শিবগঞ্জে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

শিবগঞ্জে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এলোপাতাড়ি কুপিয়ে দুরুল নামে ১ ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা। আলোচিত বিএনপি নেতা আলম ঝাপড়া হত্যা মামলার আসামি ছিলেন দুরুল হোদা। নিহত দুরুল হোদা (৪০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামের চাঁন মণ্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, ২৫ জুন রোববার রাতে শিবগঞ্জ উপজেলার টুনটুনিপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে দুরুলের ওপর হামলার ঘটনাটি ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়। দুরুলের বোন আয়েশা বেগম জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর নামক স্থানে পৌঁছালে রাত সাড়ে ৮ টার দিকে দুরুলের মৃত্যু হয়। নিহত দুরুলের শ্যালিকা মরিয়ম খাতুন জানান, একটি হত্যা মামলায় সম্প্রতি আদালত থেকে জামিন পান দুরুল। এরপর নিরাপত্তার অভাবে নিজ বাড়িতে না উঠে শ্বশুর আনারুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। সেখানে গিয়ে দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে মৃত ভেবে তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। এই হত্যার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপির সভাপতি আলম হোসেন ঝাপড়া। এ সময় দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে গতিরোধ করে তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বাবুল আলী শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় এজাহার নামীয় ১২ নম্বর আসামি ছিলেন নিহত দুরুল হোদা।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, দুরুল হোদা একটি হত্যা মামলার আসামী, তিনি জামিনে ছিলেন। সন্ত্রাসীরা কুপিয়ে পালিয়ে গেছে। নিহত দুরুলের লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *