ভোলাহাটে সাংবাদিক রুবেলের বাড়িতে থানা পুলিশের অভিযান

ভোলাহাটে সাংবাদিক রুবেলের বাড়িতে থানা পুলিশের অভিযান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাংবাদিক রুবেল আহমেদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে এই অভিযান চালায় ভোলাহাট থানা পুলিশ। পুলিশের দাবী রুবেল নাশকতা মামলার একজন আসামী। আসামী ধরতেই পুলিশ অভিযান চালিয়েছে, কাউকে হয়রানী করার জন্য নয়। কোনো মামলা এবং ওয়ারেন্ট ছাড়াই একজন সচেতন নাগরিকের বাড়িতে অভিযান চালানোয় পরিবারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন- ‘দৈনিক ভোরের ডাক’ ও ডেইলি অবজারভার’ এবং স্থানীয় দৈনিক ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার ভোলাহাট উপজেলা প্রতিনিধি এবং সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ। সাংবাদিক রুবেল আহমেদ আরও অভিযোগ করেন, আমার কোনো মামলা নাই, কোনো ওয়ারেন্ট নাই, এমনকি কোনো অভিযোগ ছাড়াই পুলিশ বে-আইনিভাবে গভীররাতে অভিযানের নামে আমার পরিবারের সাথে দূর্ব্যবহার করেছে। এমনকি আমাকে না পেয়ে আমার বড় ভাইকে তুলে নিয়ে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমাকে যেখানে পাবে-সেখানেই গ্রেফতার করবে’ বলে আমার পরিবারের লোকজনকে হুমকি দিয়ে গেছে।
এবিষয়ে সদ্য যোগদানকৃত ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সুমন কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রুবেল একটি মামলার আসামী, তাকে গ্রেফতারের জন্যই পুলিশ তার বাসায় গিয়েছিলো। আগে কোন মামলার আসামী না থাকলেও গত ২৮ অক্টোবর ঢাকায় হওয়া নাশকতা মামলার আসামী রুবেল। তিনি বলেন, অহেতুক কাউকে হয়রানী করছে না পুলিশ। মামলার আসামী বলেই পুলিশ তাকে ধরতে অভিযান চালায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *