৫ সংগ্রামী নারীকে জয়িতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

৫ সংগ্রামী নারীকে জয়িতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় পর্যায়ে পাঁচ সংগ্রামী নারীকে জয়িতা পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা পদক, এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগ থেকে ময়মনসিংহ জেলার সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী আনার কলি, ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্ষেত্রে ওরাও সম্প্রদায়ের জয়িতা রাজশাহী বিভাগ থেকে রাজশাহী জেলার কল্যাণী মিনজি, ‘সফল জননী নারী’ ক্ষেত্রে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলী রবিদাশ সম্মাননা পেয়েছেন। এ ছাড়া ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী’ ক্যাটাগরিতে বরিশাল বিভাগের বরগুনা জেলার জাহানারা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী’ ক্ষেত্রে খুলনা জেলার পাখি দত্ত (হিজড়া) জয়িতা সম্মাননা পেয়েছেন। এবার আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য-‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। প্রধানমন্ত্রী বলেছেন, ‘বঙ্গবন্ধু বলতেন “মেয়েদের অর্থনৈতিক মুক্তিটাই সব থেকে বড়”। একটি মেয়ে যদি নিজে আয় করে, দশটি টাকাও যদি সে আয় করে সংসারে ফেরে তবে সেই সংসারে তার একটা অবস্থান থাকে, মতামত থাকে। অর্থাৎ নারীর অর্থনৈতিক সক্ষমতা সৃষ্টি করতে হবে। সে লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। শুক্রবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবসে’র আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিটি জায়গায় বাংলাদেশের মেয়েরা সাফল্য পাচ্ছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নারীদের জন্য প্লট বরাদ্দের ব্যবস্থা দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *