গোমস্তাপুরে অটোভ্যান উল্টে শিশু নিহত ॥ আহত ২

গোমস্তাপুরে অটোভ্যান উল্টে শিশু নিহত ॥ আহত ২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আরোও ২জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় গোমস্তাপুর ইউনিয়নের দোষিমনি কাঁঠাল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাব্বির (৯)। সে দোষিমনি কাঁঠাল গ্রামের বাসিন্দা তহরুল ইসলামের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মতিউর রহমানের শিশু কন্যা রিতা (৭) ও শাহিন আলীর কন্যা সাহিদা (১১)। পুলিশ জানায়, শনিবার বিকেলে নিহত সাব্বিরের ভাই হিমেল তাঁর চাচা মনিরুল ইসলামের ব্যাটারি চালিত অটোভ্যান নিয়ে ৬/৭ জনকে সঙ্গে নিয়ে খেলা করছিল। খেলা করার একপর্যায়ে অটোভ্যানটি রাস্তায় পড়ে উল্টে যায়। ওই সময় ভ্যানের নিচে পড়ে সাব্বির, রিতা ও সাহিদা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের তিনজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। এছাড়া শিশু রিতাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠিয়ে দেয়া হয় এবং আহত সাহিদাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে রবিবার সকালে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *