Blog

  • কাব ও স্কাউট সদস্যদের প্রতিভা অন্বেষন প্রতিযোগিতা

    কাব ও স্কাউট সদস্যদের প্রতিভা অন্বেষন প্রতিযোগিতা

    কাব ও স্কাউট সদস্যদের প্রতিভা অন্বেষন প্রতিযোগিতা

    চাঁপাইনবাবগঞ্জে কাব ও স্কাউট সদস্যদের অংশ গ্রহণে প্রতিভা আন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে শনিবার দিনব্যাপি এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। চিত্রাঙ্কন, আযান, কেরাত, আবৃত্তি, উপস্থাপনা, সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয় তারা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া সাগর, ভারপ্রাপ্ত সম্পাদক মারুফুল হক, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ, সহকারী লিডার ট্রেনার এ কে এম মাহফুজুর রহমানসহ অনান্যরা। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর আয়োজনে তিনদিনের কাবব্যাজ কোর্স শনিবার শেষ হয়েছে। এতে জেলার ১২টি ইউনিটের ৪১ জন কাব সদস্য অংশগ্রহন করেন। এতে কোর্স লিডার ছিলেন জেলা কাব লিডার, রাকিব উদ্দিন আহমেদ। প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন করেন, কে এ এম মাহফুজুর রহমান, গোলাম সাকলাইন, রাজিয়া সুলতানা, আব্দুর রকিব, তরিকুল ইসলাম, তোফায়েল আলম, জয়দুল ইসলাম।

  • নাটোরের মানুষ ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের প্রতীকে আমাকে বিপুল ভোটে জয়ী করবে-দুলু

    নাটোরের মানুষ ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের প্রতীকে আমাকে বিপুল ভোটে জয়ী করবে-দুলু

    বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর-নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এর আগে যখন এম.পি বা মন্ত্রী ছিলাম নির্বাচনের আগে এই হালতির বিল একটা বিশাল বিল। এখানে হাজার হাজার একর জমি বর্ষার সময় ধু ধু পানি ছাড়া আর কিছুই দেখা যায় না। এই বিলের মাঝ খান দিয়ে রাস্তা প্রতিশ্রুতি দিয়েছিলাম সাব মারসিবল রোড সেই রোড আমি বিলের ভিতর দিয়ে করেছিলাম। আগামী নির্বাচনে তারা যদি আবারো আমাকে নির্বাচিত করে তাহলে এই বিল হালতি প্রোজেক্ট এই বিলে এক ফসল হয় আগামী দিনে যেন তিন ফসল হয় এই প্রতিশ্রুতি দিচ্ছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য সারা নাটোরের মানুষ ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ প্রতীকে তারা আমাকে বিপুল ভোটে জয়ী করবে। তিনি (২৫ জানুয়ারী) রবিবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলা মাধনগর ইউনিয়নের হালতী গ্রামে নির্বাচনী প্রচারনায় তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নলডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল, মাধনগর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক মজিবর রহমান, মাকসুদুর রহমান সবিরসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • রংপুরে কবি লেখক আকতারুজ্জামান সুলতান এর স্মরণ সভা

    রংপুরে কবি লেখক আকতারুজ্জামান সুলতান এর স্মরণ সভা

    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা সদ্য প্রয়াত কবি লেখক আকতারুজ্জামান সুলতান স্মরণ এ আলোচনা সভা, কবিতা পাঠ ও দোয়া অনুষ্ঠান হয়েছে। শুক্রবার রংপুর এ সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সভাপতি নাসরিন নাজ এর সভাপতিত্বে আলোচনা ও কবিতা পাঠ করেন দৈনিক যুগের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা, বাংলাদেশ বেতার রংপুরের আব্দুর রহিম, রংপুর বিভাগের এডিশনাল ডিআইজি কবি আব্দুর রাজ্জাক, কবি আনিসুল হক,কবি শোয়েব দুলাল ,কবি ও সাংবাদিক ড.অখিল পোদ্দার, কবি এমাদ উদ্দিন আহমেদ, কবি আহসানুল হাবিব মন্ডল, কবি আহসান হাবিব রবু, কবি ফাহমিদা আফরোজ জাহান, কবি সরকার অভি, মাহমুদুল ইসলাম আকাশ, কবি জিয়াউল আলম ফারুকী, কবি ছালমা হোসেন পপি, কবি সুফি জাহিদ হোসেন, কবি এটিএম মোর্শেদ,কবি ইরশাদ জামিল, কবি জুলফিকার আরাফাত পরশ, কবি নুসরাত উপমা, ডা. মুইদুল ইসলাম, কবি খেয়ালী মোস্তফা, কবি নাজিরা পারভীন, কবি দেলোয়ার হোসেন রংপুরী, সুবর্ণা মুস্তাফা, মেঘলা আক্তার, শাম্মি আক্তার রুপা, কবি আনজুমান আরা, কবি শরিফ-উর-রহমান, কবি মুসাফা আখতার বানু, কবি সৈকত হাবিব, কবি মোস্তাক আহম্মেদ, কবি আলমগীর হোসেন, কবি নাজিরা জাহান, প্রমুখ।
    প্রয়াত কবি আকতারুজ্জামান সুলতান এর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরি। সঞ্চালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পারিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক লেখক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।

  • চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি-জামায়াতের নির্বাচনী প্রচারনা অব্যাহত

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি-জামায়াতের নির্বাচনী প্রচারনা অব্যাহত

    আসন্ন ১২ ফেব্রুয়ারী গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) সংসদীয় আসনে বিএনপি-জামায়াতের নির্বাচনী প্রচারনা অব্যাহত রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডঃ মিজানুর রহমানের পক্ষে নির্বাচনকালীন প্রচার কাজের সূচী প্রদান করেন। জামায়াতে ইসলামীর আহ্বায়ক ইয়াহিয়া খালেদ দলের পক্ষ থেকে এ তিন উপজেলায় ২২ জানুয়ারী থেকে আগামী ৯ ফেব্রুয়ারী পর্যন্ত তাঁদের গণসংযোগ (প্রচারসূচি) প্রকাশ করেছেন।

    সেই অনুযায়ী শনিবার বিকেল সাড়ে ৪টায় জামায়াতের প্রার্থী ডঃ মিজানুর রহমান নাচোল ইউনিয়নের ভোলার মোড়ে নাচোল ইউনিয়ন জামায়াতের আমীর মেসবাউল গনি মাসুদের সভাপতিত্বে প্রচারনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এদিন ওই প্রার্থী সদর ইউনিয়নের রাজবাড়ি ও নাচোল রেল স্টেশন এলাকায়ও প্রচারনা(গণসংযোগ) চালান। অন্যদিকে, বিএনপির প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম শনিবার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে অনুরুপ প্রচারনায় অংশগ্রহণ করেন। উভয় প্রার্থী নির্বাচনী গণসংযোগকালে দলের নেতা-কর্মীদেরকে নির্বাচনী আরচণবিধি মেনে চলার আহ্বান জানান।

  • আমনূরায় তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত ॥ ৮ ঘণ্টা পর উদ্ধার

    আমনূরায় তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত ॥ ৮ ঘণ্টা পর উদ্ধার

    আমনূরায় তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত ॥ ৮ ঘণ্টা পর উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের আমনূরা জংশন রেলস্টেশনের প্রবেশ মুখে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের ওয়াগন উদ্ধার করা হয়েছে। এতে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর এই রুটে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার রাত ৮টা ২০ মিনিটে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হয়।
    রেলওয়ে সূত্র জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ‘কে ওয়ান আপ’ নামক তেলবাহী ট্রেনটি আমনূরা বিদ্যুৎকেন্দ্রের দিকে যাচ্ছিল। স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়
    আমনূরা স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, দুর্ঘটনার খবর দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর বিকেলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকাল ৫টা থেকে শুরু হওয়া এই তৎপরতা রাত ৮টা ২০ মিনিটে শেষ হয় এবং লাইনটি চলাচলের উপযোগী ঘোষণা করা হয়। তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে দুপুর ১টা থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘৭৮ ডাউন’ ট্রেনটি আটকা পড়ে ছিল। দীর্ঘ ৮ ঘণ্টা অপেক্ষার পর রাত ৮টা ২০ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় সাধারণ যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়লেও উদ্ধার কাজ সফল হওয়ায় স্বস্তি ফিরেছে। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

  • গোমস্তাপুরে ৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

    গোমস্তাপুরে ৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

    গোমস্তাপুরে ৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পুনর্ভবা নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল সদৃশ ৮টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহন্ত ঘাট এলাকা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে স্থানীয় জেলেরা পুনর্ভবা নদীর মহন্ত ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পায়। ব্যাগের ভেতরে ককটেল সদৃশ বস্তুগুলো দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে। গোমস্তাপুর থানার ওসি বারিক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলোতে বিস্ফোরক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই ও নিশ্চিত হওয়ার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

  • ঈশ্বরদীতে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত

    ঈশ্বরদীতে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত

    পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের (নসিমন) মুখোমুখি সংঘর্ষে ইমন হোসেন (২৫) নামে এক ইপিজেড শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। শনিবার রাতে ঈশ্বরদী ইপিজেড সড়কের পাকশীর সিভিল হাট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার সাঁড়াঘাট এলাকার ইউনুস হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাতে দ্রুত গতিতে একটি মোটরসাইকেল ইপিজেড সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ইমন হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ইমনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নসিমনে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • চুয়াডাঙ্গা সীমান্তে ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল জোরদার

    চুয়াডাঙ্গা সীমান্তে ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল জোরদার

    চুয়াডাঙ্গার সীমান্ত এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৫ জানুয়ারী) সকাল থেকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ কার্যক্রম শুরু করে। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, নির্বাচন কেন্দ্র করে দুষ্কৃতকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। তিনি আরও জানান, সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। চোরাচালান, অনুপ্রবেশ এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিজিবির এ কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি অধিনায়ক।

  • চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন

    চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন

    চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন

    তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারী) সকালে রাজশাহী সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৪ ও ২৫ জানুয়ারী ২ দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন আরএফইউজে’র সহকারী মহাসচিব ও দৈনিক কালের কন্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন।

    প্রশিক্ষন কর্মশালায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পিআইবি’র কো-অর্ডিনেটর শাহ আলম সৈকত। ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন -দেশে চাবি আপনার হাতে’ শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের করনীয় ও প্রার্থীদের নির্বাচন আচরনবিধিসহ নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করেন বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন ‘এটিএন বাংলা’র কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ও চীফ রিপোর্টার একরামুল হক সায়েম।

    এসময় ‘গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন-২০২৬, সরকার, প্রশাসন ও সাংবাদিকতা’, “ভোট, ভোটার ও নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী, দায়িত্ব ও কর্তব্য”, “নির্বাচনের অংশীজন, রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যম”, “নির্বাচন প্রক্রিয়া, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা, ভোট কেন্দ্র, মনোনয়ন, হলফনামা, নির্বাচনী আইন লংঘন, অনিয়ম ও অপরাধ”, “গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এবং সংস্কার, নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তব্য, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫”, নির্বাচন রিপোর্টিং এর ধরণ ও প্রকারণ, নির্বাচনকালে গণমাধ্যমকর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিস্তারিত ধারণা দেন সিনিয়র সাংবাদিক ‘এটিএন বাংলা’র কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ও চীফ রিপোর্টার একরামুল হক সায়েম।

    নির্বাচনকালে বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে জানতে প্রশ্ন করেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন এর সভাপতি রফিকুল আলম, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক মোঃ নাদিম হোসেন, জহুরুল ইসলাম, জাকির হোসেন পিংকু, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আজিম, নওগাঁর সিনিয়র সাংবাদিক বেলায়েত হোসেন, আসাদুর রহমান জয়, মামুনুর রশিদ রাজুসহ প্রশিক্ষনে অংশ নেয়া অনেক গণমাধ্যমকর্মী। প্রশিক্ষনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিনিয়র সাংবাদিক ‘এটিএন বাংলা’র কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ও চীফ রিপোর্টার একরামুল হক সায়েম এবং পিআইবি’র কো-অর্ডিনেটর শাহ আলম সৈকত।

    প্রাণবন্ত আলোচনায় অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ৫০জন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা। এসময় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষন রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে শেষ হবে। রবিবার (২৫ জানুয়ারী) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের করনীয় ও প্রার্থীদের নির্বাচন আচরনবিধিসহ নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করবেন ইআরএফ এর সাবেক সভাপতি ও নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ শারমীন রিনভী।

  • শিবগঞ্জে দাঁড়িপাল্লার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ

    শিবগঞ্জে দাঁড়িপাল্লার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ

    শিবগঞ্জে দাঁড়িপাল্লার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ

    চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখরোলী বাজারে এ ঘটনা ঘটে। এই আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা সাদিকুল ইসলাম জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিবগঞ্জের মানুষ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে উন্মুখ। এতে বিএনপি প্রার্থীর সম্ভাব্য পরাজয়ের আশঙ্কা থেকেই বিভিন্ন জায়গায় জামায়াত কর্মীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। তারই ধারাবাহিকতায় রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ৯নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল অতর্কিত হামলা চালিয়ে বিনোদপুর বাখরোলী বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় শতাধিক চেয়ার ভাঙচুরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয় এবং কয়েকজন কর্মী আহত হন।

    বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. রেজাউল করিম বলেন, পথসভার ঠিক আগমুহূর্তে সন্ত্রাসী কায়দায় এ হামলা চালানো হয়। পরে ড. কেরামত আলী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে ব্যালটে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান জানান। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াত প্রার্থী ড. কেরামত আলী নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে নির্বাচনে ব্যালটে দাড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সন্ত্রাসীদের প্রতিহত করার আহবান জানান। তিনি শান্তিকামী জনতাকে সন্ত্রাস প্রতিরোধের আহবান জানান। এবং শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনকে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে তাদের হস্তক্ষেপের দাবি জানান। ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি নিজে ফোন রিসিভ করেননি। এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, “আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”