নাটোরে আলোচিত শিশু মাতা ও সন্তানকে দেখতে র‌্যাব-৫ অধিনায়ক

নাটোরে আলোচিত শিশু মাতা ও সন্তানকে দেখতে র‌্যাব-৫ অধিনায়ক

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ১১ বছরের মা ও তার মেয়ে শিশুকে দেখতে যান র‌্যাব-৫ এর রাজশাহী অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার। এ সময় তিনি শিশু মা ও মেয়ে শিশুর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। রোববার দুপুর ১২টায় গুরুদাসপুর উপজেলার উত্তর নাড়িবাড়ি গ্রামে র‌্যাব নারী কল্যাণ সমিতির আয়োজনে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় নগদ ৫০ হাজার টাকা, ৫০ কেজি চাল, দুধসহ অন্যান্য খাদ্য সামগ্রী পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গত শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের মাধ্যমে ওই শিশুমা জন্ম দেয় একটি মেয়ে সন্তান। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আশিকুর রহমান, সহকারী কমান্ডার নুরুল হুদা প্রমুখ।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় বলেন, সরকারিরভাবে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই চতুর্থ শ্রেণির ছাত্রী মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগেও তাকে সহযোগিতা করা হয়েছে। সামনেও শিশুসহ তার মাকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, স্থানীয়ভাবে জানা যায়, পারিবারিক কলহের কারণে শিশুটির বাবা-মার সংসার ভেঙে যায়। পরবর্তীতে বাবা ও মা অন্যত্রে বিয়ে করে। তখন থেকেই শিশুটি তার চাচা-চাচির কাছে থাকতো। এলাকার এক দুঃসম্পর্কের দাদা অভিযুক্ত আসামি জাহিদুল খাঁ মাঝে মধ্যে শিশুটিকে নিয়ে তার ভ্যানে বেড়াতে যেতো। পরে ৭ মাস পর শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের মানুষ জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না শিশুটি। তবে পরীক্ষার পর প্রাথমিকভাবে গর্ভে সন্তান থাকার কথা জানতে পারে পরিবার। পরবর্তীতে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করার মাধ্যমে চিকিৎসক অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করেন। এরই প্রেক্ষিতে গত ১৮ জুন শিশুটির দাদি বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি জাহিদুল পলাতক ছিল। পরে র‌্যাব মামলাটি আমলে নিয়ে ২৫ আগস্ট শুক্রবার রাতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থান হেলেঞ্চা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ধর্ষণের অভিযুক্ত আসামি জাহিদুল খাঁ (৬০) উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবাড়ি গ্রামের কালু খাঁর ছেলে কে গ্রেফতার করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *