Blog

  • গাইবান্ধায় সাদুল্লাপুরে উচ্চ মূল্যের সবজি টমেটো চাষে মাঠ দিবস

    গাইবান্ধায় সাদুল্লাপুরে উচ্চ মূল্যের সবজি টমেটো চাষে মাঠ দিবস

    ২০২৫-২৬ অর্থ বছরে স্মলহোল্ডার এগ্রিকালচাররাল কম্পিটিটিভনেস এসএসিপি-রেইন প্রকল্পের আওতায় উচ্চ মূল্যের ফসল টমেটো চাষে গাইবান্ধার সাদুল্লাপুরের দামোদরপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (পিপি) আল মুজাহিদ সরকার। উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্যের সভাপতিত্ব করেন মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মীর শাহ আলম, দমোদরপুর ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, খয়বর হোসেন, আব্দুল লতিফ। অন্যানের মাঝে বক্তব্য রাখেন টমেটো চাষী আব্দুর রশিদ, রেজাউল করিমসহ অন্যারা। মাঠ দিবসে এলাকার প্রায় ৫০ জন কৃষক-কৃষাণী অংশ নেয়। শেষে অতিথিরা রেজাউল করিমের টমেটো ক্ষেত পরিদর্শন করে।

  • ট্রেনের বগি লাইনচ্যুত ॥ ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

    ট্রেনের বগি লাইনচ্যুত ॥ ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

    কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল-২’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশন ছেড়ে অল্প দূর অগ্রসর হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বগিটি উদ্ধার করা সম্ভব না হওয়ায় আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। ফলে এই রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছে সামনে অগ্রসর হওয়ার সংকেত পায়। জংশন থেকে প্রায় ১৫০ মিটার যাওয়ার পর ইঞ্জিনের পরের চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়। এতে স্টেশনের আপ ও ডাউন উভয় লাইন বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা সম্ভব না হলেও পরে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে।

  • গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

    গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজীব। সদর উপজেলার গোবরা এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শিক্ষার্থীরা জানায়, দুটি মোটরসাইকেলে করে আসা চারজন লোক বিদ্যালয়ের মূল গেইটের সামনে ককটেল নিক্ষেপ করে এবং দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে বিশ্ববিদ্যালয় জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে প্রক্টর আরিফুজ্জামান রাজীবসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রক্টর আরিফুজ্জামান বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি ক্যাম্পাসের গেটের প্রায় ৬০-৭০ মিটার দূরে থেকে একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত চলে যায়। ককটেলটি মেইন গেটের কাছাকাছি পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। খবর পাওয়ার পরেই তাৎক্ষনিক আমি ঘটনাস্থলে যাই, পরে পুলিশ এবং উপাচার্য স্যার ঘটনাস্থলে আসেন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় তৈরি ও তল্লাশি অভিযান চালায়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ককটেলটি হাতে বানানো এবং বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ককটেল নিক্ষেপকারীদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • সংসদ নির্বাচনে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ

    সংসদ নির্বাচনে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকায় সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন এবং দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে প্রধান উপদেষ্টা দিকনির্দেশনা দেন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান তাকে অভ্যর্থনা জানান। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড

    চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যা

    সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড

    ২৪ এর জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার আখতারুর ইসলাম। এই তিন আসামির সম্পদ জব্দের আদেশও দেওয়া হয়েছে। এ ছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে ৪ বছরের কারাদণ্ড আর সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
    এর আগে গত বছরের ১৭ নভেম্বর একই ট্রাইব্যুনাল থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম রায় দেয়া হয়।

  • বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার হবে-নারায়ণগঞ্জে তারেক রহমান

    বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার হবে-নারায়ণগঞ্জে তারেক রহমান

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ জেলার জন্য বিশাল সমস্যা, আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। সেই সঙ্গে মা-বোনরা যাতে রাস্তায় নিরাপদে চলাচল করতে পারে, সে ব্যবস্থা করতে চাই। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরের নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ শহরের ২০টা স্পট আছে, যেখানে মাদকের ব্যবসা হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। তিনি আরও বলেন বলেন, আরেকটি কাজ করতে চাই। আমাদের যারা যুব সমাজ আছে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশি-বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। তারেক রহমান বলেন, ‘গত কয়েক বছরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যার ফলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনে নিশ্চিত করা হবে। দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।’ দুর্নীতি ও মাদক সমাজের প্রধান শত্রু হিসেবে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ শহর ও এর আশপাশে মাদক ব্যবসার যে বিস্তার ঘটেছে, তা কঠোর হস্তে দমন করা হবে।’ তরুণ প্রজন্মের বেকারত্ব দূরীকরণে বিএনপির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, শুধু পড়াশোনা নয়, বিভিন্ন ভাষা শিক্ষা ও আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে। এছাড়া ইমাম, খতিব ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও হালাল উপার্জনের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। কৃষি খাতের উন্নয়নে তারেক রহমান তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালুর ঘোষণা দেন। তিনি বলেন, ‘নদী ও খাল দখল হয়ে যাওয়ায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে, এই সমস্যা সমাধানে সারা দেশে জলাশয় সংস্কার করা হবে।’ এছাড়া তিনি ভেঙে পড়া রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত মেরামতের আশ্বাস দেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাচোলে প্রশিক্ষণ কর্মশালা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাচোলে প্রশিক্ষণ কর্মশালা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাচোলে প্রশিক্ষণ কর্মশালা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুইদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে নাচোল সরকারি কলেজ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুদ। তিনি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সকল কর্মকর্তাদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গোলাম রব্বানী সর্দার-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নাচোল ক্যাম্প কমান্ড মেজর আসিক, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক, জেলা নির্বাচন অফিসার আসাদুল হেলাল। এসময় নাচোল সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল নির্বাচন অফিসার দুলাল হোসেন, থানার অফিসার ইনচার্জ আছলাম আলী উপস্থিত ছিলেন। বক্তাগণ একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সকল কর্মকর্তাদের সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার ৬০জন সহকারী প্রিজাইডিং অফিসার ২৭০ জন, পোলিং অফিসার ১৩০ জনকে ৫টি হলরুমে ৫ জন ট্রেনার এ প্রশিক্ষণ কর্মশালা প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪৬০ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা অংশগ্রহণ করেন।

  • সড়ক ডাকাতি ও মাদক প্রতিরোধে গোমস্তাপুরে পুলিশ-সেনাবাহিনীর সভা

    সড়ক ডাকাতি ও মাদক প্রতিরোধে গোমস্তাপুরে পুলিশ-সেনাবাহিনীর সভা

    সড়ক ডাকাতি ও মাদক প্রতিরোধে গোমস্তাপুরে পুলিশ-সেনাবাহিনীর সভা

    সড়ক ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোমস্তাপুর থানা পুলিশের উদ্যোগে স্থানীয় জনগণের অংশগ্রহণে এক সচেতনামূলক আলোচনা সভা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে অনুষ্ঠিত সভায় পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনে করণীয় বিষয়ে বক্তব্য দেন। সভায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সম্প্রতি রহনপুর-আড্ডা সড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে রাতের বেলায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা এবং মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগ বৃদ্ধি পাওয়ায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। সচেতনামূলক সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। এতে বক্তব্য রাখেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, উপজেলার দায়িত্বরত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট শারার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাবেক পুলিশ কর্মকর্তা ইসমাইল হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট শারার বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে অপরাধীরা কোনোভাবেই অপকর্ম চালাতে পারবে না। তিনি ভয় না পেয়ে অপরাধীদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানান এবং সড়কে সেনাবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক বলেন, রাতের বেলায় রহনপুর–আড্ডা ও আড্ডা-বড়দাদপুর সড়কে গোমস্তাপুর থানা পুলিশের টহল জোরদার রয়েছে। সীমিত জনবল ও যানবাহনের কথা উল্লেখ করে তিনি বলেন, অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি দায়িত্বে অবহেলা বা কোনো ধরনের অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। সভায় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধির বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়। স্থানীয় বাসিন্দারাও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

  • গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬

    আ’লীগ নেতাকে গ্রেফতারে গিয়ে হামলার শিকার পুলিশ

    গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক নেতাকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কাটাবাড়ি গ্রামের আলাউদ্দিনের ছেলে নুরুজ্জামান (৩৫) ও মানিক মিয়া (২০), সৈয়দ সোহাগের ছেলে সামিউল (২০), মৃত আসাদুল্লাহর ছেলে হাবিবুর রহমান (৪০), মৃত আজহার আলীর ছেলে তাজুল ইসলাম (৩৫) এবং আলতাফের ছেলে সুজন মিয়া (৪০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। এসময় আওয়ামীলীগ নেতা ও তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, এস.আই মীর কায়েস, এস.আই মমিনুল ও কনস্টেবল হোসেন মিয়া আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে। অভিযান চালানো হলেও মূল আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সোমবার গ্রেফতারকৃতদের গাইবান্ধা আদালতে পাঠানো হয়েছে।

  • গাইবান্ধার পাঁচটি আসনে পোস্টাল ব্যালটের বাক্স প্রস্তুত করলেন রিটার্নিং কর্মকর্তা

    গাইবান্ধার পাঁচটি আসনে পোস্টাল ব্যালটের বাক্স প্রস্তুত করলেন রিটার্নিং কর্মকর্তা

    আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স প্রস্তুত করেছে গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা তাঁর কার্যালয়ে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ব্যালট বাক্স সিলগালা (লকিং) কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমূখ। জানা গেছে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হওয়া ‘আউট কান্ট্রি ভোটিং’ (ওসিবি) ও ইন কান্ট্রি পোস্টাল ব্যালট’ (আইসিপিবি) ভোটিংয়ের জন্য এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জেলা কার্যালয় ভবনে নিচতলায় চারটি ও দ্বিতলায় একটি জেলার পাঁচটি আসনের জন্য ভোট কক্ষ স্থাপন করা হয়েছে। গাইবান্ধায় মোট পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার সংখ্যা ১৭ হাজার ৯২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৭২ জন ও মহিলা ৫ হাজার ৩৭০ জন। তাদের ভোট সংরক্ষণের জন্য মোট ৪৬ টি ব্যালট বাক্স প্রস্তুত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা বলেন, প্রবাসীদের জন্য দেশে প্রথমবারের মতো ওসিবি ও আইসিপিবি পদ্ধতিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।ডাক বিভাগ থেকে পোস্টাল ব্যালট আসার পর বারকোড স্ক্যানার দিয়ে যাচাই করে পোস্টাল ব্যালটের খামগুলো বাক্সে রাখা হবে। প্রতিটি বাক্সে ৪০০ জন ভোটারের ধারণক্ষমতা অনুযায়ী বাক্সগুলোকে লক করে দেওয়া হবে। এর আগে জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতিনিধিদের সামনে নির্ধারিত লক সিল দিয়ে ব্যালট বাক্সগুলো বন্ধ করে দেওয়া হয়েছে । আগামি ১২ ফেব্রুয়ারি বিকেল ৪ টা ৩০ মিনিটে এজেন্টদের উপস্থিতিতে বাক্সগুলো খোলা হবে এবং গণনা করা হবে।