রাজধানীতে আলু-পেঁয়াজ-ডাল ও তেল অর্ধেক দামে

রাজধানীতে আলু-পেঁয়াজ-ডাল ও তেল অর্ধেক দামে

বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভেক্তাদের স্বস্তি দিতে টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ৪টি পণ্য ট্রাকসেলে বিক্রি করা হবে। সেগুলো হচ্ছে, আলু, পেয়াজ, মসুর ডাল, সয়াবিন তেল। এসব পণ্য বর্তমান বাজারমূল্যের চেয়ে প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে। সোমবার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, এই সেলে যে কেউ ২ কেজি করে মসুর ডাল, আলু ও পেঁয়াজ এবং ২ লিটার সয়াবিন তেল নিতে পারবেন। এক্ষেত্রে আলু প্রতি কেজি দাম পড়বে ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা। তবে এই মুহূর্তে চিনি দেয়া যাচ্ছে না। চিনি পাওয়া গেলে দেয়া হবে। তিনি জানিয়েছেন, যিনি আগে আসবেন তিনি আগে পাবেন, এই ভিত্তিতে এই ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হবে। আমদানি বাড়ার পরিপ্রেক্ষিতে এই ট্রাকসেলের পরিধি বাড়ানো হবে। ঘোষ বলেন, সরকার ভর্তুকি মূল্যে এসব পণ্য দিচ্ছে। প্রতিটি পণ্য অর্ধেক দামে দেয়া হয়। সারা দেশে জেলা প্রশাসকরা ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি কার্যকর করবে। বাণিজ্য সচিব আরও বলেন, টিসিবির কার্ডের মাধ্যমে ঢাকাতে ১৩ লাখ পরিবারকে ন্যায্য মূল্যে পণ্য দেয়া হচ্ছে। এর পাশাপাশি মঙ্গলবার থেকে ঢাকাতে ২৫ থেকে ৩০টি ট্রাকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হবে। এতে নতুন করে আরও ৯ হাজার পরিবার যোগ হবে। প্রতিটা ট্রাক থেকে ৩০০ জন এই পণ্যগুলো পাবে। শুক্র-শনিবার বাদে প্রতিদিন বিক্রি হবে এবং বিভিন্ন দিন বিভিন্ন স্থানে বিক্রি হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *