Blog

  • রাতের আঁধারে সরকারি গাছ কেটে নিয়েছে দূর্বৃত্তরা ॥ জানা নেই বরেন্দ্র কর্তৃপক্ষের

    রাতের আঁধারে সরকারি গাছ কেটে নিয়েছে দূর্বৃত্তরা ॥ জানা নেই বরেন্দ্র কর্তৃপক্ষের

    রাতের আঁধারে সরকারি গাছ কেটে নিয়েছে দূর্বৃত্তরা ॥ জানা নেই বরেন্দ্র কর্তৃপক্ষের

    চাঁপাইনবাবগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের দর্শনীয় স্থান বাবু ড্যাং এ রাতের আঁধারে সরকারি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাবু ড্যাং বাগানের ভিতরে এখন ডালপালা সহ পরে আছে গোড়ার অংশ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে প্রাকৃতিক ভাবে গড়ে উঠা বাবু ড্যাং বাগানে গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে পর পর বেশ কয়েকদিন গভির রাতে সরকারী গাছ এভাবেই উধাও হয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। সরকারি গাছ তদারকি প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নেই কোনো তদারকি।

    এতে সরকারি সম্পত্তির ক্ষতি সাধিত হচ্ছে বলে তাদের উদাসীনতাকেই দায়ী করছে সচেতন সমাজ। সরজমিনে উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবু ড্যাং এ দেখা যায়, সম্প্রতি কর্তন হওয়া ৬টি শিশু গাছের গোড়া অবশিষ্ট রয়েছে। গাছের মূল অংশ দূর্বৃত্তরা নিয়ে গেলেও ডালপালা সেখানে ফেলে গেছেন। স্থানীয় ব্যাক্তি সালাম বলেন, প্রায় কিছু দিন ধরেই কে বা কাহারা রাতের আঁধারে সরকারি গাছ গুলো কেটে নিয়ে যাচ্ছে। এগুলো দেখার যেন কেউ নেই?।

     

    নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন যুবক জানান, সাহাবুল রাজা, মতিন ও কাওসার গ্যাং, এরাই মূলতঃ গাছ কাটার সাথে জড়িত। এরাই রাতের আধারে বহিরাগতদের নিয়ে এসে গাছ কেটে নিয়ে যাচ্ছে এবং বাবু ড্যাং এর প্রবেশ দ্বারে বেশ কয়েক বিঘা সরকারি জমি জাল দিয়ে ঘেরে দখল করে রেখেছেন। এ বিষয়ে সাহাবুল রাজা ও কাওসারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে মাটি দখলের কথা স্বীকার করলেও গাছ কাটার কথা অস্বীকার করেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ মুঠোফোনে বলেন, চুরি হওয়া গাছের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে, কি পরিমাণ কাছ কাটা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

    সেই সাথে জনবল সংকটের কথা জানিয়ে গাছ চুরি রোধে উক্ত স্থানের সকল শ্রেণী-পেশার মানুষের সহায়তা চান তিনি। এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, গাছ চুরির বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, সরকারি গাছ অনুমতি ব্যাতিরেকে কর্তন করা দন্ডনীয় অপরাধ। এমনটা হয়ে থাকলে, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • নওগাঁয় পৌষ উৎসব পালিত

    নওগাঁয় পৌষ উৎসব পালিত

    নওগাঁয় পৌষ উৎসব পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় স্থানীয় প্যারীমোহন লাইব্রেরী মিলনায়তনে ঐকতান সঙ্গীত সংস্কৃতি সৃজন সংগঠন এই উৎসবের আয়োজন করে। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খান পথিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন এবং বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক ফরিদুল করিম তরফদার। এসময় নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এস এম সিরাজুল ইসলাম, নওগাঁ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নবির উদ্দিন, নওগাঁ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম তরফদার, অবসরপ্রাপ্ত জেলা অ্যাকাউন্টস অফিসার খান মোঃ মযাহার হোসেন, অবসরপ্রাপ্ত জেলা গ্রন্থাগারিক মোঃ লুৎফর রহমান উপস্থিত ছিলেন। পরে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সিরাজুল ইসলাম (৪০) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারী) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এই দণ্ডদেশ ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চান্দলাই জোড়বাগান মহল্লার মৃত চাঁন মোহাম্মদের ছেলে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ জনকে খালাস দেন আদালত। মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল ওদুদ জানান, ২০২০ সালের ৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাগডাঙ্গা খাঁকচাপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন পালিয়ে গেলেও ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। পরের দিন ৮ আগস্ট র‌্যাবের এসআই মো. হাফিজুর রহমান বাদি হয়ে সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস.আই মো. জিন্নাতুল ইসলাম একই বছরের ২৬ আগস্ট সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজুল ইসলামকে যাবজ্জীন কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় চরবাগডাঙ্গা ইউনিয়নের গাইপাড়া এলাকার মৃত আবু বাক্কারের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদুল ডিলার ও ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুরের মৃত এন্তাজ আলীর ছেলে সাদেকুল ইসলামকে খালাস দেন আদালত।

  • নিয়ামতপুরে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর এর মতবিনিময় ও দোয়া মাহফিল

    নিয়ামতপুরে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর এর মতবিনিময় ও দোয়া মাহফিল

    সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রার্থী মোস্তাফিজুর রহমানের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে নিয়ামতপুর উপজেলা বিএনপির কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনে বিএনপির মনোনয়ন পদপ্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আব্দুল মতিন, আলমগীর মন্ডল, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য সাগর দাস, আব্দুল্লাহ আল মামুন শাকিল হোসেন, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সাজু, সহ-সভাপতি রুহুল আমিন শেখ, সদস্য জাকির হোসেন, সাংবাদিক নূরুল ইসলাম, আব্দুল আজিজ প্রমুখ। প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের নিকট নিয়ামতপুর উপজেলার উন্নয়ন ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। উপজেলায় উন্নয়নে সাংবাদিকদের নিকট নানারকম পরামর্শ শোনেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা নিয়ামতপুরের উন্নয়নকল্পে কি প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরেন। শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান।

  • সড়ক দূর্ঘটনায় আহত সাংবাদিক রকি কে দেখতে হাসপাতালে সাংবাদিক নেতৃবৃন্দ

    সড়ক দূর্ঘটনায় আহত সাংবাদিক রকি কে দেখতে হাসপাতালে সাংবাদিক নেতৃবৃন্দ

     

    সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত নিউজ ২৪ চ্যানেলের ক্যামেরাপার্সন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার সদস্য রঞ্জু আহম্মেদ রকি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। আহত রকিককে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় শাখার আহ্বায়ক রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী আদিত্য ও অর্থ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বনি। নেতৃবৃন্দ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে রকির চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার আসু রোগমুক্তি কামনা করেন। পরে মিসেস রকির হাতে আর্থিক সহযোগিতার অর্থ তুলে দেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় শাখার আহ্বায়ক রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম।

  • রংপুরে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু

    রংপুরে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু

    রংপুরের বদরগঞ্জে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে তাদের মৃত্যু হলেও বিষয়টি সোমবার (১২ জানুয়ারী) সকালে জানাজানি হয়। মৃতরা হচ্ছে-উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩০) ও ওই ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০) হোসেন। তাৎক্ষণিকভাবে আরেকজনের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, রবিবার বিকেলে কিশমত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে জয়নুল আবেদিনের কাছ থেকে তারা মদ কিনে পান করেন। পরে রাতে নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে রেকটিফাইড স্পিরিট বিক্রি হচ্ছে। বিষয়টি পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এলাকায় সব ধরনের মাদকের কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, রেকটিফাইড স্পিরিট পান করে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নুল আবেদিন নামে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি মাদক সরবরাহকারী বলে জানিয়েছেন তিনি।

  • গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাতে ব্যাংকগুলোকে নির্দেশ

    গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাতে ব্যাংকগুলোকে নির্দেশ

    আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত ব্যাংকারদের সভায় এই নির্দেশনা দেওয়া হয়। গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে সভায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাশরুর আরেফিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকেরা উপস্থিত ছিলেন। এবিবি চেয়ারম্যান মাসরুর আরেফিন গণমাধ্যমে বলেন, প্রধান উপদেষ্টার অফিস থেকে এরই মধ্যে নির্দেশনা এসেছে ব্যাংকগুলোর প্রতিটা শাখায় ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করে দুটি করে ব্যানার ঝোলানোর। এর পাশাপাশি যেসব এনজিও বা প্রতিষ্ঠান এই জনসচেতনতার জন্য কাজ করবে, তাদের ব্যাংকের সিএসআর তহবিল থেকে সহায়তা দিতে বলা হয়েছে। আমরা এবিবির পক্ষ থেকেও টাকা দেব। আমি এই পদক্ষেপগুলোর পুরোপুরি পক্ষে। সাধারণ মানুষ বড় ধরনের সংস্কার চায়, দেশটা যেন ভালো থাকে। মাসরুর আরেফিন আরও বলেন, এই সরকার সাধারণ সরকার নয়, এটা অন্তর্র্বতী সংস্কারমুখী সরকার। তাই এই সরকার এভাবে আমাদের সংস্কার বিষয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে অবশ্যই বলতে পারে। আমরা ব্যাংকগুলো দেশের বৃহত্তর স্বার্থে ‘হ্যাঁ’ ভোট বিষয়ে মানুষকে সচেতন করতে কাজ করা হবে।

  • এক সারি সুপারি গাছ ॥ চাঁপাইনবাবগঞ্জের গ্রামীণ জীবনের নিঃশব্দ সৌন্দর্য

    এক সারি সুপারি গাছ ॥ চাঁপাইনবাবগঞ্জের গ্রামীণ জীবনের নিঃশব্দ সৌন্দর্য

    এক সারি সুপারি গাছ ॥ চাঁপাইনবাবগঞ্জের গ্রামীণ জীবনের নিঃশব্দ সৌন্দর্য

    বাংলার গ্রামাঞ্চলে সুপারি গাছ শুধু একটি ফলজ গাছ নয়, এটি গ্রামীণ সংস্কৃতির এক অনন্য প্রতীক। চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামীণ প্রান্তরে এই সুপারি গাছের সারি যেন এক নিঃশব্দ সৌন্দর্যের চাদরে মুড়ে রাখে পুরো অঞ্চলকে। পল্লির বাড়িঘর, উঠান, কিংবা গ্রামের রাস্তার ধারে, যেখানেই তাকানো যায়, দেখা মেলে সুপারি গাছের মাথা উঁচু সবুজ সারি। সুপারি চাষের ইতিহাস ও ঐতিহ্য-চাঁপাইনবাবগঞ্জে সুপারি চাষের ইতিহাস বেশ পুরনো। স্থানীয়ভাবে ধারণা করা হয়, কয়েক শত বছর আগে ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম অঞ্চল থেকে এ গাছের চারা এনে রোপণ করা হয়। গঙ্গা-পদ্মা নদীর পলিমাটিতে সুপারি গাছের বৃদ্ধি দ্রুত হওয়ায় এখানকার কৃষকেরা সহজেই এটি গ্রহণ করেন। ধীরে ধীরে বাড়ির আঙিনা ছাড়িয়ে এখন বাণিজ্যিকভাবেও চাষ হচ্ছে অনেক গ্রামে। সুপারি গাছ সাধারণত উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে ভালো জন্মে। চাঁপাইনবাবগঞ্জের আবহাওয়া, গরম ও শুষ্ক মৌসুমের সঙ্গে মাঝে মাঝে মাঝারি বৃষ্টিপাত—এই গাছের জন্য অত্যন্ত উপযোগী। জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় এখন সুপারি গাছের চাষ বাড়ছে দ্রুত। বিশেষ করে পদ্মা ও মহানন্দা নদীর তীরবর্তী গ্রামগুলোতে এর উৎপাদন উল্লেখযোগ্য।
    এক সময় সুপারি ছিল শুধুমাত্র গৃহস্থালির প্রয়োজন মেটানোর গাছ। কিন্তু বর্তমানে এটি অর্থকরী ফসলে পরিণত হয়েছে। প্রতি বছর সুপারি বিক্রি করে অনেক কৃষক বাড়তি আয় করছেন। বাজারে শুকনা সুপারির দাম কেজিপ্রতি ৩০০-৫০০ টাকার মধ্যে ওঠানামা করে। ফলে অল্প জায়গায় বেশি লাভ হওয়ায় অনেকে এখন ধান বা পাটের বদলে সুপারি বাগান গড়ে তুলছেন। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে জেলায় প্রায় ৫৫০ হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

    সুপারি গাছের প্রতিটি অংশের ব্যবহার রয়েছে। ফল খাওয়া ছাড়াও এর শুকনা খোল পানের সঙ্গে খাওয়া হয়। আবার এর কান্ড ও পাতা দিয়ে তৈরি হয় ঘরের বেড়া, ছাউনি কিংবা বিভিন্ন হস্তশিল্প পণ্য। গ্রামীণ সমাজে অতিথি আপ্যায়নের অন্যতম উপকরণ হিসেবে পান-সুপারি আজও সামাজিক মর্যাদার প্রতীক।
    এই গাছ শুধু অর্থনৈতিকভাবেই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখছে। সুপারি গাছের পাতা বাতাসে আর্দ্রতা ধরে রাখে, ছায়া দেয়, এবং মাটির ক্ষয় রোধ করে। এছাড়া এটি গ্রামের সৌন্দর্য বৃদ্ধিতে অপরিসীম ভূমিকা রাখে, যেন সবুজের এক প্রাকৃতিক প্রাচীর। তবে সুপারি চাষে কিছু চ্যালেঞ্জও আছে,
    পোকামাকড়ের আক্রমণ, ফল শুকিয়ে যাওয়া, বাজারে অস্থির দাম। কৃষি বিশেষজ্ঞদের মতে, উন্নত জাতের চারা, রোগ প্রতিরোধী ব্যবস্থা, এবং সংরক্ষণের আধুনিক পদ্ধতি ব্যবহার করা গেলে এই শিল্প আরও প্রসারিত হতে পারে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অফিসের এক কর্মকর্তা বলেন, “আমরা সুপারি চাষিদের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিচ্ছি। সঠিক পরিচর্যা করলে এটি অত্যন্ত লাভজনক ফসল হতে পারে।” এক সারি সুপারি গাছ শুধু গ্রামের সৌন্দর্য নয়, এটি চাঁপাইনবাবগঞ্জের মানুষের পরিশ্রম, ঐতিহ্য ও সম্ভাবনার প্রতীক। এই সবুজ সারিগুলো যেন বলে দেয়, গ্রামীণ বাংলাদেশ এখনও জীবন্ত, কর্মঠ এবং আশায় ভরপুর।

  • নিতপুর সীমান্তে ভারতীয় মদসহ এক চোরাকারবারী আটক

    নিতপুর সীমান্তে ভারতীয় মদসহ এক চোরাকারবারী আটক

    নওগাঁস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে নিতপুর সীমান্তে ভারতীয় মদসহ এক চোরাকারবারী আটক হয়েছে। আটক চোরাকারবারী হচ্ছে, নওগাঁ জেলার পোরশা থানার নীতপুর বাঙালপাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ নসিব (২৩)। ১৬ বিজিবির এক প্রেসনোটে জানানো হয়, নওগাঁ (১৬ বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে নওগাঁ সীমান্তে ভারতীয় মদসহ এক চোরাকারবারকে আটক করে। ১০ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬ টার সময় নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আল আমিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল নীতপুর দেয়ানপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় ২ বোতল ভারতীয় মদসহ চোরাকারবারী মোঃ নসিব ’কে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার পোরশা থানায় মামলা দায়ের করে মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন নওগাঁ (১৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক, ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শফিকুর রহমান।

  • শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে ১ লাখ টাকা জরিমানা

    শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে ১ লাখ টাকা জরিমানা

    শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে ১ লাখ টাকা জরিমানা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ফসলী জমিতে পুকুর খনন করায় একজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের দানিয়ালপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালক করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ। শনিবার সন্ধ্যায় তিনি জানান, মোবারকপুর ইউনিয়নের ফতেপুর মৌজার দানিয়ালপুর এলাকার উত্তর অংশে কৃষিজমি কেটে পুকুর খনন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি খননের অভিযোগে ঘটনাস্থলে উক্ত অবৈধ কাজের সাথে জড়িত মো. নাহিদ ইসলাম নামে একজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক। (ক) ও (ঘ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।