চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্ত্রী সুমি বেগমকে (২১) বালিশচাপায় শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. আলামিন (৩১)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৪ আসামিকে খালাস প্রদান করেন আদালত। সোমবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডিত আলামিন চাঁপাইনবাবগঞ্জ শহরের চাঁদলাই মহল্লার মৃত শুকুর উদ্দিনের ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ৩০ জুলাই সকাল ১০টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে চলমান দাম্পত্য কলহের জেরে আলামিন তাঁর স্ত্রী সুমি বেগমকে শারীরিক নির্যাতনের একপর্যায়ে বালিশচাপা দিয়ে হত্যা করে। এরপর ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে সুমির মুখে বিষ ঢেলে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তিনি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঘটনার পর সুমির বাবা মো. বদিউজ্জামান বাদী হয়ে ঘটনার দিন সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস.আই রশিদুল ইসলাম ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। ১২ জনের সাক্ষ্য, প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আসামি আলামিনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *