শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য আটক

পিক-আপ ও মালামাল উদ্ধার

শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে চাঁদপুর থেকে প্রতারক চক্রের ২ জন সদস্য কে আটক করা হয়েছে। এ সময় একটি পিক-আপ ও ৪ হাজার ৮৪০ কেজি আমসত্ব উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হচ্ছে, চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ইছাপুর গ্রামের মোশারফ হোসেনের ২ ছেলে কামরুজ্জামান ওরফে কেনু (৩২) ও জাহেদ আহাম্মদ (২১)। জানা গেছে, শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার “মেসার্স আরিফা ট্রেডার্স” এর স্বত্তাধিকারী আরিফুল ইসলাম গত আগস্ট ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ভাড়াকৃত একটি ট্রাকের অজ্ঞাতনামা ড্রাইভার ও হেলপার এর নিকট ১১৬ টি বস্তায় ৬ হাজার ১০০ কেজি আমসত্ব কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় পৌঁছে দেবার জন্য চালান মোতাবেক বুঝিয়ে দেয়। পরের দিন সন্ধ্যা পর্যন্ত আমসত্ব ভর্তি ট্রাকটি গন্তব্যে না পৌঁছালে আমসত্বের মালিক বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এ বিষয়ে আরিফুল শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা হয়। মামলা হবার পর জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকারের সার্বিক তত্ত্ববধানে শিবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল দ্রুততম সময়ের মধ্যে সংঘবদ্ধ প্রতারক চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট চাঁদপুর জেলার শাহরাস্তি থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আপন দুই ভাই কেনু ও জাহিদ কে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক নিয়ে ঘুরে ঘুরে শিকারের অপেক্ষায় থাকে এবং কৌশলে বিভিন্ন রকম পণ্য গন্তব্যে পৌঁছে দেবার কথা বলে আত্মসাৎ করে থাকে। বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধূরী জোবায়ের আহাম্মদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *