Blog

  • বাগাতিপাড়া উপজেলা বিএনপির আয়োজনে বিশাল বিজয় মিছিল ও র‌্যালি

    বাগাতিপাড়া উপজেলা বিএনপির আয়োজনে বিশাল বিজয় মিছিল ও র‌্যালি

    জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ ই আগষ্ট আওয়ামীলীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূতি পালন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই বুধবার বিকেলে মুসলধারে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ আনন্দ উল্লাসে বিভিন্ন রংবেরঙের ব্যানার ফেস্টুন, ধানের শীষ নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ মিছিল ও বিজয় র‌্যালি বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজার থেকে বের করা হয়। বিজয় র‌্যালিটি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার বিহারকোল বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন,সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ব্যারিষ্ট্যার ফারজানা শারমিন পুতুল,যুবদল নেতা হারুন উর দুলাল ও ছাত্রদল যুবদল,কৃষকদল মহিলা দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রবল বৃষ্টির কারনে অনুষ্ঠানটি দেরীতে শুরু হলেও সন্ধ্যা পর্যন্ত মানুষের আনন্দ উল্লাসের কমতি ছিলনা। অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দ অতি দ্রুত নির্বাচনের দাবি জানান।

  • র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এক আসামী আটক

    র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এক আসামী আটক

    র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে চাঞ্চল্যকর আপন চাচাতো ভাই এর হাতে হত্যা মামলার এক আসামী গ্রেফতার হয়েছে। আটককৃত আসামী হচ্ছে, হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ৪নং আসামী মোসাঃ ফাতেমা বেগম (২৭)। সে জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর (বিজয়মোড়) এলাকার মোঃ মামুন আলীর স্ত্রী। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ৪নং আসামী মোসাঃ ফাতেমা বেগম (২৭)’কে ৭ আগষ্ট রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রামকৃষ্ণপুর এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, অত্র মামলার বাদী ও আসামীগন দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক বসত ভিটায় বাড়িঘর নির্মাণকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ চলে আসছিল। এরই জের ধরে গত ০৫ জুলাই ২০২৫ তারিখ বাদী তার নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শুরু করে। এমন সময় পূর্ব পরিকল্পনা ও ষড়যন্ত্রমূলে এজাহারনামীয় আসামীগণ দেশী অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ছাদ হতে বাদীর ছাদে আসে এবং বাদীসহ তার স্ত্রী কন্যাকে মারপিট করতে থাকলে তারা প্রাণ বাঁচানোর জন্য ছাদ হতে নীচে নেমে আসে। আসামীগন ক্ষিপ্ত ও হিংস্র হয়ে ছাদ থেকে নেমে বেধড়ক মারধর এবং কোপাতে থাকে। এসময় হত্যার জন্য খালেদার ঘাড়ে একাধিক কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। প্রচুর রক্তক্ষরনের কারনে খালেদা নিস্তেজ হয়ে ঘটনাস্থলেই মারা গেলেও অন্যান্য আসামীগণ খালেদার শরীরসহ বাদীর অপর কন্যা ও স্ত্রীকে আঘাত করে আহত করে। লোকজন উপস্থিত হলে আসামীরা সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম এর পিতা মোঃ সবুর আলী (৬৬) বাদী হয়ে শিবগঞ্জ থানায় ১৫ জনসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে ০৬ জুলাই/২৫ তারিখ একটি হত্যা মামলা দায়ের করে।

  • নাচোলে বিভিন্ন দপ্তর তদারকি-সভাসহ নানা কর্মসূচীতে দিনভর ব্যস্ত জেলা প্রশাসক

    নাচোলে বিভিন্ন দপ্তর তদারকি-সভাসহ নানা কর্মসূচীতে দিনভর ব্যস্ত জেলা প্রশাসক

    নাচোলে বিভিন্ন দপ্তর তদারকি-সভাসহ নানা কর্মসূচীতে দিনভর ব্যস্ত জেলা প্রশাসক

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন দপ্তরের তদারকি, সভা, চেক বিতরণ, বৃক্ষ রোপন, বিদ্যালয় পরিদর্শনসহ নানা কর্মসূচীতে ব্যস্ত সময় পার করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলা মিনি কনফারেন্স হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। বেলা ১১টায় ২০২১-২২ নম্বর কেসের আওতায় এলএ ভুমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ করেন। সাড়ে ১১টায় পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন। ১২টায় গুঠইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,

    পৌনে ১টায় মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়, ১টায় মাক্তাপুর কমিউনিটি ক্লিনিক, সোয়া ১টায় নাচোল ইউনিয়ন পরিষদ, ১টা ৩০মিনিটে উন্নয়ন প্রকল্প পরিদর্শণ করেন। পৌনে ২টায় নাচোল পৌরসভা এবং ডিজিটাল সেন্টার, ২টায় ইউনিয়ন ভূমি অফিস ও ৩টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরির্দশণ শেষে জেলা প্রশাসক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং পরামর্শ প্রদান করেন। এসময় নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, সহকারী কমিশনার এক্সিকিউট ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস,

    বিএমডিএ ইঞ্জিনিয়র রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন স্থানের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ৫ই আগস্টে স্বৈরাচারমুক্ত হয়েছি ॥ স্বাধীনভাবে কথা বলতে পারছি-শাহজাহান মিঞা

    ৫ই আগস্টে স্বৈরাচারমুক্ত হয়েছি ॥ স্বাধীনভাবে কথা বলতে পারছি-শাহজাহান মিঞা

    এই ৫ই আগস্টে স্বৈরাচারমুক্ত হয়েছি। স্বৈরাচারকে বিদায় করার পরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আর শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৬ আগস্ট (বুধবার) বিকেলে উপজেলার পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়ে এসব মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: শাহজাহান মিঞা তিনি উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দিয়ে বলেন—নিজ নিজ এলাকায় গিয়ে আপনারা নির্বাচনে কাজ আরম্ভ করুন। আপনারা দলের কাজ, বিএনপির কাজ, নির্বাচনের কাজ এখন থেকেই শুরু করে দিন। এসময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: আশরাফুল হক। উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো: তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: সফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মো: আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফারুক কুইক প্রমুখ। সমাবেশ শেষে ’৭১-এর স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

  • জুলাই গণঅভ্যুত্থান ॥ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পৃথক পৃথক বিজয় র‌্যালি

    জুলাই গণঅভ্যুত্থান ॥ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পৃথক পৃথক বিজয় র‌্যালি

    জুলাই গণঅভ্যুত্থান ॥ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পৃথক পৃথক বিজয় র‌্যালি

    জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ‘আওয়ামী ফ্যাসিস্টদের পতন ও ছাত্রজনতার বিজয় বর্ষপূর্তি’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পৃথকভাবে বিজয় র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকারের নেতৃত্বে একটি বিজয় র‌্যালি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অন্যদের উপস্থিত ছিলেন, বিএনপি নেতা-কামরুল আরেফিন বুলু, অ্যাডভোকেট নূরুল ইসলাম সেন্টু, মসুদা আফরোজা হক শুচিসহ অন্যরা। অন্যদিকে,

    জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের নেতৃত্বে আরেকটি বিজয় র‌্যালি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ত অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, হায়াতুদ্দৌলা, বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন, তারিক আহমদ, আবু তাহের খোকন, সারোয়ার জাহান, ইসমাইল হোসেনসহ অন্যরা। এছাড়া, শিবগঞ্জে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞার নেতৃত্বেও একটি বিজয় র‌্যালি বের হয়। বিএনপির এই পৃথক কর্মসূচিতে দলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা চলমান আন্দোলনকে আরও বেগবান করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

  • শিবগঞ্জে সরকারি হাটে অবৈধ দখল, পশু ব্যবসা প্রায় বন্ধ

    শিবগঞ্জে সরকারি হাটে অবৈধ দখল, পশু ব্যবসা প্রায় বন্ধ

    শিবগঞ্জে সরকারি হাটে অবৈধ দখল, পশু ব্যবসা প্রায় বন্ধ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিনোদপুর খাসের হাট রীতিমতো দখলদারদের রাজ্যে পরিণত হয়েছে। সরকারি হাটের গরু রাখার মূল মাঠজুড়ে এখন গজিয়ে উঠেছে অন্তত ৫০টি অবৈধ দোকান। একসময় যেখানে প্রতি হাটে উঠত ৫০০-৭০০ গরু, সেখানে এখন গরুর সংখ্যা নেমে এসেছে ৮০-১০০-তে। হাটের আয়ের প্রধান উৎসই এখন প্রায় বন্ধ হওয়ার পথে। সরজমিন ঘুরে দেখা গেছে, গরুর দাঁড়ানোর জায়গাও ফাঁকা নেই। পুরো জায়গা দখল করে নিয়েছে চায়ের দোকান, মুদিখানা, খাবার হোটেল থেকে শুরু করে নানা স্থাপনা। এর ফলে হাটের পশু ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে হাট ইজারাদাররা। বাংলা ১৪৩২ সনের জন্য হাটটি ৩২ লাখ ৫০ হাজার টাকায় ইজারা নিয়েছেন মো. রেদওয়ানুল বারী। তিনি বলেন, হাট ইজারা নিয়েছি লাভের আশায়, কিন্তু এখন দেখি পুরো জায়গা দখলে। গরু উঠবে কোথায়? প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। একই ক্ষোভ পশু ব্যবসায়ী আবদুল খালেকের কন্ঠেও। তিনি জানান, এই হাটে আগে প্রতিটি হাটে শত শত গরু নামতো। এখন জায়গাই নেই। বেচাকেনা বলতে গেলে বন্ধ। আমরা এখন অন্য হাট খুঁজছি। স্থানীয় একজন সচেতন নাগরিক আবদুস শুভান বলেন, সরকারি হাটের জমি দখল করে দোকান বসানো সম্পূর্ণ বেআইনি। অথচ দেখার কেউ নেই। অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। এদিকে, হাট পরিচালনাকারী আমিনুল ইসলাম জানান, গত বছর যেখানে আয় হতো লাখ টাকায়, সেখানে এখন আয় নেমে এসেছে অনেক নিচে। হাটের জায়গা সংকুচিত হওয়ায় ইজারাদার ও ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী বলেন, দখলদারদের একাধিকবার উচ্ছেদ করা হয়েছে। কিন্তু তারা আবার ফিরে আসে। বিষয়টি জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমতি পেলেই দ্রুত অভিযান চালানো হবে। এই হাট শুধু একটি বাজার নয়, এটি উপজেলার অর্থনৈতিক প্রাণ। এই বাজারের রাজস্ব দিয়ে চলে স্থানীয় উন্নয়ন। হাটে পশু না উঠলে শুধু ইজারাদার নয়, ক্ষতিগ্রস্ত হয় পুরো অঞ্চল। তাই দখলদার উচ্ছেদ করে হাটের জায়গা উদ্ধার এখন সময়ের দাবি।

  • মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে

    আ’লীগের নেতা-কর্মীদের গেরিলা প্রশিক্ষণ

    মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে

    আওয়ামীলীগের নেতা-কর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার একটি আদালত এই আদেশ দেন। সুমাইয়া জাফরিনকে বুধবার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আটক করে ডিবি। এরপর তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার পুলিশ তার সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অভিযোগ রয়েছে, মেজর সাদিক যখন আওয়ামীলীগের নেতা-কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিতেন, তখন তার স্ত্রী সুমাইয়া জাফরিনও তার সঙ্গে এতে অংশ নিতেন। এর আগে এই ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। উল্লেখ্য, ঢাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের ঘটনায় এখন পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামীলীগ এবং এর অঙ্গসংগঠনের ২৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক রিমান্ড শেষে কারাগারে

    সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক রিমান্ড শেষে কারাগারে

    রায় জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ.বি এম খায়রুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া সাত দিনের রিমান্ড শেষে খায়রুল হককে আদালতে হাজির করে তাকে কারাগারে রাখার আবেদন করেন। আবেদনে তিনি বলেন, রিমান্ডে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি। তদন্ত চলমান থাকায় তাকে কারাগারে রাখা জরুরি। আদালত আবেদনটি মঞ্জুর করেন। ২০২৪ সালের ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম শাহবাগ থানায় এই মামলা দায়ের করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়েছে, খায়রুল হক শেখ হাসিনার ইচ্ছা পূরণের জন্য এবং অবসর-পরবর্তী পদায়নের লোভে দুর্নীতির মাধ্যমে রায় পরিবর্তন করে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। গত ২৪ জুলাই ধানমন্ডির একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর এক কিশোর হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

  • নাটোরে চাঁদাবাজির অভিযোগে ২ ভূয়া সাংবাদিক আটক

    নাটোরে চাঁদাবাজির অভিযোগে ২ ভূয়া সাংবাদিক আটক

    নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ভূয়া সাংবাদিক হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬) নামে দুই ভাইকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার খাদ্য গোডাউন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা এলাকায়। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, হাফিজুর ও উজ্জ্বল নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে খাদ্য গোডাউনে যায়। পরে তারা কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করেন। তাদের কথাবার্তা সন্দেহজনক হলে কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে আটককৃত দুই ভাই চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সাংবাদিক পরিচয়ে প্রতারণা করে আসছিল।

  • বাকৃবিতে ফ্যাসিবাদ দোসরদের শাস্তি ॥ ৩৯ শিক্ষার্থীর সনদ বাতিল

    ১৩৩ জনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বাকৃবিতে ফ্যাসিবাদ দোসরদের শাস্তি ॥ ৩৯ শিক্ষার্থীর সনদ বাতিল

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত বছরের ৪ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় ‘শেখ হাসিনাতেই আস্থা’ শীর্ষক শান্তি মিছিলে অংশগ্রহণ এবং নিরীহ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগে ১৩৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ৩৯ জন শিক্ষার্থীর সনদ বাতিল এবং ১০ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ৩২৮তম সিন্ডিকেট সভায় গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শাস্তির আওতায় রয়েছেন ৫৭ জন শিক্ষক, ২৪ জন কর্মকর্তা, ২১ জন কর্মচারী এবং ৩১ জন শিক্ষার্থী। শিক্ষকদের মধ্যে ৬ জনকে বরখাস্ত, ১২ জনকে অপসারণ, ৮ জনকে নিম্ন পদে অবনমন এবং ৩১ জনকে তিরস্কার করা হয়েছে। কর্মকর্তাদের মধ্যে ৮ জনকে বরখাস্ত, ৮ জনকে অপসারণ, ৭ জনকে তিরস্কার এবং ১ জনকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। কর্মচারীদের মধ্যে ২ জনকে বরখাস্ত এবং ১৯ জনকে তিরস্কার করা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে ৭ জনকে আজীবন বহিষ্কার এবং ২৪ জনের সনদ বাতিল করা হয়েছে। এছাড়া, ২০২২ সালের ২৩ ডিসেম্বর আশরাফুল হক হলে ছাত্রদল ও শিবির ট্যাগ দিয়ে চারজন শিক্ষার্থীর ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় আরও ২১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ জন শিক্ষার্থীর (১৫ জনের সনদ বাতিল, ৩ জনের আজীবন বহিষ্কার), ২ জন শিক্ষকের (একজনের নিম্ন পদে অবনমন, অপরজনের পদোন্নতি ও বেতন বৃদ্ধি স্থগিত) এবং ১ জন কর্মকর্তার চাকরি থেকে অপসারণের শাস্তি দেওয়া হয়েছে। বাকৃবির উপাচার্য অধ্যাপক এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এবং যাচাই-বাছাইয়ের পর ১৮ মে’র সিন্ডিকেট সভায় শাস্তির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে, যা পরবর্তী সভায় সমর্থিত হয়। তিনজন শিক্ষক তদন্ত কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন, যা রবিবার (০৩ আগষ্ট) খারিজ হয়েছে। ইতোমধ্যেই শাস্তি সংক্রান্ত কাগজপত্র বিতরণ শুরু হয়েছে।