গুরুদাসপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ॥ একই পরিবারের ৪জনসহ ৫ জনের মৃত্যু

গুরুদাসপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ॥ একই পরিবারের ৪জনসহ ৫ জনের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪জনসহ ৫জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বেলপুকুর এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজনের এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো চারজনের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ডা. এমএ জলিল।
নিহতরা হলেন, গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের কান্তপুর গ্রামের ইনসাফ আলী (৭০), তার ছেলে লাবু মিয়া (৩৫), মেয়ে পারভিন বেগম (৩৩) ও নাতনি শারমিন (১৮) এবং মকিমপুর গ্রামের সিএনজি চালক মোখলেসুর রহমান (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে সিএনজিটি যাত্রী নিয়ে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা টিসিবির পণ্যবাহী একটি ট্রাক নাটোরে যাচ্ছিল। মহাসড়কের পুঠিয়া অংশের বেলপুকুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এদিকে, নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। চাপিলা ইউপি সদস্য আব্দুল হান্নানসহ স্থানীয়রা জানান, নিহত ইনসাফ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাকে কেমো-থেরাপি দেওয়ার জন্য রাজশাহী নেওয়ার পথে ওই দূর্ঘটনা ঘটে। বর্তমানে ওই পরিবারে ইনসাফের ছেলে-মেয়েদের মধ্যে আইয়ুব, সাইদ, শাহানারা ও আন্না বেঁচে রইলো। স্ত্রী সাহেরা বেগম অনেক আগেই মারা গেছেন। নিহত পারভিনের স্বামী হাসান আলী ছেলে পারভেজ (১২) ও মেয়ে জিম খাতুন (১৫) কে নিয়ে প্রলাপ বকছেন। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জামিলুর রহমান জানান, দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *