Blog

  • গোপালগঞ্জে ৪ শতাধিক নারী-পুরুষ গ্রেফতার

    গোপালগঞ্জে ৪ শতাধিক নারী-পুরুষ গ্রেফতার

    গোপালগঞ্জে ৪ শতাধিক নারী-পুরুষ গ্রেফতার

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতা এবং পাঁচজন নিহতের ঘটনায় এখন পর্যন্ত ৪ শতাধিক নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় ৪টি হত্যা মামলাসহ মোট ৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় কমপক্ষে ১০ হাজার মানুষকে আসামী করা হয়েছে। এরমধ্যে ৪ জন নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভন্ডুল করতে আওয়ামীলীগ ও ছাত্রলীগের শতশত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দিনভর চলা সংঘর্ষে ৫ যুবক নিহত ও পুলিশ সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ হত্যা মামলাসহ মোট ৮টি মামলা হয়েছে।এতে ৮ হাজার ৪শ’ জনকে আসামি করা হয়েছে। আর গ্রেপ্তার করা হয়েছে ৩১০ জনকে। শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। তবে ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ফের কারফিউ জারি করা হয়। রোববার জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

  • সৎ ও রাজনৈতিক মতের ঊর্ধ্বে থাকা অফিসাররা পদোন্নতির দাবিদার-প্রধান উপদেষ্টা

    সৎ ও রাজনৈতিক মতের ঊর্ধ্বে থাকা অফিসাররা পদোন্নতির দাবিদার-প্রধান উপদেষ্টা

    সৎ, নীতিবান, পেশাদার, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররা উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, বিশ্বস্ততা এবং নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। রবিবার (২০ জুলাই) সকালে সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে সেনা সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তাদের ওপর আরোপিত দায়িত্ব বেশ কিছু সময় ধরে পালন করে যাচ্ছেন। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠান স্থলে পৌঁছালে এদিন প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান উপদেষ্টা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদসহ বীর সেনানীদের স্মরণ করেন। এ সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনা সদস্যদের। একইসঙ্গে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত সব ছাত্র-জনতাকে। সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

  • রাজশাহীতে ২৩০৩ শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন

    রাজশাহীতে ২৩০৩ শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন

    রাজশাহীতে ২৩০৩ শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন

    রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত গ্রামীণফোনের সহযোগিতায় দিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসবে ৫৬টি স্কুলের ২ হাজার ৩০৩ জন বই পড়ুয়া বিজয়ী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার বিতরণ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, বাংলাদেশি পাখি বিশেষজ্ঞ, আলোকচিত্রী, লেখক ও পর্যটক ইনাম আল হক, বিশ্বসাহিত্যকেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার, গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের রিজিওনাল হেড মোঃ মাহমুদুল হাসান ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন। দিনব্যাপী এই পুরস্কার বিতরণ উৎসবে রাজশাহী মহানগরীর ৫৬টি স্কুলের পুরস্কার বিজয়ী ২ হাজার ৩০৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ৩৮টি স্কুলের ১ হাজার ৬৬৪ জন সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে, তাদের মধ্যে ১২৪৪ জন ছাত্রী ও ৪২০ জন ছাত্র এবং ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষে স্কুলের শিক্ষক/সংগঠক পুরস্কার গ্রহণ করেন। স্বাগত পুরস্কার পেয়েছেন ১১১৭ জন, শুভেচ্ছা পুরস্কার পেয়েছেন ৭২৮ জন, অভিনন্দন পুরস্কার পেয়েছেন ৩৮৩ জন এবং সেরা পাঠক পুরস্কার পেয়েছেন ৭৫ জন। দিনব্যাপী উৎসবের এ বিশাল আয়োজন ও পুরস্কারের বই স্পন্সর করেছে গ্রামীণফোন লিমিটেড।

  • চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ও বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ও বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ও বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৬ বছরের এক শিশু শিক্ষার্থীর এবং একই উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝাপাড়া এলাকায় পদ্মা নদীর শাখায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) সকালে এবং দুপুরে পৃথক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে, বজ্রপাতে নিহত শিশু শ্রী রহিত সিংহ (৬) শ্রী রাজু সিংহের ছেলে। সে চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। ডুবে মারা যাওয়া দুই শিশু হলো-উত্তর উজিরপুর মাঝাপাড়ার ওমর আলীর ছেলে আব্দুল আলিম (১১) ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম (১১)। স্থানীয় ও জনপ্রতিনিধি সুত্রে জানা গেছে, রবিবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পণ্ডিতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জানান, সকাল ১০টার দিকে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষককে বলে বাইরে যায় রহিত। বিদ্যালয়ের সামনের একটি আমগাছের নিচে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিম রেজা শিশুটিকে মৃত ঘোষণা করেন। মনাকষা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাকিব ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমান বলেন, বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর শাখায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো-উত্তর উজিরপুর মাঝাপাড়ার ওমর আলীর ছেলে আব্দুল আলিম (১১) ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম (১১)।
    শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান ও ইউপি সদস্য সাদিকুল ইসলাম জানান, দুপুরে উত্তর উজিরপুর মাঝাপাড়ার পুরান সুভান উচ্চ বিদ্যালয়ের পাশে পদ্মা নদীর শাখায় গোসল করতে গিয়ে দুই শিশু ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টা ॥ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

    রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টা ॥ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

    রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টা ॥ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

    রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা-পুলিশ। তাঁর নাম সিয়াম সরকার (২২)। রোববার ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শ্যামপুর থানা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে ছাত্রলীগের দুই কর্মী নাশকতার পরিকল্পনা করছেন। তারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা পালিয়ে যান। এসময় সিয়াম সরকারকে হাতেনাতে আটক করা হলেও তাঁর সঙ্গী রাফসান পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম অগ্নিসংযোগের পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক রাফসানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

  • মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৪৫ জনের তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর

    মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৪৫ জনের তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর

    মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৪৫ জনের তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর

    জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের’ সাথে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের জড়িত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৫ অক্টোবর। ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ রোববার এ আদেশ দেয়। এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন-সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু; সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান; সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক; সাবেক এমপি সোলায়মান সেলিম; সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন; অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম। গত ২০ এপ্রিল প্রধান কৌঁসুলি এম তাজুল ইসলাম শুনানিতে বলেছিলেন, এই মামলায় ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গত ১৭ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের’ সঙ্গে তাদের জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ মিলেছে। একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুবনাল গঠন করেছিল আওয়ামীলীগ সরকার। এখন ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামীলীগ সরকারের চালানো দমন পীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে এ আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। উল্লেখ্য, গত ৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অর্ধশতাধিক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীদের অনেককে এসব মামলার আসামি করা হয়েছে।

  • ধামইরহাট উপজেলা বিএনপির কাউন্সিল ॥ ওয়াদুদ-হানজালা প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    ধামইরহাট উপজেলা বিএনপির কাউন্সিল ॥ ওয়াদুদ-হানজালা প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    ধামইরহাট উপজেলা বিএনপির কাউন্সিল ॥ ওয়াদুদ-হানজালা প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এম এ ওয়াদুদ-সাধারণ সম্পাদক পদে মোঃ হানজালা ও সাংগঠনিক সম্পাদক ১ম শামীম কবির মিল্টন ও অপর সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম রাঙ্গা প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একটানা ভোট গ্রহণ চলে। এতে ৯১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে বিকেল ৫ টায় ফলাফল ঘোষণা করেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। এতে সভাপতি পদে ছাতায় মার্কায় বিজয়ী এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক পদে বিজয়ী আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক পদে শামীম কবির মিল্টন ও তারিকুল ইসলাম রাঙ্গা বিজয়ী হন। ফলাফল ঘোষনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস.এম রেজাউল ইসলাম, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপি নেতা নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এমদাদুল হক মুকুল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল মতিন তালুকদার, শাহ আজিজুর রহমান চৌধুরী হিরু, মনোয়ার কাইসার বুলবুল, আব্দুল মান্নান, ধামইরহাট পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমার সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর প্রমুখ। এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

    রাজশাহীতে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে ‘সচেতনতা ও সম্পৃক্ততা’ বিষয়ক সেমিনার হয়েছে। সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। স্বাগত বক্তব্য দেন সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। সেমিনারো দেশের স্বনামধন্য গবেষক, শিক্ষক ও নিরাপত্তা বিশ্লেষকরা আলোচনা করেন। আলোচকগণ বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত উপজাতীয় ও পশ্চাদপদ ক্ষুদ্র জাতিসত্তাসহ দেশের সকল জনগণের সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তিতে স আলোকে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে হবে। সবদলগুলোর রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়েই সম্ভব পার্বত্য চট্টগ্রাম সমস্যা দূরীকরণ করা। আলোচকরা আরো বলেন, সেনাবাহিনী ব্যারাকে ফিরার কারণে পার্বত্য অঞ্চলে ব্যাপক চাঁদাবাজী হচ্ছে। বিভিন্ন স্বশস্ত্র গোষ্ঠী এসব চাঁদাবাজী করছে। যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়াচ্ছে। এসব নিয়ন্ত্রণ করতে হবে। পার্বত্য অঞ্চলের বিভিন্ন বৈষম্য দূর করতে হবে। সারাদেশে সমানভাবে সুষম উন্নয়ন করতে হবে। অর্ন্তভুক্তিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারলে পার্বত্য অঞ্চলের সমস্যা দূর করা সম্ভব। তাই বলপ্রয়োগ না করে প্রত্যেক নাগরিকের অধিকার প্রদান করে নাগরিক অধিকার নিশ্চিত করা গেলে সব সমস্যার সমাধান করা সম্ভব। এসময় দেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

  • পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ॥ আহত ৬

    পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ॥ আহত ৬

    নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা আমবোঝাই ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সংঘর্ষে উভয় ট্রাকে থাকা ৬ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের কঞ্চিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ট্রাক চালক আফসার আলীর (৪০) মৃত্যু হয়। তার বাড়ি ঢাকার গাজীপুর জেলায়। আহত ৬ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, উভয় ট্রাক সাপাহার উপজেলা থেকে আমবোঝাই গাড়ি নিয়ে ঢাকায় রওনা দিয়েছিল। পত্নীতলা থানার ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান বলেন, একজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৬ জন আহত হন। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • নীলফামারীতে যৌথ বাহিনীর অভিযানে ভিসা প্রতারক গ্রেপ্তার

    নীলফামারীতে যৌথ বাহিনীর অভিযানে ভিসা প্রতারক গ্রেপ্তার

    নীলফামারীতে যৌথ বাহিনীর অভিযানে ভিসা প্রতারক গ্রেপ্তার

    নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারক সেলিম মিয়াকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে একই ইউনিয়নের নিতাই কাছারীপাড়া এলাকার মৃত. ফকির উদ্দিনের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সালমান তারেক রিফাত। সেলিম মিয়া একজন ভিসা প্রতারক। অসহায় মানুষদের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তার সেলিমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে থানায়। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।