁর ধামইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৮ জনকে পুশইন করেছে বিএসএফ। শুক্রবার (৮ আগস্ট) ভোর পৌনে ৩টার দিকে ধামইরহাট উপজেলার সাতানাপাড়া আমবাগান এলাকায় সীমান্ত পিলার ২৭১/১-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে ১৪ জনকে আটক করে কালুপাড়া বিওপির টহল দল। অন্যদিকে, একই দিন ভোর সাড়ে ৪টার দিকে সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তে মেইন পিলার ২৪৬/২-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে রসুলপুর গ্রামের জামে মসজিদের পাশে চারজনকে আটক করে বামনপাড়া বিওপির বিজিবি সদস্যরা। ধামইরহাট সীমান্ত এলাকায় আটক ব্যক্তিদের মধ্যে ৬ নারী, ১ কিশোরী, ৩ শিশু ও ৪ যুবক রয়েছে। তারা খুলনা, নড়াইল, যশোরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। সাপাহার সীমান্ত এলাকায় আটকদের মধ্যে হলো, নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের ইমদাদুলের স্ত্রী মোছা. হেনা খাতুন (৩৮), একই উপজেলার চানপুর গ্রামের বালাম শিকদারের স্ত্রী রূপালী (৩৫), তাদের মেয়ে চাঁদনী (৮) ও ছেলে রমজান (২)। জানা গেছে, ধামইরহাটে আটক ব্যক্তিরা দীর্ঘদিন মুম্বাই শহরে বসবাস ও কাজ করছিল। গত ৭ আগস্ট বিমানযোগে পুনে বিমানবন্দর হয়ে পশ্চিমবঙ্গের বালুরঘাট থানার মাধ্যমে বিএসএফ তাদের সীমান্তে আনে এবং গাড়িযোগে পুশইন করে। পরে বিজিবি তাদের আটক করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাখে। বিজিবি সূত্রে জানা গেছে, সাপাহারের চারজন চার-পাঁচ বছর ধরে মুম্বাইয়ে বাসাবাড়িতে কাজ করছেন। সম্প্রতি মুম্বাই পুলিশ তাদের আটক করে ‘চেকব্যাক’ প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের ছত্রাহাটি বিএসএফ ক্যাম্পে পাঠায় এবং পরে সীমান্ত গেট দিয়ে ঠেলে দেয়। বর্তমানে তারা সাপাহার থানায় পুলিশের হেফাজতে রয়েছে। সাপাহার থানার ওসি আব্দুল আজিজ বলেন, ভোরে সাপাহার থানাধীন আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ ঢুকলে বিজিবি সদস্যরা চারজনকে আটক করে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। ধামইরহাট থানার ওসি মো. ইমাম জাফর বলেন, বিষয়টি শুনেছি, বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ৫ আগস্টের বিজয়ে সর্বস্তরের মানুষের অবদান ছিল-তারেক রহমান

    ৫ আগস্টের বিজয়ে সর্বস্তরের মানুষের অবদান ছিল-তারেক রহমান

    ৫ আগস্ট এর বিজয়, সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না, এ আন্দোলনে সর্বস্তরের মানুষের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান এবং ডা. জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। বুধবার বিকেলে ‘মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির’ উদ্যোগে এ আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় তারেক রহমান বলেন, মাহবুব আলী সাহেব একজন দেশপ্রেমিক মানুষ। তিনি দেশের জন্য কাজ করেছেন। আমরা যারা রাজনীতি করি, তারা দেশের মানুষের জন্যই রাজনীতি করি। আজ দেশে একটি পরিবর্তন এসেছে। দেশের মানুষ অনেক কিছু জানতে পেরেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যে সুযোগটি এসেছে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আসুন আমরা সেই সুযোগটি কাজে লাগাই। যেসব শহীদ বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন, সেই শহীদদের জন্য কাজ করি। তিনি আরো বলেন, আজ একটি বিপ্লব বা রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তন হয়েছে। আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলন সফল করার জন্য কাজ করেছি। গত বছর ৫ আগস্ট যে বিজয় হয়েছে, সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ এই আন্দোলনে রাজপথে নেমে এসেছে বলেই আন্দোলন সফল হয়েছে। বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তারেক রহমান বলেন, আমি প্রায় ১৭ বছর প্রবাসে আছি। আমিও আপনাদের মতো একজন প্রবাসীর অংশ। সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন, যারা বিগত সময়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সফল করেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আমি আজ এই অনুষ্ঠানের মাধ্যমে সব বাংলাদেশি প্রবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন, ঠিক সেভাবে আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসবে, সেই সরকারকেও সহযোগিতা করবেন। সংগঠনের সভাপতি সাদীক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোফের সমন্বয়ক কামাল উদ্দিনসহ অন্যরা।

  • পত্নীতলায় রাস্তা পাকাকরনের দাবিতে এক কিশোরের অভিনব প্রতিবাদ

    পত্নীতলায় রাস্তা পাকাকরনের দাবিতে এক কিশোরের অভিনব প্রতিবাদ

    নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের করমজায় মাদ্রাসা হতে নওপাড়া পর্যন্ত ২ কিলোমিটার কাঁচা রাস্তাটি দীর্ঘদিন যাবত পাকা না হওয়ায় রাস্তায় ধান লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছে এক কিশোর। যা ইতিমধ্যেই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিগত সরকারের লাগামহীন লুটপাট ও দুর্নীতির কারণে এসব এলাকার উন্নয়নের কোন ছোঁয়া পড়েনি। তাই বর্ষা মৌসুমে বসবাসরত এলাকাবাসীকে পোহাতে হয় সিমাহীন দুর্ভোগ। বর্ষাকালে এই কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে চরম অসুবিধা হয়। ছোট্ট ছোট্ট ছেলে-মেয়েরা স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করতে পারে না। অধিকাংশ সময় তারা বৃষ্টিতে কাদামাটি মেখে বাড়িতে চলে আসে। কোন কোন স্থানে হাঁটু সমান কাঁদা জমে থাকায় ছেলে-মেয়েরা স্কুল-কলেজ বা মাদ্রাসায় না গিয়ে বাড়িতে বসে থাকে। ভুক্তভোগী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বললে তারা জানান, বর্ষা মৌসুম এলে কাঁদার কারণে অনেক শিশু স্কুল বা মাদ্রাসায় যেতে চাই না। তারপরেও যদি যায়, তাহলে কাঁচা রাস্তায় পড়ে কাঁদামেখে বই খাতা ভিজিয়ে বাড়িতে আসে। অতিদ্রুত রাস্তা পাকাকরণ করার জন্য তারা পত্নীতলা উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এলজিইডি প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

  • ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন

    ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন

    আগামী ১০ আগস্ট রবিবার রাজশাহী মহানগর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে শুরু হয়েছে উৎসবমুখর প্রস্তুতি। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজশাহী জেলা ও মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি’র সম্মেলন উপলক্ষে গঠিত মিডিয়া সেল উপকমিটি।
    সংবাদ সম্মেলনে উপ-কমিটির আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন জানান, দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন হবে একটি ঐতিহাসিক মিলনমেলা, যেখানে রাজশাহী মহানগরীর সকল থানার নেতাকর্মী, কাউন্সিলর ও ডেলিগেটরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানান তিনি। এ সময় তিনি বলেন, বিগত দিনের সকল মতানৈক্য পেছনে ফেলে বিএনপি আজ ঐক্যবদ্ধ। পুরাতন-নতুন সকল নেতাকর্মী এই সম্মেলনে উপস্থিত থাকবেন। কারণ এই সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটি হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের আরেকটি শক্তিশালী ধাপ। তিনি আরো বলেন, সতের বছর ধরে বিএনপিকে দমন-পীড়নের মাধ্যমে স্তব্ধ করার চেষ্টা চালানো হয়েছে। লক্ষাধিক মামলা, কারাবরণ, হাজিরার পরও বিএনপির মনোবল ভাঙা যায়নি। বরং জনগণের অধিকার আদায়ের আন্দোলন আজও চলমান রয়েছে। তিনি দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হবে। এই ঘোষণা তারেক রহমানের নেতৃত্বে ‘ওয়ান টু ওয়ান’ আলোচনার ফল বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলন বলেন, কাউন্সিল হবে সকলের সম্মতিতে। পুরাতন ও বর্তমান নেতৃত্ব একত্রিত হয়ে সম্মেলন সফল করবেন। তিনি সম্মেলনে সকল গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী, ১৯ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সদস্য মনিরুজ্জামান শরীফ, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বর্তমান আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি শামসুল হোসেন মিলু, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, শাহমখদুম থানার সদস্য সচিব নাসিম খান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন সহ নেতাকর্মী ও সমর্থকগণ।

  • গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

    গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, একদল ডাকাত বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা (পূর্বপাড়া) গ্রামের একটি বাড়িতে সংঘবদ্ধ হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা থেকে পুলিশের একটি দল ওই বাড়িটি ঘিরে ফেলে। কিন্তু ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ ৪ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতেরা হলো-গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা পূর্ব মাস্তা গ্রামের মহাব্বত আলী শেখের ছেলে আব্দুর রহমান ওয়াসিম শেখ (৩৭), একই ইউনিয়নের মহববপুর (তুলশীপাড়া) গ্রামের আমির হোসেনের ছেলে ডলার হোসেন (৪০), পাশ্ববর্তী পলাশবাড়ী উপজেলার খোদকোমরপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা (গোয়ালপাড়া) গ্রামের মধু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৫৭) ও একই উপজেলার বরিশাল ইউনিয়নের পূর্ব নয়াপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে হেলাল মিয়া (৩৮) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। অভিযানের সময় আটককৃত ডাকাতদের কাছ থেকে তালা কাটার,দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ৪ ডাকাত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৫/৬ টি করে ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • র‌্যাবের হাতে গোদাগাড়ীর একাধিক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

    র‌্যাবের হাতে গোদাগাড়ীর একাধিক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

    গোদাগাড়ীর একাধিক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। জানা যায়, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে একাধিক মাদক মামলার পলাতক আসামি এবং হেরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মহবুল ওরফে কালু (৫২) কে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। র‌্যাব-৫ এর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ আগস্ট (সোমবার) বিকেলে রাজশাহী নগরীর কাশিয়াডাঙা থানাধীন হড়গ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে মহবুলকে গ্রেফতার করা হয়। সে রাজশাহীর গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আলফাজ উদ্দিন বিশ্বাস। র‌্যাব জানায়, মহবুল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সিপিএসসি (সিনিয়র পেট্রোলিং অ্যান্ড স্পেশাল ক্রাইম) ইউনিট জানতে পারে, মহবুল সীমান্তবর্তী এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এরপর গোয়েন্দা দল তার গতিবিধি নজরদারিতে রাখে এবং একাধিকবার অভিযান চালানো হয়। অবশেষে র‌্যাবের একটি অভিজ্ঞ ও প্রশিক্ষিত দল সফলভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব আরও জানায়, সাত বছর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় বিপুল পরিমাণ হেরোইনসহ মহবুলকে আটক করা হয়েছিল। সে মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত মহবুলকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • রাকসু নির্বাচন ॥ গণতান্ত্রিক ছাত্র জোটের ৩ দাবিতে স্মারকলিপি

    রাকসু নির্বাচন ॥ গণতান্ত্রিক ছাত্র জোটের ৩ দাবিতে স্মারকলিপি

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে ৩ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর জোট-গণতান্ত্রিক ছাত্র জোট। বৃহস্পতিবার এসব দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাকসু কোষাধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হয় বলে জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র জোটের অন্যতম সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো দাবিগুলো তুলে ধরা হয়। । দাবীগুলো হলো-রাকসু নির্বাচনের ভোট কেন্দ্র আবাসিক হলের বদলে একাডেমিক ভবনে স্থাপন, আবাসিক হলে কোরআন পোড়ানো, রেজিস্ট্রারের বাসায় হাতবোমা বিস্ফোরণ ও ছাত্র জোটের কর্মসূচিতে হামলার তদন্ত ও বিচার নিশ্চিত, সাইবার বুলিং রোধে একটি কার্যকর সেল গঠন এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে বলা হয়, ২৮ জুলাই ঘোষিত তফসিলে ভোটকেন্দ্র হিসেবে আবাসিক হলের উল্লেখ রয়েছে। ২০১৮ সালের ডাকসু নির্বাচনে আমরা দেখেছি, হলে ভোট কেন্দ্র থাকলে ভুয়া ভোটার লাইন তৈরি, বিভ্রান্তি ও অর্থের বিনিময়ে আধিপত্য বিস্তারের চেষ্টা হয়। আমরা চাই না রাকসু নির্বাচনে সেই অনৈতিক সংস্কৃতি ফিরে আসুক। জুলাই অভ্যুত্থানের পর ছাত্রলীগের নিয়ন্ত্রণ কিছুটা কমলেও ক্যাম্পাসে এখনো সহিংসতার শঙ্কা রয়েছে। কোরআন পোড়ানো, মব অ্যাটাক, রেজিস্ট্রারের বাড়িতে হাতবোমা বিস্ফোরণ কিংবা ছাত্র জোটের কর্মসূচিতে হামলার কোনো বিচার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটেই একটি ‘অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক’ রাকসু নির্বাচনের স্বার্থে তারা এসব দাবি জানানো হয়েছে।

  • নাটোরে প্রাইভেট কারের চালককে ছুরিকাঘাতে হত্যা

    নাটোরে প্রাইভেট কারের চালককে ছুরিকাঘাতে হত্যা

    নাটোরের লালপুরে এক প্রাইভেট কার চালককে পথ রোধ করে গাড়ির মধ্যেই গলায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর মিলস হাইস্কুলে পাশে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান (৩৫) কুষ্টিয়ার ভেড়ামারার বামনগ্রাম এলাকার প্রয়াত আলতাব হোসেনের ছেলে। লালপুর থানার ওসি মমিনুজ্জামান সাংবাদিকদের জানান, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে প্রাইভেট কারটি লালপুর দিয়ে নাটোরের বনপাড়ায় যাচ্ছিল। গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের সামনে পৌঁছালে, গাড়িটি থামিয়ে চালক সাইদুর রহমানের গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বত্তরা। এ সময় সাইদুর গাড়ি থেকে বের হয়ে বাঁচার চেষ্টা করলেও ঘটনাস্থলেই পড়ে যান। এরপর স্থানীয়রা রাস্তার পাশে রক্তাক্ত মরদেহ দেখে থানায় জানালে পুলিশ দ্রুত গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাইভেট কারের ভেতর থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতেই তাকে হত্যা করা হয়েছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানান, সাইদুর রহমান গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলেন, তবে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

  • গোবিন্দগঞ্জে এম্বুলেন্সের ধাক্কায় মুদি দোকাদার নিহত

    গোবিন্দগঞ্জে এম্বুলেন্সের ধাক্কায় মুদি দোকাদার নিহত

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে এ্যাম্বুলেন্স ঢুকে পড়ায় আরমান আলী (৩০) নামের এক দোকানদার নিহত হয়েছে। সে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল বাতাইল গ্রামের সাত্তার মিয়ার ছেলে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাই সড়কের ফুটানি বাজার এলাকায় একটি দ্রুতগামী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী দোকানে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরমান নিজ দোকানে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে সে মারা যায়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম নিহত হওয়ার নিষয়টি নিশ্চিত করেছেন।